- এই মুহূর্তে বি। দে । শ
- মার্চ ১১, ২০২৫
বাংলাদেশে অবৈধ বসবাস, প্রতিবেশী তালিকায় ৩৩৯৯ ভারতীয়র নাম। প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু ঢাকার
বাংলাদের একটি সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, মেয়াদোত্তীর্ণ ভিসাসহ অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন ছয় হাজার ৯৭ জন বিদেশি নাগরিক। তাদের মধ্যে ৩৩৯৯ জন ভারতীয়। এছাড়াও অবৈধভাবে রয়েছে চিন, নেপাল, পাকিস্তান ও ফিলিপাইনের বাসিন্দারা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অবৈধ অভিবাসীদের চিহ্নিত করে, তাঁদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সে দেশের অভ্যন্তরে থাকা ৩৩৯৯ জন ভারতীয় নাগরিককে অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত করেছে। চলতি মাসের মধ্যে তারা স্বেচ্ছায় দেশে ফিরে না গেলে, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হতে পারে। এমনকি বল প্রয়োগ করে তাঁদের দেশে ফেরত পাঠানো হতে পারে, এমন হুঁশিয়ারিই দিয়েছে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে শুধু ভারতীয় নয়, অবৈধ অভিবাসীদের তালিকায় চিন, পাকিস্তান, নেপাল আর ফিলিপাইনের নাগরিকদের নামও রয়েছে। পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশে অবৈধভাবে কোনো বিদেশি নাগরিককে থাকতে দেওয়া হবে না। সরকারি নির্দেশনার আলোকে অভিযান অব্যাহত রয়েছে, যার ফলে উল্লেখযোগ্য সংখ্যক অবৈধ নাগরিক দেশত্যাগ করেছে, জরিমানা আদায় হয়েছে এবং বৈধকরণের হার বেড়েছে।
বাংলাদেশ সরকারের প্রকাশিত তথ্য অনুযায়ী, বর্তমানে ৬০৯৭ জন চিহ্নিত অবৈধ বিদেশি নাগরিক সে দেশে বাস করছেন। অনেকের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ভারতীয় ৩,৩৯৯জন, চিনা ১০৯৯, নেপালি ৩৭৬, পাকিস্তানি ১৪০ এবং ফিলিপিনো ১৩১ জন। তিন মাস আগে বাংলাদেশ সরকার এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল যে, বেআইনি অভিবাসীদের ৩১ মার্চের মধ্যে দেশ ছাড়তে হবে। সময়সীমার মধ্যে বৈধতা না নিলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনার হুঁশিয়ারি দেওয়া হয়। তখন অবৈধ বিদেশি নাগরিকের সংখ্যা ছিল ৪৯,২৬৫। ইউনূস সরকারের অভিযান ও নানা পদক্ষেপের ফলে এই সংখ্যা ৪৩,১৬৮ জন কমানো গেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ১৮ নভেম্বর ২০২৩ থেকে ৬ মার্চ ২০২৪-এর মধ্যে অধিকাংশ অবৈধ বিদেশি বাংলাদেশ ছেড়েছে। এই সময়ের মধ্যে সরকারের পক্ষ থেকে তাদের কাছ থেকে ৪০ কোটি ২৭ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বাকিদেরও দ্রুত নিজেদের দেশে ফেরাতে চায় ঢাকা।
বাংলাদেশে ৩৩ ধরনের ভিসা দেওয়া হয়। যার মধ্যে কর্মসংস্থান, ব্যবসা, বিনিয়োগ ও পর্যটন ভিসাঅন্যতম। তবে অনেক বিদেশি ভিসার মেয়াদ শেষ হলেও সে দেশে রয়ে গেছেন বলে অভিযোগ। ভিসার ধরন পরিবর্তন করলেও তথ্য আপডেট করেন নি। পর্যটন বা ব্যবসায়িক ভিসায় এসে পরে স্টুডেন্ট ভিসায় রূপান্তর করেছেন, কিন্তু তা ইমিগ্রেশন সিস্টেমে নথিভুক্ত হয় নি। বিশেষ করে ৫ আগস্টের পর ভারতীয় অনেক নাগরিক স্থলবন্দর দিয়ে অবৈধভাবে বাংলাদেশ ত্যাগ করেন। বাংলাদেশে অবৈধ বিদেশি নাগরিকদের বিরুদ্ধে ‘ফরেনার্স অ্যাক্ট, ১৯৬৪’ অনুসারে মামলা করার ক্ষমতা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত মহাপরিদর্শকের রয়েছে। অনেক অবৈধ বিদেশি প্রতারণা, জালিয়াতি, মাদক পাচার, অবৈধ ভিওআইপি ব্যবসা, স্বর্ণ চোরাচালান ও ক্যাসিনোর মতো অপরাধের অভিযোগ রয়েছে। অবৈধ উপায়ে সে দেশ থেকে অর্থ পাচার করছেন বলেও ধারণা করা হয়। আগে ভিসার মেয়াদ শেষ হলে প্রতিদিন ২০০ টাকা আর মাসিক ১০,০০০ টাকা জরিমানা করা হতো। ২০২৩-এর ডিসেম্বরে হাসিনা সরকারের আমলে নতুন নিয়ম চালু করা হয়। যাতে জরিমানার পরিমাণ বাড়িয়ে প্রথম ১৫ দিনের ক্ষেত্রে প্রতিদিন ১,০০০ টাকা, ১৫-৯০ দিন পর্যন্ত প্রতিদিন ২,০০০ টাকা ৯১ দিন পর প্রতিদিন ৩,০০০ টাকা করে ধার্য করা হয়। বাংলাদেশে বর্তমানে বৈধভাবে ৮৩,৬৮৬ জন বিদেশি নাগরিকবসবাস করছেন। যাঁদের মধ্যে যুক্তরাষ্ট্রের ১৬,৮৬৬ জন, ভারতের ১৪,২৭৭ জন, যুক্তরাজ্যের ১০,৫৮২ জন, চিনের ৮,০৬৪ জন ও কানাডার ৬,০৯৩ জন রয়েছেন। এছাড়াও বিভিন্ন দেশের আরো অনেক নাগরিক বৈধভাবে বসবাস করছেন।
প্রসঙ্গত, গত বছর নভেম্বরে বাংলাদেশ হাই কোর্ট এক মামলায় নির্দেশ দেয় যে, দেশে অবস্থানরত অবৈধ অভিবাসীদের চিহ্নিত করে তাদের ফেরত পাঠাতে হবে। সেই নির্দেশের পর থেকেই বাংলাদেশ সরকার এই বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করে। ঢাকা ও অন্যান্য জেলাকে বিভক্ত করে একাধিক টিম গঠন করা হয়, যারা সরাসরি বিদেশিদের বাড়িতে গিয়ে তথ্য যাচাই করে। বর্তমানে, বাংলাদেশ সরকার জানিয়ে দিয়েছে, অবৈধভাবে অবস্থান করা ভারতীয় নাগরিকরা দ্রুত দেশে ফিরে না গেলে, তাদের জোরপূর্বক ফেরত পাঠানোর জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে অনেক অবৈধ বিদেশি নাগরিক এখন আয়কর ব্যবস্থার আওতায় পড়ে গেছেন।
❤ Support Us








