Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • জানুয়ারি ২৭, ২০২৫

বেঙ্গালুরুতে বাংলাদেশি মহিলার ওপর যৌন অত্যাচার, ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

আরম্ভ ওয়েব ডেস্ক
বেঙ্গালুরুতে বাংলাদেশি মহিলার ওপর যৌন অত্যাচার, ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

ভারতের বেঙ্গালুরুতে সম্প্রতি উদ্ধার হয়েছে এক বাংলাদেশি মহিলার মৃতদেহ। ২৮ বছর বয়সী ওই মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এর প্রতিবাদে রাস্তায় নামলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও সমর্থকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশের ডাক দেওয়া হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
২৪ জানুয়ারি কর্ণাটকের রামমূর্তির কালকেরে লেকের কাছ থেকে বাংলাদেশি এক মহিলার দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তের পর জানা যায়, ওই মহিলাকে ধর্ষণ করে হত্যা হত্যা করা হয়েছিল। পুলিশ জানিয়েছে, একটা অ্যাপার্টমেন্টে পরিচারিকার কাজ করতেন ওই মহিলা। ২৪ জানুয়ারি সকালে স্থানীয়রা নির্জন এলাকায় তাঁর মৃতদেহ দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেয়। পুলিশ এসে মৃতদেহ থানায় নিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য থানায় পাঠায়। নির্যাতিতা বেঙ্গালুরু পুরসভার এক সাফাই কর্মীর স্ত্রী ছিলেন। স্বামী ও তিন সন্তানের সঙ্গে তিনি শহরেই থাকতেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশে ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’‌,‘দালালি না আজাদী, আজাদী আজাদী’, ‘ভারতীয় আগ্রাসন, রুখে দাও জনগণ’‌সহ নানারকম স্লোগান দিতে থাকেন। নেতাদের দাবি, বাংলাদেশের জুলাই অভ্যুত্থানকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে দেখাতে চাইছে ভারত। বাংলাদেশের মানুষকে নিয়ে ভারতে ঘৃণার সৃষ্টি করছে। বেঙ্গালুরুতে বাংলাদেশি মহিলার হত্যাকাণ্ড তারই ফল।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তারিকুল ইসলাম বলেন, ‘‌ভারতের হাতে বাংলাদেশিদের খুন কোনও নতুন ঘটনা নয়। বাংলাদেশের মানুষকে ভারত দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে করে। গত ৫৪ বছরে ভারতের আধিপত্যের কারণে যত খুন হয়েছে তার সবগুলোর বিচার নিশ্চিত করতে হবে।’‌ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলাম বলেন, ‘‌বাংলাদেশের ১৮ কোটি মানুষ এই হত্যাকাণ্ডের বিচার চায়। আওয়ামী লীগ সরকার আমাদের স্বাধীনতা ভারতের কাছে বিক্রি করে দিয়েছিল। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, এই হত্যাকাণ্ডের বিচারে পদক্ষেপ না করলে জনগণ সেটা মেনে নেবে না।’‌
শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়েই নয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশে সামিল হন। রবিবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় চত্বরে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা ‘দিল্লি না ঢাকা’, ‘ভারতীয় আগ্রাসন, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ স্লোগান দেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, ‘‌বেঙ্গালুরুতে বাংলাদেশি নারীকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগের পতনের পর বাংলাদেশের বিরুদ্ধে ভারত প্রোপাগান্ডা ছড়াচ্ছে। তারা সব সময় বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করতে চায়। বাংলাদেশ স্বাধীন দেশ। এই দেশ নিয়ে চক্রান্ত কোনও ভাবে সহ্য করা যায় না। আমাদের বোনকে হত্যা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু বিচার কামনা করছি।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!