- প্রচ্ছদ রচনা মা | ঠে-ম | য় | দা | নে
- অক্টোবর ২৭, ২০২২
রোহতিতদের সঙ্গে হরমনপ্রীতদের বেতন বৈষম্য ঘুচিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড
পুরুষ ক্রিকেটারদের মতো দেশের হয়ে জান লড়িয়ে দেয় মহিলা ক্রিকেটাররাও। অথচ তাঁরা আগে কখনও প্রাপ্য সম্মান পায়নি। অবশেষে দুর্দান্ত পদক্ষেপ গ্রহন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। পুরুষ ও মহিলাদের মধ্যে বৈষম্য ঘুচিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ মহিলা ক্রিকেটাররা পুরুষ ক্রিকেটারদের মতোই সমান ম্যাচ ফি পাবেন। আজ বোর্ড সচিব জয় শাহ টুইটারে এই কথা জানিয়েছেন।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ বৃহস্পতিবার টুইটারে লিখেছেন, ‘বিসিসিআই–এর বৈষম্য দূরীকরণের প্রথম পদক্ষেপ ঘোষণা করতে পেরে আমি গর্বিত। আমরা বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ পুরুষ ও মহিলা ক্রিকেটারদের বেতন কাঠামোয় সমতা নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি। ভারতীয় ক্রিকেটে লিঙ্গ বৈষম্য ঘুচে যাচ্ছে। এবার থেকে পুরুষ ও মহিলা ক্রিকেটাররা সমান ম্যাচ ফি পাবেন। এর মাধ্যমে আমরা এক নতুন যুগে প্রবেশ করতে চলেছি।’ জয় শাহও লিখেছেন, ‘ভারতের পুরুষ ও মহিলা দলের ক্রিকেটাররা টেস্টে ১৫ লক্ষ টাকা, একদিনের আন্তর্জাতিকে ৬ লক্ষ টাকা ও টি ২০ আন্তর্জাতিকে ৩ লক্ষ টাকা করে ম্যাচ ফি পাবেন। ভারতের পুরুষ ও মহিলা ক্রিকেটাররা। এই সিদ্ধান্তকে সমর্থনের জন্য বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলকে ধন্যবাদ।’
ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তকে স্বাগত জানিযেছেন প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা। ভারতের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ টুইটারে লিখেছেন, ‘দেশের মহিলা ক্রিকেটের ক্ষেত্রে এটি ঐতিহাসিক সিদ্ধান্ত। সমান ম্যাচ ফি দেওয়ার নীতির সঙ্গে আগামী বছর থেকে মহিলা আইপিএল শুরু হওয়ার মাধ্যমে দেশের মহিলা ক্রিকেট এক নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছে।’ ভারতীয় বোর্ড সচিব জয় শাহ ছাড়াও অন্য কর্তাদের ধন্যবাদ জানিয়েছেন মিতালি রাজ।
❤ Support Us








