- ক | বি | তা রোব-e-বর্ণ
- জানুয়ারি ২২, ২০২৩
গুচ্ছ কবিতা
চিত্র: অঞ্জন ভট্টাচার্য
স্টে শ ন
যাত্রীহীন শুনশান স্টেশনে
পাতা পড়বার শব্দ শোনা যায়
যতক্ষণ না ট্রেন আসে
যাত্রী নিয়ে, মফস্বল নিয়ে,
তারপর চলে যায়, এই স্টেশনের
দিগন্তের কাছে ঋণ নেই।
কাঁসার থালার মতো ঝকঝকে আকাশ,
তার দিকে চলে গেছে
দুইখানি অভীপ্সার রেখা পাশাপাশি
শানিত ইস্পাত প্রতিশ্রুতিময়।
পাতা পড়ে ঢেকে যায় সমস্ত চৌকাঠ
যতক্ষণ না ট্রেন আসে
পাতার প্রহারে এলোমেলো করে দিয়ে
স্টেশনের স্থবির সময়।
স ম্ভ ব
মুহূর্তেই এতটা সম্ভব?
নীচু হয়ে আসা মেঘ সরে গেল,
রোদে ডুবে ভেসে গেল সব।
লেপ্টে যাওয়া চোখের কাজল
ছাপিয়ে হাসির দ্যুতি
মুছে দিল আসন্ন বাদল।
সম্ভবের সীমা চিরে ফেলে
সবুজ পাতার সম্ভাবনা
দেখা দিল মাটির হেঁসেলে।
কখনও ভেবেছ তুমি এতোটা সম্ভব?
অকারণে বুকের কলস সুখে ভরে
গব্ গব্ গব্ গব্।
কা লো ম হি ষ
হুমড়ি খেয়ে এসে পড়া এই জীবনে
চাঁদ উঠেছে,
তার বাঁকানো শিঙের কোণে
সন্ধ্যা-তারা।
সারা জীবন কালো মহিষ,
তার ক্ষমাহীন ক্ষুরের ধ্বনি,
উপুড় করা ধানের শীষে
রৌদ্র এসে দাঁড়ায় ক্ষণিক
বাক্য-হারা।
একটি জীবন
আকাশ-ভরা কালো মেঘে রোদের কিরণ।
কিসের তাড়া, কালো মহিষ, কিসের তাড়া?
আসবি যখন
তোর বাঁকানো শিঙের কোণে
সন্ধ্যা-তারা।
♣♦♣ ♣♦♣ ♣♦♣ ♣♦♣
❤ Support Us








