- মা | ঠে-ম | য় | দা | নে
- মার্চ ৮, ২০২৫
বড়ো ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্সের, আইপিএলে অনিশ্চিত বুমরা
তাঁর সুস্থতার দিকে তাকিয়ে ছিল ভারতীয় দল। পুরো ফিট না হওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারেননি। আইপিএলের শুরু থেকেও কি মাঠে নামতে পারবেন যশপ্রীত বুমরা ? আগামী ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে ভারতীয় ক্রিকেটের মেগা ইভেন্ট। শুরু থেকে বুমরার খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। অর্থাৎ আইপিএলের শুরুর দিকে জোর ধাক্কা খেতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স।
চোট সারিয়ে রিহ্যাব শুরু করেছেন যশপ্রীত বুমরা। এই মুহূর্তে তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে রয়েছেন। নেটে বোলিং শুরু করলেও ম্যাচে বল করার জায়গায় আসতে এখনও বেশ কিছুদিন সময় লাগবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের ফিজিওরা বুমরাকে নিয়ে আরও কিছুদিন অপেক্ষা করতে চান। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। যা পরিস্থিতি এপ্রিলের আগে মাঠে ফেরা অসম্ভব বুমরার পক্ষে। ফলে আইপিএলের প্রথম দিকের কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না তিনি।
ভারতীয় ক্রিকেট বোর্ডের একটা সূত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছে, ‘বুমরাহর মেডিক্যাল রিপোর্টে কোনও সমস্যা নেই। বেঙ্গালুরুতে সেন্টার অফ এক্সেলেন্সে বুমরাহ বোলিং করা শুরু করেছেন। কিন্তু পরিস্থিতি যা তাতে আইপিএলের প্রথম দিকের কয়েকটি ম্যাচে হয়তো বুমরার পক্ষে খেলা সম্ভব হবে না। এখন পর্যন্ত যা পরিস্থিতি, তাতে সর্বোচ্চ পর্য়ায়ের প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে বুমরার এপ্রিলের প্রথম সপ্তাহ লেগে যেতে পারে।’
দীর্ঘদিন ধরে পিঠের চোট সমস্যায় ভুগছিলেন বুমরা। অস্ত্রোপচার করে মাঠে ফিরেছিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে সিডনিতে শেষ ম্যাচে আবার চোট পান। তারপর থেকেই রিহ্যাবে রয়েছেন। তাঁকে শর্তসাপেক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দলেও রাখা হয়েছিল। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর কয়েক দিন আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন না।
❤ Support Us








