- এই মুহূর্তে দে । শ
- মার্চ ১১, ২০২৫
আন্দোলনরত ছাত্রীদের ওপর পুলিশের নির্যাতন নিয়ে আইজির কাছে রিপোর্ট তলব হাইকোর্টের
যাদবপুরের ঘটনাকে কেন্দ্র করে ধর্মঘটের ডাক দিয়েছিল বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই। হরতাল সর্মথন করে পথে নেমেছিল পড়ুয়ারা। মেদিনীপুর কলেজের সামনে থেকে বিক্ষোভরত ছাত্রীদের থানায় নিয়ে অত্যাচারের অভিযোগ ওঠে ওসির বিরুদ্ধে। এফআইআর দায়ের করে পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়ে হাইকোর্টের দারস্থ হয়েছিলেন পড়ুয়ারা। সে ঘটনায় স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ অ্যাকাডেমির ডিরেক্টর তথা রাজ্য পুলিশের আইজি মুরলিধর শর্মার কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। গত ৩ মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রতিবাদে এসএফআইয়ের ধর্মঘট সমর্থন করে মেদিনীপুর কলেজের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাচ্ছিলেন পড়ুয়ারা। অভিযোগ, সেই সময় পুলিশ এসে চার ছাত্রীকে আটক করে এবং থানায় নিয়ে গিয়ে নির্মমভাবে মারধর করে। পুলিশের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্ট তদন্তের নির্দেশ দিয়েছে। মামলাকারী ছাত্রদের অভিযোগ, বামপন্থী ছাত্র সংগঠন এআইডিএসওর কর্মী-সমর্থক ৪ ছাত্রীকে থানার লকআপে নিয়ে গিয়ে অমানবিক নির্যাতন চালানো হয়। অভিযোগ অনুযায়ী, গলানো মোম গায়ে ফেলা, বেল্ট দিয়ে আঘাত করা সহ লাথি মেরে শারীরিক নির্যাতন চালানো হয়।
যদিও পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। তাঁর দাবি, ‘এ ধরনের ঘটনার কোনো অবকাশ নেই। ওই রাতেই আটক ছাত্রদের তাঁদের পরিবার ও আইনজীবীদের হাতে তুলে দেওয়া হয়েছিল।’ তবে নির্যাতনের শিকার ছাত্রীরা আদালতের দ্বারস্থ হলে বিষয়টি আরও গুরুত্ব পায়। এই ঘটনায় সুচরিতা দাস, সুশ্রীতা সোরেন-সহ আক্রান্ত ছাত্রীরা কলকাতা হাইকোর্টে মামলা করেন, পুলিশের বিরুদ্ধে তদন্তের দাবি জানান। বিষয়টির গুরুত্ব বুঝে হাইকোর্ট অবিলম্বে পদক্ষেপ নেয়। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ রাজ্যের আইজি মুরলিধর শর্মাকে আগামী ২৫ মার্চের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
পড়ুয়াদের পক্ষের আইনজীবীরা দাবি করেছেন, তাঁদের কাছে নির্যাতনের ভিডিও ফুটেজের প্রমাণ রয়েছে। অভিযোগ, থানায় আটকের সময় এক পুলিশকর্মী হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘তোদের সবাইকে মেরে পুঁতে দেব।’ অবিলম্বে এফআইআর দায়ের করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আবেদন করেন। রাজ্যের অ্যাটর্নি জেনারেল কিশোর দত্ত বলেন, ‘যখন তরুণী থানায় আসেন, তাঁর সঙ্গে একাধিক আইনজীবী ছিলেন। সিসিটিভি ফুটেজ আছে। তাঁকে দুপুরের খাবার দেওয়া হয়, থানার হেফাজতে তিনি ঘুমোন। বিকালে কোনও একটা সংগঠনের সঙ্গে চ্যাট করতে থাকেন। মিথ্যা অভিযোগ করে পুলিশের নীতি আদর্শকে ভাঙার চেষ্টা করা হচ্ছে।’ দুপক্ষের কথা শোনার পর, বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দেন, ‘প্রথমে বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন। কোনো ওসির বিরুদ্ধে অভিযোগ করা যেতেই পারে, কিন্তু প্রাথমিক তদন্ত ছাড়া এফআইআর দায়ের করলে রাজ্যের সব ওসি সমস্যায় পড়বেন।’ তাই তিনি প্রথমে তদন্তের নির্দেশ দেন। রিপোর্টের ভিত্তিতে এফআইআর দায়েরের বিষয়টি পর্যালোচনা করা হবে বলে জানান। বিচারপতি বলেন, পুলিশের হাতে থাকা সমস্ত সিসিটিভি ফুটেজ ও ডিজিটাল প্রমাণ পরীক্ষা করে রিপোর্ট জমা দিতে হবে। নির্যাতিত ছাত্রদেরও মেডিকেল রিপোর্ট আদালত ও হিউম্যান রাইটস কমিশনকে জমা দিতে হবে। সংশ্লিষ্ট থানার ওসিকে ৯ এপ্রিলের মধ্যে হলফনামা দিয়ে তাঁর বক্তব্য জানাতে হবে। আগামী ২৬ মার্চ এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে।
এই মামলার শুনানি ও তদন্তের উপর নির্ভর করছে, পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ কতটা সত্য, অভিযুক্তদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে। ২৫ মার্চ তদন্ত রিপোর্ট জমা দেওয়ার পর আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবে। একইসঙ্গে, পুলিশের বিরুদ্ধে এফআইআর দায়ের হবে কি না, তা নির্ভর করবে তদন্তের ফলাফলের উপর। এই ঘটনা আবারও পুলিশের ভূমিকা ও ছাত্র আন্দোলনের দমন-পীড়নের বিষয়ে রাজ্য রাজনীতিতে বিতর্ক উসকে দিয়েছে। বিভিন্ন মানবাধিকার সংগঠন ও রাজনৈতিক দল ইতিমধ্যেই এই ঘটনার বিরুদ্ধে সরব হয়েছে।
❤ Support Us








