Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • নভেম্বর ১২, ২০২৬

আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ বিল পাশের উদ্যোগ, দুই-তৃতীয়াংশ সমর্থন নিশ্চিত করতে বিশেষ অধিবেশন ডাকতে চলেছে কেন্দ্র !

আরম্ভ ওয়েব ডেস্ক
আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ বিল পাশের উদ্যোগ, দুই-তৃতীয়াংশ সমর্থন নিশ্চিত করতে বিশেষ অধিবেশন ডাকতে চলেছে কেন্দ্র !

আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল সংসদে পাশ করাতে ফের বিশেষ অধিবেশন ডাকার পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, দীর্ঘ প্রায় ছয় মাসের প্রচেষ্টার পর এই বিল পাশ করানোর জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার সমর্থন জোগাড় করতে পেরেছে সরকার। ফলে এবার বিলটি সংসদে পাশ করানোর বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী মোদি সরকার। সেই লক্ষ্যেই আগামী কয়েক দিনের মধ্যে সংসদের বিশেষ অধিবেশন ডাকা হতে পারে বলে জানা যাচ্ছে।

উল্লেখযোগ্য বিষয় হল, এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে শেষ ঘোষণা করা হয়নি সংসদের বাদল অধিবেশনের। ইতিমধ্যেই ৮৮ দিন পেরিয়ে গিয়েছে। ভারতের সংসদীয় ইতিহাসে এত দীর্ঘ সময় ধরে অধিবেশন চলার নজির নেই বলেই দাবি করা হচ্ছে। যদিও গত ১৩ আগস্ট লোকসভা ও রাজ্যসভা উভয় কক্ষই অনির্দিষ্টকালের জন্য মুলতবি করা হয়েছিল। সাধারণত, সংসদের অধিবেশন মুলতবি হওয়ার পর তিন থেকে চার দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে অধিবেশন সমাপ্তির বিজ্ঞপ্তি জারি করা হয়। কিন্তু এবার সেই প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি।

এই বিষয়টি নিয়েই শুরু থেকেই প্রশ্ন তুলেছে কংগ্রেস-সহ একাধিক বিরোধী দল। কেন এখনও বাদল অধিবেশনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হচ্ছে না, তা নিয়ে কেন্দ্রের কাছে বারবার জবাব চেয়েছে বিরোধীরা। কংগ্রেসের অভিযোগ ছিল, আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ সংক্রান্ত বিল পাশ করানোর উদ্দেশ্যেই সরকার ইচ্ছাকৃতভাবে বাদল অধিবেশন শেষ করছে না।

এবার সেই জল্পনাই বাস্তবের দিকে এগোচ্ছে বলে সূত্রের দাবি। প্রায় ছয় মাস ধরে বিভিন্ন স্তরে আলোচনা ও সমর্থন আদায়ের চেষ্টা চালানোর পর প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন নিশ্চিত হয়েছে বলে খবর। তাই আর দেরি না করে বিশেষ অধিবেশন ডেকে গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী বিলটি সংসদে পেশ ও পাশ করানোর উদ্যোগ নিতে পারে কেন্দ্র।

এখন নজর সংসদের পরবর্তী পদক্ষেপের দিকে। বিশেষ অধিবেশন কবে ডাকা হয় এবং আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ সংক্রান্ত বিল নিয়ে সরকার শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!