Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ২৭, ২০২৫

‌স্মরণীয় জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ইংল্যান্ডের বিদায় ঘন্টা বাজিয়ে দিল আফগানিস্তান

আরম্ভ ওয়েব ডেস্ক
‌স্মরণীয় জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ইংল্যান্ডের বিদায় ঘন্টা বাজিয়ে দিল আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ ইংল্যান্ডের কাছে ছিল মরণবাঁচনের। সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে গেলে জেতা ছাড়া রাস্তা ছিল না জস বাটলারদের কাছে। আফগানদেরও একই পরিস্থিতি। বরং এই ম্যাচকে বলা যেতে পারে বিশ্বের অন্যতম সেরা শক্তিধরের বিরুদ্ধে উঠে আসা এক দলের লড়াই। বাজিমাত আফগানিস্তানের। এক স্মরণীয় ম্যাচে ইংল্যান্ডকে ৮ রানে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের রাস্তা বাঁচিয়ে রাখল আফগানরা।
ম্যাচের শুরু থেকেই প্রতি মুহূর্তে চূড়ান্ত নাটক। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে নিঃসন্দেহে অন্যতম সেরা ম্যাচ। ইব্রাহিম জাদরানের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ রানের রেকর্ড, জো রুটের পাল্টা জবাব, ইংল্যান্ডের হাতে চলে যাওয়া ম্যাচ ছিনিয়ে নেওয়া, নাটকের পর নাটক। ম্যাচের অন্তিম ওভারে শেষ হাসিটা অবশ্য আফগানিস্তানের।
শুরুটা দেখে অবশ্য বোঝা যায়নি ম্যাচটা এই পর্যায়ে গড়াবে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৩৭ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়েছিল আফগানিস্তান। সেখান থেকে আফগানদের নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ানো। প্রথমে অধিনায়ক হাসমাতুল্লাহ শাহিদিকে (‌৬৭ বলে ৪০)‌ নিয়ে ১০৩ রানের জুটি ইব্রাহিম জাদরানের। আজমাতুল্লাহও (‌৩১ বলে ৪১)‌ ভাল সঙ্গ দেন জাদরানকে। মহম্মদ নবির (২৪ বলে ৪০)‌ সঙ্গে জাদরানের ১১১ রানের জুটি আফগানিস্তানকে ৩০০ রানের গণ্ডি পার করে দেয়। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩২৫ রান তোলে আফগানিস্তান। দুরন্ত ব্যাটিং করে জীবনের সর্বোচ্চ রান করার পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ রানের রেকর্ডও গড়েন ইব্রাহিম জাদরান। ১৪৬ বলে ১৭৭ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে শেষ ওভারে তিনি আউট হন। মারেন ১২টি ৪ ও ৬টি ৬।
জয়ের জন্য ৩২৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ১৩৩ রানের মধ্যে ফিল সল্ট (‌১৩ বলে ১২)‌, জেমি স্মিথ (‌৪৫ বলে ৩৮)‌, বেন ডাকেট (‌৪৫ বলে ৩৮)‌ ও হ্যারি ব্রুককে (‌২১ বলে ২৫)‌ হারায় ইংল্যান্ড। জস বাটলার ও জো রুটের জুটি ম্যাচটা প্রায় ইংল্যান্ডের দিকে নিয়ে আসে। ৪২ বলে ৩৮ রান করে আউট হন বাটলার। ১১১ বলে ১২০ রান করে আজমতুল্লাহর বলে রুট আউট হওয়ার পরই ম্যাচে ফিরে আসে আফগানিস্তান। যদিও জেমি ওভারটন (২৮ বলে ৩২ রান) ও জোফ্রা আর্চার (৮ বলে ১৪) দলকে প্রায় জয়ের কাছাকাছি পৌঁছে দিয়েছিলেন। এই দুজন আউট হওয়ার পর আশা শেষ হয়ে যায়। শেষ ওভারে জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ছিল ১৩ রান। হাতে ছিল মাত্র একটা উইকেট। আদিল রশিদ (‌৫)‌ ও মার্ক উড (‌অপরাজিত ২)‌ পারেননি ইংল্যান্ডকে এক জয় এনে দিতে। ইংল্যান্ড ৪৯.৫ ওভারে ৩১৭ রানে গুটিয়ে যায়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!