- এই মুহূর্তে দে । শ
- মার্চ ১২, ২০২৫
চিন নয়, মুক্ত দুনিয়ায় জন্মাবে তাঁর উত্তরসূরী । ইঙ্গিতপূর্ণ বার্তা দলাই লামার । প্রতিক্রিয়ায় বেইজিং
গত এক দশক ধরে পঞ্চদশ দালাই লামার উত্তরসূরি কে হবেন–এ নিয়ে বিশ্ব রাজনীতি ও ধর্মীয় স্তরে চলছে তুমুল আলোচনা। বিশেষ করে চিন এ বিষয়ে গভীর নজর রাখছে, কারণ তারা চাইছে দালাই লামার আসনে তাদের অনুগত কাউকে বসাতে। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিজেই উত্তরসূরি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন ১৪তম দালাই লামা, তেনজিন গিয়াতসো। তিনি জানালেন, তাঁর পুনর্জন্ম চিনের বাইরে, ‘মুক্ত দুনিয়ায়’ হবে। এই ভবিষ্যদ্বাণী তিনি করেছেন তার নতুন বই ‘ভয়েস ফর দ্য ভয়েসলেস’-এ। বইয়ে তিনি উল্লেখ করেছেন যে, সারা বিশ্বের তিব্বতীরা চান দালাই লামার ধারাবাহিকতা তার মৃত্যুর পরও বজায় থাকুক। যদিও তিনি আগে বলেছিলেন, হয়তো তার পর দালাই লামার এই ধারাবাহিকতা শেষ হয়ে যেতে পারে। এর আগে তিনি বলেছিলেন, তিনি তিব্বতের বাইরে জন্মগ্রহণ করতে পারেন, সম্ভবত ভারতে, যেখানে তিনি নির্বাসিত জীবনযাপন করছেন। বইয়ে তিনি লিখেছেন, ‘পুনর্জন্মের উদ্দেশ্য হলো পূর্বসূরির কাজ চালিয়ে যাওয়া। তাই নতুন দালাই লামা জন্ম নেবেন মুক্ত বিশ্বে, যাতে দালাই লামার ঐতিহ্যবাহী লক্ষ্য— বিশ্বজনীন করুণার কণ্ঠস্বর হওয়া, তিব্বতি বৌদ্ধ ধর্মের আধ্যাত্মিক নেতা হিসেবে থাকা আর তিব্বতি জনগণের আকাঙ্ক্ষার প্রতীক হয়ে থাকা–অব্যাহত থাকে।’
দালাই লামার এই বক্তব্য চিনের সঙ্গে তিব্বতের দীর্ঘদিনের বিরোধকে আরও তীব্র করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ, বেইজিং বহুবার বলেছে, পরবর্তী দালাই লামা নির্বাচনের অধিকার শুধু তাদেরই রয়েছে। কিন্তু দালাই লামা সাফ জানিয়ে দিয়েছেন, চিনের মনোনীত কোনো উত্তরসূরিকে তিনি স্বীকৃতি দেবেন না। ১৯৫৯ সালে মাও সে-তুং–এর চিনা শাসনের বিরুদ্ধে ব্যর্থ বিদ্রোহের পর ২৩ বছর বয়সে দালাই লামা ভারতে পালিয়ে আসেন, বর্তমানে এখানেই নির্বাসিত জীবনযাপন করছেন। তাঁর নেতৃত্বেই বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তিব্বতিরা তিব্বতের স্বাধীনতা ও স্বায়ত্তশাসনের দাবি জোরালোভাবে উত্থাপন করে আসছেন। চিন সরকার ১৯৮৯ সালে নোবেল শান্তি পুরস্কার পাওয়া দালাই লামাকে ‘বিচ্ছিন্নতাবাদী’ হিসেবে আখ্যায়িত করে আসছে। সোমবার সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ‘দালাই লামা একজন রাজনৈতিক নির্বাসিত ব্যক্তি, যিনি ধর্মের আড়ালে চিনের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ চালাচ্ছেন। তিব্বত বিষয়ে চিনের অবস্থান সব সময় পরিষ্কার। দালাই লামার বক্তব্য তিব্বতের উন্নতি ও সমৃদ্ধির বাস্তবতা পরিবর্তন করতে পারবে না।’ উল্লেখযোগ্যভাবে, গত মাসেই চিন বলেছিল, তাঁরা আশা করছে দালাই লামা ‘সঠিক পথে ফিরে আসবেন’। বেইজিংয়ের বার্তা ছিল, যদি তিনি তিব্বত আর তাইওয়ানকে চিনের অবিচ্ছেদ্য অংশ হিসাবে স্বীকার করেন, তাহলে তার সঙ্গে ভবিষ্যতে আলোচনার পথ খোলা থাকবে। তবে তিব্বতের নির্বাসিত সন্নাসী আর দালাই লামার অসংখ্য অনুসারীরা চিনের এই দাবি প্রত্যাখ্যান করেছেন।
তিব্বতি বৌদ্ধ ধর্মের ঐতিহ্য অনুসারে, শীর্ষ স্থানে থাকা সন্ন্যাসীর মৃত্যুর পর তার আত্মা নতুন এক শিশুর মধ্যে পুনর্জন্ম লাভ করে। বর্তমান দালাই লামাকে মাত্র দুই বছর বয়সে তার পূর্বসূরির পুনর্জন্ম হিসেবে চিহ্নিত করা হয়েছিল। নিজের বইতে দালাই লামা উল্লেখ করেছেন যে, গত এক দশকেরও বেশি সময় ধরে তিব্বত এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের শীর্ষস্থানীয় ভিক্ষু ও সাধারণ তিব্বতিরা তাঁকে অনুরোধ করেছেন দালাই লামার ধারাবাহিকতা বজায় রাখতে। বইয়ে তিনি এও উল্লেখ করেছেন, ‘আমার জন্মভূমি এখনো দমনকারী চিনা কমিউনিস্ট শাসনের কবলে। তাই আমার মৃত্যুর পরও তিব্বতের স্বাধীনতার লড়াই অব্যাহত থাকবে।’ এই ঘোষণার ফলে দালাই লামার উত্তরসূরি নির্বাচনের প্রশ্নে চিনা ও তিব্বতি সম্প্রদায়ের মধ্যে নতুন উত্তেজনার আশঙ্কা দেখা দিয়েছে। ‘ভয়েস ফর দ্য ভয়েসলেস’ বইটি ১২ মার্চ যুক্তরাষ্ট্রে উইলিয়াম মোরো পাবলিশিং হাউস ও যুক্তরাজ্যে হার্পারননফিকশন প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে। ভারতসহ অন্যান্য দেশে এটি হার্পারকলিন্স প্রকাশ করবে।
❤ Support Us








