- দে । শ প্রচ্ছদ রচনা
- জানুয়ারি ৮, ২০২৫
‘বাংলায় কাজের অসুবিধা নেই। বাইরে পড়তে হলে পড়ো, পড়ে চলে এসো।’ ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বার্তা মুখ্যমন্ত্রীর
বুধবার ধনধান্য স্টেডিয়ামে ‘ছাত্রসপ্তাহ’ উদযাপন অনুষ্ঠানে হালকা মেজাজে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বললেন, বাংলায় কাজের অসুবিধা নেই। বাইরে পড়তে হলে পড়ো, পড়ে চলে এসো।” ছেলেবেলার গল্পও শোনালেন তিনি। গত বছর ইউক্রেনে যুদ্ধের পরিস্থিতিতে সেদেশে ডাক্তারি পড়তে গিয়ে গুরুতর সমস্যায় পড়েছিলেন বাংলার পড়ুয়ারা। সেই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, “ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতিতে ছেলেমেয়েগুলোর তো ভবিষ্যত নষ্ট হতে বসেছিল। আমরা কিন্তু তাদের সকলের পড়ানোর ব্যবস্থা করে দিয়েছি। তাই বাইরে পড়তে যেতেই পারো, কিন্তু অসুবিধে হলে বাংলায় চলে আসতে পারো।” বাংলার র্কীতি সন্তানদের কথা বলতে গিয়ে সুগত বসুর নাম করে বলেছেন, “সুগত বোস কোথায় পড়ায় ? হাভার্ড ইউনিভার্সিটিতে। দেশজুড়ে বাংলার এমন অনেক কৃতী ছড়িয়ে রয়েছে। তাই বলছি এগিয়ে যাও, যেকোনও বাধাকে অতিক্রম করো, মনকে কঠিন করে বলো, এটা আমার স্বপ্ন, এটাকে আমি বাস্তবায়িত করব। কারণ, আমি বাংলার মাটিতে জন্মেছি। এ মাটিতে সোনাও ফলে, রুখতে এলে আমি সোজা হয়ে দাঁড়াই। মোকাবিলা করতে পারি। কারণ, এটা বাংলা।”
রাজ্যের শিক্ষাব্যবস্থা নিয়ে আলোচনায় তিনি বলেছেন, আগে রাজ্যে গুটিকয়েক কারিগরি শিক্ষাকেন্দ্র ছিল, এখন রাজ্যে ৫০০ আইটিআই রয়েছে। এনেছেন ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্পের কথা, যার মাধ্যমে কর্মী নিয়োগ করতে পারে যে কোন সংস্থা। তাঁর মতে, রাজ্যে এ পর্যন্ত ৪৭ লক্ষ পড়ুয়া প্রশিক্ষণ পেয়েছে, ১০ লক্ষ ছেলেমেয়ের চাকরি হয়েছে। একের পর এক প্রকল্পের পরিসংখ্যান তুলে ধরেন তিনি।মেধাশ্রী প্রকল্পে এখনো পর্যন্ত ৮১ হাজার ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ড’ পেয়েছে বলে উল্লেখ করেন। রাজ্যে নতুন করে ৩০টি বিশ্ববিদ্যালয়, ১৪ টি মেডিক্যালে কলেজ, ৫৩টি কলেজ এবং ৭ হাজারের বেশি স্কুল তৈরি হয়েছে। সবুজ সাথী, কন্যাশ্রী, ঐকশ্রী, শিক্ষাশ্রী, লাখ লাখ ছেলেমেয়ে সুবিধা পেয়েছে বলে মতামত মুখ্যমন্ত্রীর।
এদিন, ছোটছোট ছেলেমেয়েদের নিজের ছেলেবেলার গল্প শোনালেন মমতা। সভার শুরুতেই মমতা বক্তব্য রাখতে উঠে ‘শুভনন্দন’ সম্ভাষণ করে বলেন, ‘মুখ্যসচিব সমাপনী অনুষ্ঠান বললেন। এটা একটা নতুন শব্দ, কানে এসেছে। আমিও বললাম শুভনন্দন। অভিনন্দনের জায়গা আমি শুভনন্দন বললাম। শুভনন্দন বলাই যায়। অসুবিধার কিছু নেই। ভাষার তো অনেক বিস্তার আছে।’ বললেন, “আমি এখনও জন্মাইনি, যেদিন মৃত্যু হবে সেদিন আমি জন্মাব।” তাঁর আসল জন্মদিন ৫ জানুয়ারি নয় এবং জন্মদিন উদযাপন তাঁর পছন্দ নয়। কীভাবে এই দিনটি তাঁর জন্মদিন হয়ে গেল সে নিয়ে মজার গল্প বললেন মুখ্যমন্ত্রী – তাঁকে স্কুলে ভর্তি করতে নিয়ে গিয়েছিলেন বাবা। স্বাভাবিকভাবেই শিক্ষকরা তাঁর জন্মদিন জানতে চান। কিন্তু তাঁর বাবা বলতে পারেননি। তিনি শিক্ষককে বলেছিলেন, একটি দিন লিখে নিতে। সেই থেকেই সমস্ত সার্টিফিকেটে তাঁর জন্মদিন ৫ জানুয়ারি। নিজের নাম, জন্মদিন বদলানোর কথা তিনি অনেকবার ভেবেছেন, কিন্তু তা হয়ে ওঠেনি। বাম আমলে তাঁর উপর নির্যাতনের কাহিনি স্মরণ করিয়ে ছাত্রছাত্রীদের বলেছেন, “আমি আসলে জীবন্ত লাশ”
❤ Support Us





