- দে । শ
- ফেব্রুয়ারি ৯, ২০২২
ইঞ্জেকশনের দিন শেষ, এবার ট্যাবলেটেই করোনার ভ্যাকসিন! ভারতে ট্রায়াল শুরু
আর ইঞ্জেকশন নয়৷ এবার ট্যাবলেটের মাধ্যমেই ভারতে মিলবে করোনার ভ্যাকসিন । সূত্রের খবর, খুব শিগগিরই ভারতে করোনার ট্যাবলেট ভ্যাকসিনের দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল শুরু করতে চলেছে ভ্যাক্সার্ট নামে একটি মার্কিন বায়ো টেকনোলজি সংস্থা৷ বিশ্ব জুড়ে সংস্থা ইতিমধ্যেই এই ট্যাবলেটের পরীক্ষামূলক ব্যবহার শুরু করেছে, তার অংশ হিসেবেই ভারতে এই ট্রায়াল শুরু হচ্ছে ৷ গত অক্টোবর থেকে আমেরিকায় এই ট্রায়াল শুরু হয়ে গেছে ৷ প্রাথমিক ভাবে ৯৬ জন এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৷ ভারতে হিমাচল প্রদেশের কসৌলিতে অবস্থিত সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরিতে পৌঁছে গিয়েছে ভ্যাক্সার্ট-এর তৈরি ‘ভিএক্সএ-সিওভি২ এন্টেরিক কোটেড’ ট্যাবলেট৷ মার্কিন এই ওষুধ নির্মাতা সংস্থার হয়ে বেঙ্গালুরুর একটি সংস্থা ভারতে এই ট্রায়াল চালাবে৷ তারাই এই ট্যাবলেটগুলি আমদানি করেছে৷
করোনার ভ্যাকসিন ট্যাবলেট যে ভারতে ইতিমধ্যেই চলে এসেছে তা স্বীকার করে নিয়েছেন স্বাস্থ্য মন্ত্রকের এক কর্তাও৷ তাঁর দাবি, খুব শিগগিরই ভারতীয় স্বেচ্ছাসেবকদের উপরে এই ট্যাবলেটের প্রয়োগ শুরু হবে৷জানা গিয়েছে, স্বেচ্ছাসেবকদের ট্যাবলেটের দু’টি ডোজ দেওয়া হবে ৷ প্রথম ডোজের ২৯ দিনের মাথায় দেওয়া হবে দ্বিতীয় ডোজটি ৷ দু’টি ডোজের ট্যাবলেট নেওয়ার পর স্বেচ্ছাসেবকদের শরীরে তার কার্যকারিতা কতটা হয়, পরবর্তী ছ’ মাসে তার উপরে নজর রাখা হবে ৷মার্কিন ওষুধ নির্মাতা সংস্থা ভ্যাক্সার্ট বিবৃতি দিয়ে অক্টোবরেই জানিয়েছিল, এই ট্যাবলেট প্রয়োগের ফলে প্রাণীদের শরীরে অনেক বেশি পরিমাণে অ্যান্টি বডি তৈরি হচ্ছে ।
অন্যদিকে প্রিমাস বায়োটেক নামে একটি ভারতীয় সংস্থাও করোনার প্রতিষেধক ট্যাবলেট তৈরি করেছে৷ তাদের তৈরি করোনা ভ্যাকসিন ট্যাবলেটের মানব দেহের উপরে প্রথম পর্যায়ের ট্রায়াল গত নভেম্বর মাস থেকে দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে৷
❤ Support Us





