Advertisement
  • দে । শ
  • জুলাই ১৫, ২০২৬

ডিজে মন্তব্য মামলায় আদালতে কণ্ঠস্বরের নমুনা দিলেন অভিষেক

আরম্ভ ওয়েব ডেস্ক
ডিজে মন্তব্য মামলায় আদালতে কণ্ঠস্বরের নমুনা দিলেন অভিষেক

দীর্ঘ টালবাহানা এবং কলকাতা হাই কোর্টের কড়া পর্যবেক্ষণের পর অবশেষে ডি-জে মন্তব্য মামলায় কণ্ঠস্বরের নমুনা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । বুধবার আদালতের নির্দেশ মেনে তিনি বিধাননগর আদালতে হাজির হয়ে তদন্তকারী সংস্থার কাছে নিজের কণ্ঠস্বরের নমুনা জমা দেন । আদালত থেকে বেরিয়ে সাংবাদিকরা তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলেও তিনি কোনও মন্তব্য না করেই গাড়িতে উঠে সেখান থেকে চলে যান ।

বুধবার সকাল প্রায় ১১টা নাগাদ কালীঘাটের বাড়ি থেকে চারটি গাড়ির কনভয় নিয়ে রওনা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । মা উড়ালপুল ও ইএম বাইপাস হয়ে বেলা ১১টা ৪৯ মিনিট নাগাদ তাঁর কনভয় বিধাননগর আদালতে পৌঁছয় । আদালতের নির্দেশ অনুযায়ী সেখানে তিনি কণ্ঠস্বরের নমুনা দেন । তদন্তের স্বার্থে সেই নমুনা পরবর্তী পর্যায়ে আদালতে জমা দেওয়া হবে । এরপরই ডি-জে মন্তব্য মামলার তদন্তে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে তদন্তকারী সংস্থা ।

উল্লেখ্য, এর আগে ৩০ জুন এবং ৮ জুলাই — দু’দফায় কণ্ঠস্বরের নমুনা দেওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হলেও তিনি হাজির হননি। বিষয়টি নিয়ে কলকাতা হাই কোর্টে শুনানির সময় তীব্র অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি সৌগত ভট্টাচার্য ।

গত ১০ জুলাই মামলার শুনানিতে বিচারপতি স্পষ্ট ভাষায় বলেন, “সবকিছুর একটা সীমা আছে। বিচারক একটি নির্দেশ জারি করেছেন, সেটি মানতেই হবে ।” তিনি আরও সতর্ক করে দেন, তদন্তে সহযোগিতা না করলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেওয়া আইনি রক্ষাকবচ প্রত্যাহারের আবেদন আদালত বিবেচনা করতে পারে । পাশাপাশি, আদালত দৃষ্টান্তমূলক আর্থিক জরিমানার সম্ভাবনার কথাও উল্লেখ করে।

হাইকোর্ট পর্যবেক্ষণে জানায়, তদন্তে পূর্ণ সহযোগিতা করবেন — এই শর্তেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আইনি সুরক্ষা দেওয়া হয়েছিল । আদালতের নির্দেশ অমান্য করা হলে সেই সুরক্ষা বহাল থাকবে কি না, তা নতুন করে বিবেচনা করা হবে বলেও জানানো হয় ।

হাইকোর্টের এই কড়া অবস্থানের পরই বুধবার বিধাননগর আদালতে হাজির হয়ে কণ্ঠস্বরের নমুনা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । আদালত সূত্রে জানা গিয়েছে, তাঁর দেওয়া ভয়েস স্যাম্পল বিচারপতির কাছে জমা দেওয়া হবে । সেই নমুনা যাচাইয়ের ভিত্তিতেই ডি-জে মন্তব্য মামলার তদন্তের পরবর্তী পর্যায় এগোবে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!