- দে । শ
- জুলাই ১৫, ২০২৬
দাঁইহাট পুরসভায় ছাঁটাই ২০০ অস্থায়ী কর্মী
দাঁইহাট পুরসভার সমস্ত অস্থায়ী, চুক্তিভিত্তিক ও পুনর্নিযুক্ত সমস্ত কর্মীদের বরখাস্ত করা হল। রাজ্য সরকারের তরফে পুরসভাকে চিঠি পাঠিয়ে ওইসব কর্মীদের হাজিরা খাতায় সই করতে মানা করা হয়েছে। সেইসঙ্গে তাদের বকেয়া পারিশ্রমিকের হিসেব পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।
পুরসভায় অস্থায়ী, চুক্তিভিত্তিক ও পুনর্নিযুক্ত মিলিয়ে মোট ২০০ জন কর্মী রয়েছেন। এক লপ্তে এতজন কাজ হারানোয় নাগরিক পরিষেবা ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে শহরজুড়ে। প্রসঙ্গত, এই পুরসভার নিজস্ব তহবিল বলতে প্রায় কিছুই ছিল না। বিভিন্ন তহবিলের টাকা থেকেই অস্থায়ী কর্মীদের মাইনে হত। রাজ্যে সরকারের পালাবদলের পরই তৃণমূল পরিচালিত দাঁইহাট পুরসভার পুরপ্রধান সমর সাহা থেকে শুরু করে একে একে পুরসদস্যরা পদত্যাগ করায় পুরবোর্ড ভেঙে গিয়েছে।পুরসভা পরিচালনার জন্য মহকুমাশাসককে প্রশাসক নিয়োগ করা হয়েছে।
এই আবহে সিঁদুরে মেঘ দেখছেন কাটোয়া পুরসভার অস্থায়ী কর্মীরাও। তৃণমূল পরিচালিত কাটোয়া পুরসভার পুরপ্রধান-সহ সিংহভাগ সদস্য পদত্যাগ করায় পুরবোর্ড ভেঙে যায়। বসানো হয় প্রশাসক। তবে ছাঁটাইয়ের আশঙ্কায় আগেভাগেই কাটোয়া পুরসভাতে অস্থায়ী, চুক্তিভিত্তিক ও পুনর্নিযুক্ত কর্মীদের ব্যাপারে সমীক্ষা শুরু হয়েছে। পুরসভার কার্যনির্বাহী আধিকারিক চঞ্চল কুমার মণ্ডল জানান, ‘ন্যূনতম কতজন কর্মীকে দিয়ে পরিষেবা বজায় রাখা যায়, সে ব্যাপারে সমীক্ষা করা হচ্ছে।’ তবে কাটোয়া পুরসভার সিংহভাগ কর্মীই দৈনিক মজুরিতে কাজ করেন। তাই তাদের কর্মচ্যুতির সম্ভাবনা নেই।
❤ Support Us





