- দে । শ
- আগস্ট ৬, ২০২৬
দমদম বিমানবন্দরে বিপুল রত্ন উদ্ধার, গ্রেফতার এক
কলকাতার দমদম বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ সোনা, হিরে, চুনী ও পান্না উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার সকালে বিমানবন্দরের ডোমেস্টিক কার্গো এলাকা থেকে উদ্ধার হওয়া এই মূল্যবান গয়নার আনুমানিক বাজারমূল্য ১ কোটি টাকারও বেশি বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। এই ঘটনায় এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।
সূত্রের খবর, ডোমেস্টিক কার্গোর মাধ্যমে কলকাতায় আনা হয়েছিল বিপুল পরিমাণ সোনা ও হিরের গয়না। নির্দিষ্ট ব্যক্তি সেই গয়না নিতে এলে পুলিশের সন্দেহ হয়। এরপরই তাঁকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে উদ্ধার হয় সোনার গয়না, হিরে, চুনী ও পান্না।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, উদ্ধার হওয়া সোনার গয়নার মূল্য ৫০ লক্ষ টাকারও বেশি। পাশাপাশি উদ্ধার হওয়া হিরে ও অন্যান্য মূল্যবান রত্নের বাজারমূল্য আরও বেশি হতে পারে বলে অনুমান তদন্তকারীদের।
ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর কমিশনারেট। উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ মূল্যবান সামগ্রী কোথা থেকে আনা হয়েছিল এবং এর পিছনে কোনও পাচারচক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে খবর, গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে এএসসিবিআই থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কে বা কারা তাঁকে এই গয়না নেওয়ার নির্দেশ দিয়েছিল, সেই বিষয়েও তদন্ত চলছে। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
দমদম বিমানবন্দরে কোটি টাকার সোনা ও হিরের গয়না উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করাকে পুলিশের বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
❤ Support Us






