- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ৩০, ২০২৫
ঋদ্ধিমানের বিদায়ী ম্যাচে নজর কাড়লেন অভিষেককারী সুমিত মোহান্ত
ঋদ্ধিমান সাহার বিদায়ী ম্যাচ। সেদিনই আবার অভিষেক সুমিত মোহান্তর। বৃহস্পতিবার ইডেনে বাংলা–পাঞ্জাব রনজি ম্যাচে এক অন্যরকম আবহ। যদিও সুযোগ পেয়েও পাঞ্জাবকে কম রানের মধ্যে বেঁধে রাখতে পারল না বাংলা। আনমোল মালহোত্রার দুরন্ত সেঞ্চুরিই মান বাঁচাল পাঞ্জাবের। দিনের শেষে বাংলাও কিন্তু খুব একটা স্বস্তিতে নেই।
পাঞ্জাবের বিরুদ্ধে জীবনের শেষ ম্যাচ খেলতে নেমেছেন ঋদ্ধিমান সাহা। এদিন, বাংলা দলের পক্ষ থেকে ম্যাচের আগে তাঁকে সংবর্ধিত করা হয়। তুলে দেওয়া হয় সতীর্থদের সই করা জার্সি ও শাল। ম্যাচ শুরুর আগে ঋদ্ধির হাতে জার্সি তুলে দেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিষ গাঙ্গুলি। এদিনই অভিষেক হল তরুণ জোরে বোলার সুমিত মোহান্তর। অভিষেক ম্যাচেই দুরন্ত বোলিং করলেন বাংলার এই জোরে বোলার।
টসে জিতে পাঞ্জাবকে প্রথমে ব্যাট করতে পাঠায় বাংলা। তৃতীয় ওভারেই বিশ্বনাথ সিংকে (০) তুলে নিয়ে পাঞ্জাবকে প্রথম ধাক্কা দেন সূরজ সিন্ধু জয়সওয়াল। এরপর পাঞ্জাবের টপ অর্ডারে ধস নামান সুমিত মোহান্ত। তাঁর দাপটেই ৩৯ রানের মধ্যে ৪ উইকেট হারায় পাঞ্জাব। সুমিত ফেরান প্রভসিমরন সিং (৪), সহজ ধাওয়ান (২৫), আনমলপ্রীত সিংকে (৪)। এরপর পুখরাজ মান (১১) ও মায়াঙ্ক মার্কান্ডেকে (৯) তুলে নেন সূরজ। ৭৩ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পাঞ্জাব। আনমোল মালহোত্রার দুরন্ত সেঞ্চুরি পাঞ্জাবকে ১৯১ রানে পৌঁছে দেয়। ১১৪ বলে ১০৬ রান করে অপরাজিত থাকেন আনমোল। ৫৮ রানে ৪ উইকেট নেন সুমিত। ৬৮ রানে ৪ উইকেট সূরজের। ৪১ রানে ২টি উইকেট নেন মহম্মদ কাইফ।
ব্যাট করতে নেমে বাংলারও শুরুটা ভাল হয়নি। দলীয় ১৮ রানের মাথায় আউট হন অঙ্কিত চ্যাটার্জি (১১)। প্রথম একাদশে ফেরা সুদীপ চ্যাটার্জিও রান পাননি। ১৭ রান করে তিনি আউট হন। সুদীপ ঘরামি করেন ১৪। ৫২ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলা। এরপর হাল ধরেন অনুষ্টুপ মজুমদার ও সুমন্ত গুপ্ত। ১০২ রানের মাথায় আউট হন অনুষ্টুপ। ৪৪ বলে তিনি করেন ৩২। দিনের শেষে বাংলার সংগ্রহ ৪ উইকেটে ১১৯। ক্রিজে রয়েছেন সুমন্ত গুপ্ত (৩৯) ও সূরজ সিন্ধু জয়সওয়াল (৫)।
❤ Support Us






