Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ফেব্রুয়ারি ৫, ২০২৫

দিল্লি বিধানসভা নির্বাচনে ঝাড়ু-পদ্ম-হাতের জোর টক্কর, শেষ হাসি হাসবে কে?

আরম্ভ ওয়েব ডেস্ক
দিল্লি বিধানসভা নির্বাচনে ঝাড়ু-পদ্ম-হাতের জোর টক্কর, শেষ হাসি হাসবে কে?

২০২৫ সালে কি হ্যাটট্রিক গড়ে ফের একবার দিল্লি সরকারের গদিতে বসবে কেজরিওয়ালের পার্টি আপ? না কি বিজেপি রাজধানীতে জয়ধ্বজা ওড়াবে? জল্পনা তুঙ্গে। এক্সিট পোলের হাওয়া গেরুয়া শিবিরের দিকে। এবারেও কোণঠাসা কংগ্রেস।

দিল্লিতে ৭০-সদস্যের বিধানসভার ভোটগ্রহণ চলছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি, এস জয়শঙ্কর, দিল্লির মুখ্যমন্ত্রী অতীশি, আপ নেতা মনীশ সিসোদিয়া, প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, বিজেপির বাঁসুরি স্বরাজ এবং কংগ্রেসের অলকা লাম্বা সহ একাধিক বড়ো নাম দিনের প্রথম দিকেই ভোট দিয়েছেন। বিধানসভা নির্বাচন ২০২৫, সিদ্ধান্ত নেবে কোন দল আগামী পাঁচ বছরের জন্য কেন্দ্রশাসিত অঞ্চলের নেতৃত্ব দেবে। সকাল ৭ টা থেকে দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছিল ১৩,০৩৩ টি ভোটকেন্দ্র জুড়ে। আম আদমি পার্টি, ভারতীয় জনতা পার্টি এবং কংগ্রেসের মধ্যে ত্রিমুখি লড়াইয়ে থমকে আছে দিল্লির দিল। চরম উত্তেজনার সেই প্রহর 8 ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচনের ফলাফলের সাথে শেষ হবে।

ভোটপর্ব শেষ হল দিল্লিতে। তবে সন্ধ্যা ৬টার পরও যাঁরা লাইনে রয়েছেন, তাঁরা এখনও ভোট দিতে পারবেন, বলে জানানো হয়েছে। বিজেপি আপের তরজায় সরগরম হয়ে উঠেছে রাজধানী। কোথাও আপের তরফে দাবি করা হয়েছে বথে এজেন্ট ঢুকতে দেওয়া হচ্ছে না, কোথাও জাল ভোটের প্রতিবাদে বিক্ষোভ করেছে বিজেপি। দিল্লি বিধানসভা নির্বাচনে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে ৫৭.৭০ শতাংশ । উত্তর দিল্লিতে সবচেয়ে বেশি ভোট পড়েছে। এর আগে, দিল্লির অনেক ভোটকেন্দ্রে মক পোলিং পরিচালিত হয়েছিল। এবার দিল্লিতে মোট ১,৫৬,১৪,০০ ভোটার রয়েছেন, যারা তাদের ভোটাধিকার প্রয়োগ করে সরকার গঠন করবেন । নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, মোট ভোটারের মধ্যে ৮৩,৭৬,১৭৩ জন পুরুষ, ৭২,৩৬,৫৬০ জন মহিলা এবং ১২৬৭ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। এই বিধানসভা নির্বাচনে, নয়াদিল্লি, কালকাজি, পাটপরগঞ্জ, জঙ্গপুরা, ওখলা, বাবরপুর, চাঁদনী চক, গ্রেটার কৈলাস, বিজওয়াসন, মালব্য নগর, মাটিয়া মহল, নরেলা ইত্যাদি যেন হট সিট হয়ে উঠেছে! বিভিন্ন রাজনৈতিক দলের হেভিওয়েট নেতারা এই আসনগুলিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৷ ফলে সকলের নজর রয়েছে এই আসনগুলির উপর। ভোটপর্বে মূলত, আপ, বিজেপি, কংগ্রেসের জোরালো রাজনৈতিক যুদ্ধ দেখা যাচ্ছে। আপের ক্ষেত্রে অবশ্যই প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বিজেপির থেকে প্রবেশ বর্মা, ও কংগ্রেস থেকে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিতের পুত্র সন্দীপ বেশ উজ্জ্বল নাম এই লড়াইয়ে।

ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আধাসামরিক বাহিনীর মোট ২২০ কোম্পানি মোতায়েন করা হয়েছে। এছাড়াও, ১৯০০০ হোমগার্ড এবং ৩৫,৬২৬ জন দিল্লি পুলিশকর্মী নিরাপত্তা ব্যবস্থা দেখাশোনা করছেন। যেকোনো ধরনের ঝামেলা এড়াতে ভোটকেন্দ্রগুলোতে কঠোর নজরদারি চালানো হচ্ছে। নির্বাচন কমিশন প্রথমবার প্রবীণ নাগরিক, প্রতিবন্ধী ব্যক্তি এবং তরুণদের ভোটদানের জন্য বিশেষ সুবিধা প্রদান করেছে। এই নির্বাচনে ১৮-১৯ বছর বয়সী ২.৩৯ লক্ষ তরুণ ভোটার প্রথমবারের মতো তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। শহরে মোট ১৩,৭৬৬ টি ভোটকেন্দ্র করা হয়েছে। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলিতে ভোটারদের উৎসাহ দেখা যাচ্ছে এবং গণতন্ত্রের এই মহান উৎসবে মানুষ উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করছে। তবে শুরুর দিকে সীলমপুর, চিরাগ দিল্লি এবং জংপুরাতে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গিয়েছিল। আম আদমি পার্টি গেরুয়া শিবিরের দিকে বড় অভিযোগের আঙুল তুলেছে। অভিযোগ, রাষ্ট্রপতিভবনের কাছে বিজেপি ভোটারদের ভোটের বিনিময়ে টাকা দিচ্ছে।পাল্টা বিজেপির অভিযোগ আম আদমি পার্টির কর্মীরা অশান্তি ছড়াচ্ছে।

এই ভোট কেবল দিল্লির আগামী পাঁচ বছরের রাজনীতি নির্ধারণ করবে তা নয়, এই ভোট অগ্নিপরীক্ষা খোদ কেজরিওয়ালের জন্য। অরবিন্দ কেজরিওয়াল স্বাধীন ভারতের সাম্প্রতিক সময়ের একমাত্র মুখ্যমন্ত্রী, যিনি মুখ্যমন্ত্রী থাকার সময় গ্রেপ্তার হয়েছিলেন। জেলে বসে সরকার চালিয়েছেন, এবং দিল্লি আবগারি দুর্নীতি মামলায় জেল থেকে বেরিয়ে আসার পরে সরে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রীর পদ থেকে। কেজরিওয়াল সাফ জানিয়েছিলেন, তিনি পুনরায় ভোট জিতে, মানুষের আস্থা জিতে ফিরবেন এই পদে। সেই আস্থা জয়ের ভোট চলছে দিল্লিতে। অন্যদিকে রাজধানী কব্জা করতে মরিয়া গেরুয়া শিবির, পিছিয়ে নেই কংগ্রেসও।

অন্যদিকে, দিল্লির ‘মজনু কা টিল্লা’র একটি ভোটকেন্দ্রে ঐতিহাসিক ঘটনা, ইলেকট্রনিক ভোটিং মেশিনের বোতাম টিপেছিলেন রেশমা, তাঁর মুখজুড়ে ছড়িয়ে পড়েছিল হাসি। জীবনে প্রথমবারের মতো নিজের ভোট দিয়েছেন তিনি – শুধুমাত্র প্রার্থী বাছাই করার জন্য নয়, তার পরিবারের ভবিষ্যতের জন্য। রেশমা হলেন ১৮৬ জন পাকিস্তানি হিন্দু উদ্বাস্তুদের মধ্যে একজন, যারা বছরের পর বছর অনিশ্চয়তার পরে, দিল্লি বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। রাষ্ট্রহীনতা থেকে নাগরিকত্বের দিকে যাত্রার একটি শক্তিশালী মুহূর্ত এটি। তারা সকলেই নাগরিকত্ব সংশোধনী আইনের অধীনে ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন।
এই বুথ ফেরত সমীক্ষায় আপ, বিজেপি, কংগ্রেসকে ঘিরে কোন সংখ্যা উঠে আসে, সেদিকে তাকিয়ে রাজৈতিক মহল। এখনো পর্যন্ত দিল্লি ভোট ২০২৫ নিয়ে যা ট্রেন্ড এক্সিট পোলে রয়েছে, তাতে মনে করা হচ্ছে, দিল্লির ভোটপর্বে সম্ভবত সরকার বিরোধী কোনও ট্রেন্ড ফ্যাক্টর হয়ে থাকতে পারে। বিশেষজ্ঞ মহলের এমনই জল্পনা। জেভিসির এক্সিট পোল বলছে, ৩৯ থেকে ৪৫ টি আসন পেতে পারে পদ্ম শিবির। অর্থাৎ এখানেও বিজেপির জয়জয়কারের আভাস রয়েছে। সমীক্ষা বলছে, আপ পেতে পারে ২২ থেকে ৩১ টি আসন। কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ০-২ টি আসন। পি মার্ক বলছে, দিল্লিতে বিজেপি পেতে পারে ৩৯ থেকে ৪৯ টি আসন। আপ পেতে পারে ২১ থেকে ৩১ টি আসন। কংগ্রেস ০ থেকে ১ টি আসন পেতে পারে। চাণক্যস স্ট্র্যাটেজি বলছে, আপ ২৫-২৮, বিজেপি ৩৯-৪৪, কংগ্রেস ২-৩ আসন পেতে পারে। উল্লেখ্য, পর পর সমীক্ষার আভাসে উঠে আসছে দিল্লিতে জোরালো হাওয়া রয়েছে বিজেপির। পিপলস ইনসাইটের সমীক্ষা বলছে, দিল্লিতে বিজেপি পেতে পারে ৪০ থেকে ৪৪ টি আসন। আপ পেতে পারে ২৫ থেকে ২৯ টি আসন। কংগ্রেস ০-১ আসন পেতে পারে। অর্থাৎ যেমনটা আশঙ্কা করা হয়েছিল, এক্সিট পোলের পাল্লা গেরুয়া শিবিরের দিকেই ঝুঁকে আছে। তবে শেষ কথা বললে জনমত, ৭০ আসনের দিল্লি বিধানসভায় ফল ঘোষণা ৮ ফেব্রুয়ারি। সে পর্যন্ত অপেক্ষা। ২০২৫ সালে কি হ্যাটট্রিক গড়ে ফের একবার দিল্লি সরকারের গদিতে বসবে কেজরিওয়ালের পার্টি আপ? না কি বিজেপি রাজধানীতে জয়ধ্বজা ওড়াবে? জল্পনা থেকেই যাচ্ছে। এবারও কংগ্রেস কার্যত কোণঠাসা। গত বিধানসভা ভোটে ৬২টি আসনে জয়ী হয়েছিল আপ। মাত্র ৮টি আসনে জয়ী হয় বিজেপি। কংগ্রেস খাতা খুলতে পারেনি। তথ্য বলছে, ২০২০ সালে দিল্লিতে ৬২. ৫৯ শতাংশ। ২০১৫ সালে দিল্লিতে ভোট পড়েছিল ৬৭.১৩ শতাংশ।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!