- এই মুহূর্তে বি। দে । শ
- ফেব্রুয়ারি ৬, ২০২৫
মার্কিনমুলুকে রূপান্তরিত মহিলাদের খেলায় অংশগ্রহনে নিষেধাজ্ঞা ট্রাম্পের। অলিম্পিক কমিটিকেও সুপারিশ
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট পদে বসার পর থেকেই একের পর বিতর্কিত সিদ্ধান্ত নিয়েই চলেছেন। এবার মার্কিন যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করলেন রূপান্তরিত মহিলাদের মেয়ে ও মহিলাদের খেলায় অংশগ্রহন। বুধবার এই সংক্রান্ত এক নির্দেশে তিনি সই করেছেন। শুধু মার্কিন মুলুকেই রূপান্তরিত মহিলাদের মেয়ে ও মহিলাদের খেলায় নিষিদ্ধ ঘোষণা করে ক্ষান্ত হননি, তিনি আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে চাপ দেবেন, যাতে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে মেয়েদের খেলায় রূপান্তরিত মহিলাদের অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়।
হোয়াইট হাউস থেকে জারি করা নির্দেশে বলা হয়েছে, ‘যেসব শিক্ষা প্রতিষ্ঠান ট্রান্সজেন্ডার খেলোয়াড়দের মেয়ে ও মহিলাদের খেলায় অংশগ্রহণ এবং মেয়েদের লকার রুম ব্যবহারের সুযোগ দেবে, সেইসব প্রতিষ্ঠানকে অর্থসাহায্য করা থেকে সরকার বিরত থাকবে।’ শিক্ষা খাতে ১৯৭২ সালে প্রণীত লিঙ্গবৈষম্য দূরীকরণ আইনের প্রসঙ্গ টেনে নিয়ে এসে ট্রাম্প বলেন, ‘প্রতিটি বিদ্যালয়কে নোটিশ দিচ্ছি, যদি মহিলাদের খেলায় পুরুষদের (রূপান্তরিত মহিলা) নিয়ন্ত্রণ করতে দিতে চায় এবং লকার রুমে প্রবেশ করতে দেয়, বিদ্যালয়ের বিরুদ্ধে ১৯৭২ সালে প্রণীত লিঙ্গবৈষম্য দূরীকরণ আইন লঙ্ঘনের তদন্ত হবে। কেন্দ্রীয় তহবিল থেকে বঞ্চিত হবে।’
ট্রাম্প আরও বলেছেন, তিনি আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে চাপ দেবেন, যাতে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে অলিম্পিকের আগেই লিঙ্গভিত্তিক অংশগ্রহণকে স্পষ্টভাবে সমর্থন করা যায় এবং রূপান্তরিত মহিলাদের মেয়ে ও মহিলাদের খেলায় অংশগ্রহন থেকে বিরত রাখা হয়। অলিম্পিক কমিটি খেলাধুলায় রূপান্তরিত মহিলাদের অংশগ্রহণের বিষয়টি আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থাগুলোর ওপর ছেড়ে দিয়েছে। রূপান্তরিত মহিলাদের খেলায় অংশগ্রহণের বিষয়টি সাম্প্রতিক বছরগুলিতে যুক্তরাষ্ট্রে বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ২০২৩ সালে করা এক সমীক্ষায় দেখা গেছে, রূপান্তরিত ক্রীড়াবিদদের তাঁদের লিঙ্গের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ খেলাতেই অংশগ্রহণের অনুমতি দেওয়া উচিত বলে মার্কিন যুক্তরাষ্ট্রের ৬৯ শতাংশ মানুষ মনে করেন।
❤ Support Us






