- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- মার্চ ২৭, ২০২৩
অন্য ফুটবলারদের তুলনায় তাঁর গোল ক্ষুধা বেশি, দাবি সুনীল ছেত্রীর
৩৮ বছর বয়স হলেও গোল ক্ষুধায় এখনও মরচে ধরেনি ভারতীয় জাতীয় দলের তারকা সুনীল ছেত্রীর। তাঁর বর্ণাঢ্য ফুটবল জীবনের গোধূলি লগ্নে পৌঁছে গেছেন। তবুও গোল করার জন্য এখনও আগের মতোই ক্ষুধার্ত সুনীল। এই মুহূর্তে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোল করার তালিকায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসির পেছনে রয়েছেন ভারতীয় দলের এই বর্ষীয়ান স্ট্রাইকার। ১৩২ ম্যাচে করেছেন ৮৪ গোল। অন্য ফুটবলারদের তুলনায় তাঁর গোল ক্ষুধা অনেক বেশি বলে দাবি করেছেন সুনীল।
মনিপুরের ইম্ফলে চলছে ত্রিদেশীয় আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। কিরঘিজস্থানের বিরুদ্ধে মাঠে নামার আগে সুনীল ছেত্রী বলেন, ‘আমি বেশি আড়ম্বরপূর্ণ কথা বলতে চাই না। কিন্তু আমি মনে করি, আমার মতো গোলক্ষুধা আর অন্য কোনও স্ট্রাইকারের নেই। আমার গোলক্ষুধা আগের মতই রয়েছে। কিরঘিজস্তানের বিরুদ্ধেও একই রকম থাকবে।’ গত বুধবার প্রথম ম্যাচে মায়ানমারকে ১–০ ব্যবধানে হারিয়েছিল ভারত। আগামীকাল প্রতিযোগিতার শেষ ম্যাচে ভারতের সামনের কিরঘিজস্থান। ড্র করলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে ভারত।
মায়ানমারের বিরুদ্ধেও আগের ম্যাচে গোল করেছিলেন সুনীল ছেত্রী। কিন্তু অফসাইডের জন্য রেফারি গোল বাতিল করে দেন। ভারতের হেড কোচ ইগর স্টিম্যাক দাবি করেছিলেন যে, সুনীল ছেত্রীকে বক্সের মধ্যে ফাউল করা হয়েছিল এবং ভারতের পেনাল্টি পাওয়া উচিত ছিল। এই প্রসঙ্গে সুনীল বলেন, ‘অফসাইড এবং পেনাল্টি সিদ্ধান্ত খেলার একটা অঙ্গ। ঘটনার সঙ্গে সঙ্গে সেই বিষয়গুলি মাথায় ঘুরপাক খায়। কিন্তু ম্যাচ যত গড়ায় সেগুলো ভুলে যাই।’
মঙ্গলবার কিরঘিজস্তানের বিরুদ্ধে ম্যাচ নিয়ে সতীর্থদের সতর্ক করে দিয়েছেন সুনীল ছেত্রী। তিনি বলেন, ‘কিরঘিজস্থান ফুটবলাররা শারীরিকভাবে অনেকটাই শক্তিশালী। এবং দলে বেশ কয়েকজন দ্রুত গতিসম্পন্ন ফুটবলার রয়েছে। মায়ানমারের বিরুদ্ধে যে ফল হয়েছে তাতে আত্মতুষ্ট হওয়ার কোনও কারণ নেই। আমি শেষ ১০টা কিরঘিজস্তানের ম্যাচ দেখেছি। ওরা খুবই ভাল দল। অতীতে আমরা কিরঘিজস্তানের বিরুদ্ধে যে ম্যাচগুলো খেলেছি তাতে যথেষ্ট চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল। তবে আশা করছি ইতিবাচক ফলাফল করব এবং দর্শকদের ভাল খেলা উপহার দেব।’
❤ Support Us






