- মা | ঠে-ম | য় | দা | নে
- সেপ্টেম্বর ৮, ২০২৫
৩৪২ রানে জয় ! একদিনের ক্রিকেটে বিশ্বরেকর্ড ইংল্যান্ডের
জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্য ছিল ৪১৪ রান। এই রান তাড়া করতে গিয়ে মাত্র ৭২ রানে গুটিয়ে গেল প্রোটিয়ারা। ৩৪২ রানে জিতে বিশ্বরেকর্ড ইংল্যান্ডের। ভেঙে দিল ভারতের সর্বোচ্চ রানে জেতার বিশ্বরেকর্ড। এতদিন সর্বোচ্চ রানে জেতার বিশ্বরেকর্ড ছিল ভারতের দখলে। সেই রেকর্ড চুরমার হয়ে গেল ইংল্যান্ডের হাতে।
তিন ম্যাচের একদিনের সিরিজ আগেই জিতে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সিরিজের শেষ ম্যাচ ইংল্যান্ডের কাছে ছিল মান বাঁচানোর। আর এই মান বাঁচানোর ম্যাচ স্মরণীয় করে রাখল ইংল্যান্ড। সাদাম্পটনের রোজ বোল স্টেডিয়ামে টস জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা। জ্যাকব বেথেল ও জো রুটের দুরন্ত সেঞ্চুরির ওপর ভর করে ৫০ ওভারে ৫ উইকেটে ৪১৪ রান তোলে ইংল্যান্ড। বেথেল ও রুট ছাড়াও রান করেন জেমি স্মিথ (৬২) ও জস বাটলার (অপরাজিত ৬২)।
ইংল্যান্ডের হয়ে এরপর বল হাতে ঝড় তোলেন জোফ্রা আর্চার, আদিল রশিদ ও ব্রাইডন কার্স। এদের দাপটে মাত্র ২০.৫ ওভারে ৭২ রানে অলআউট হয়ে যায় প্রোটিয়ারা। চোটের কারণে অধিনায়ক তেম্বা বাভুমা অবশ্য ব্যাট করতে নামেননি। একসময় ৭ রানে ৪ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকার। ২৪ রানে পড়ে ষষ্ঠ উইকেট আর ৫৭ রানে হারায় অষ্টম উইকেট। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ২০ রান করেন করবিন বশ। জোফ্রা আর্চার ৯ ওভারে ৩ মেডেনসহ ১৪ রানে নেন ৪ উইকেট। ১৩ রানে ৩ উইকেট নেন আদিল রশিদ। ৩৩ রানে ২ উইকেট ব্রাইডন কার্সের।
❤ Support Us








