Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • এপ্রিল ১৭, ২০২৬

অর্শদীপ সিং, প্রভসিমরনের ঝোড়ো ব্যাটিং, মুম্বই ইন্ডিয়ান্সকে ৭ উইকেটে উড়িয়ে দিল পাঞ্জাব কিংস

আরম্ভ ওয়েব ডেস্ক
অর্শদীপ সিং, প্রভসিমরনের ঝোড়ো ব্যাটিং, মুম্বই ইন্ডিয়ান্সকে ৭ উইকেটে উড়িয়ে দিল পাঞ্জাব কিংস

১২ রানের মধ্যে দলের দুই সেরা ব্যাটার ডাগ আউটে। রান তোলার গতি যথেষ্ট মন্থর। বলে আগুনে বোলিং অর্শদীপ সিংয়ের। প্রাথমিক চাপ সামলে কুইন্টন ডিককের দুরন্ত সেঞ্চুরির সৌজন্যে বড়ো রানে পৌঁছল মুম্বই ইন্ডিয়ান্স। তবুও শেষরক্ষা হল না। প্রভসিমরন সিংয়ের দুরন্ত ব্যাটিংয়ে উড়ে গেলেন যশপ্রীত বুমরারা। ১৯৫ রান করেও পাঞ্জাব কিংসের কাছে ৭ উইকেটে হারতে হল মুম্বই ইন্ডিয়ান্সকে। মাত্র ১৬.‌৩ ওভারেই মুম্বইয়ের রান টপকে গেল পাঞ্জাব। দুরন্ত ব্যাটিং করে ৩০ বলে ৮০ রান করে অপরাজিত থাকেন প্রভসিমরন।

ম্যাচ শুরুর আগেই বড় ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্সের। চোটের জন্য ছিটকে যান রোহিত শর্মা। তাঁর জায়গায় কুইন্টন ডিকককে খেলায় মুম্বই। রোহিতের অভাব একেবারেই বুঝতে দেননি ডিকক। দুরন্ত সেঞ্চুরি করে দলকে বড় রানে পৌঁছে দেন। যদিও শুরুটা ভাল হয়নি মুম্বইয়ের। তৃতীয় ওভারের প্রথম বলেই রায়ান রিকেলটনকে (‌৮ বলে ২)‌ তুলে নেন অর্শদীপ সিং। প্রথম থেকেই তিনি রিকেলটনকে চাপে রেখেছিলেন। পরের বলেই সূর্যকুমার যাদবকে (‌০)‌ ফেরান অর্শদীপ। পরপর ২ বলে দুই সেরা ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে যায় মুম্বই।

এরপর দলকে টেনে নিয়ে যান ডিকক ও নমন ধীর। জুটিতে দুজনে মিলে তোলেন ১২২। ৩১ বলে ৫০ রান করে শশাঙ্ক সিংয়ের বলে আউট হন নমন। হার্দিক পান্ডিয়া (‌১২ বলে ১৪)‌, শেরফানে রাদারফোর্ড (‌৫ বলে ১)‌, তিলক ভার্মাদের (‌৩ বলে ৮)‌ ব্যর্থতা পুশিষে দেন ডিকক। দুরন্ত ব্যাটিং করে ৬০ বলে ১১২ রানে অপরাজিত থাকেন ডিকক। মারেন ৮টি ৪ ও ৭টি ৬। অর্শদীপ সিং ২২ রানে ৩ উইকেট নেন।

পাঞ্জাবের প্রিয়াংশ আর্য প্রায় প্রতিটা ম্যাচেই নজর কেড়েছেন। এদিনও ভাল শুরু করেছিলেন। তবে ইনিংস দীর্ঘস্থায়ী হয়নি। ৯ বলে ১৫ রান করে তিনি আউট হন। কুপার কনোলি ১২ বলে ১৭ রান করে ফিরে যান। দুটি শিকারি গজনফরের। শুরুতে ২ উইকেট হারালেও চাপে পড়েননি প্রভসিমরন সিং। প্রথম থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন। তাঁকে যোগ্য সহায়তা করেন শ্রেয়স আয়ার। এই জুটিই পাঞ্জাবকে জয়ের দিকে এগিয়ে দেন। ৩৫ বলে ৬৫ রান করে শার্দুল ঠাকুরের বলে আউট হন শ্রেয়স। শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে জয় এনে দেন প্রভসিমরন সিং (‌৩০ বলে ৮০)‌ ও মার্কাস স্টয়নিস (‌৫ বলে ১০)‌। ১৬.‌৩ ওভারে ১৯৮/‌৩ তুলে ম্যাচ জিতে যায় পাঞ্জাব।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!