- বি। দে । শ
- সেপ্টেম্বর ৫, ২০২৬
বলিভিয়ার সামরিক ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণ । নিহত ১০, আহত বহু
শুক্রবার দক্ষিণ আমেরিকার বলিভিয়ার এক সামরিক ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত এবং ৬০ জনেরও বেশি আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। সামরিক ঘাঁটির একটা আতশবাজির গুদামে এই বিস্ফোরণ ঘটে এবং এতে আশেপাশের বাড়িঘরের ক্ষতি হয়। দ্বিতীয় বিস্ফোরণের আশঙ্কায় লোকজনকে ওই এলাকা থেকে দূরে থাকতে সতর্ক করা হয়েছে।
বলিভিয়ার রাজধানী লা পাজ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে ভিয়াচার সামরিক কমপ্লেক্সে স্থানীয় সময় দুপুর ২.৩০ মিনিটের দিকে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণটি এমন একটা অংশে ঘটেছে যেখানে আতশবাজি ও পাইরোটেকনিক সামগ্রী মজুত ছিল।
বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়। কর্মকর্তারা জানিয়েছেন, আতশবাজিগুলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গুদামে রাখা ছিল।
স্বাস্থ্য পরিচালক রিতা নেব্রাস্কা জানিয়েছেন, এই বিস্ফোরণে ১০ জন নিহত ও ৬২ জন আহত হয়েছেন। মৃতের সংখ্যা ১৫ পর্যন্ত পৌঁছতে পারে। আহতদের মধ্যে ১৪ জনকে চিকিৎসার জন্য লা পাজের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যাদের মধ্যে সম্পূর্ণ দগ্ধ এক কিশোরীও রয়েছে। পুলিশ জানিয়েছে, ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন এবং বিস্ফোরণে আশেপাশের কয়েক ডজন বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের শক্তি এতটাই প্রবল ছিল যে জানালাগুলো ভেঙে চুরমার হয়ে গেছে।
বিস্ফোরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জরুরি পরিষেবা কর্মীরা দ্রুত সামরিক ঘাঁটিতে ছুটে যান। আহতদের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স, মেডিকেল টিম এবং পুলিশ পৌঁছয়। কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান শুরু করেন। কর্তৃপক্ষ স্থানীয়দের সামরিক কমপ্লেক্স থেকে দূরে থাকতে সতর্ক করেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দমকলকর্মীরা কমপ্লেক্সটির ভেতরে একটা তাপের উৎস খুঁজে পেয়েছে, যা দ্বিতীয় বিস্ফোরণের ঝুঁকি বাড়িয়েছে। জনসাধারণকে ঘটনাস্থল থেকে কমপক্ষে ১৫০ মিটার দূরত্ব বজায় রাখার জন্য অনুরোধ করা হয়েছে।
❤ Support Us








