Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • জুন ২০, ২০২২

ভয়াবহ বন্যায় ভাসছে অসম, ত্রিপুরা, বাংলাদেশ। অসমে মৃত্যু বেড়ে ৭১। বেহাল অসমের মুখ্যমন্ত্রী ভোট প্রচারে ব্যস্ত আগরতলায়।

আরম্ভ ওয়েব ডেস্ক
ভয়াবহ বন্যায় ভাসছে অসম, ত্রিপুরা, বাংলাদেশ। অসমে মৃত্যু বেড়ে ৭১। বেহাল অসমের মুখ্যমন্ত্রী ভোট প্রচারে ব্যস্ত আগরতলায়।

এখনও জলমগ্ন অসমের বিস্তীর্ণ এলাকা। পরিস্থিতি উন্নতির লক্ষণ নেই বরং যত দিন যাচ্ছে অসমে বন্যা পরিস্থিতি আরও ভয়ঙ্কর রূপ ধারণ করছে । গত ২৪ ঘণ্টায় তিন শিশু-সহ আরও ন’জনের মৃত্যু হওয়ায়, বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭১ । গত ২৪ ঘণ্টায় মৃত ন’জনের মধ্যে বন্যার জলে তলিয়ে গিয়ে মারা গেছেন ছ’জন । বাকি তিন জন মারা গিয়েছেন ধসে চাপা পড়ে। ধসের তিনটি ঘটনাই ঘটেছে কাছার জেলায়। অসমের নগাঁও-এ বন্যার জলে ভেসে গিয়েছেন তিন পুলিশকর্মী । অসম পুলিস জানিয়েছে, একটি মামলার তদন্তে কামপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে ওই এলাকায় গিয়েছিল পুলিশের একটি দল। অফিসার ইনচার্জ রাজীব বরদোলোই এবং বাকি দুই পুলিশকর্মীই বন্যার জলের তোড়ে ভেসে যান। কনস্টেবলের দেহ উদ্ধার হলেও অফিসার ইনচার্জ রাজীব এবং তাঁর সহকর্মী সমুজ্জল কাকাটি এখনও নিখোঁজ। সবমিলিয়ে বন্যা পরিস্থিতিতে এখনও পর্যন্ত অসমে আট জনের নিখোঁজ হয়ে যাওয়ার খবর মিলেছে।

রবিবার সন্ধের রিপোর্ট বলছে, অসমের বন্যায় এখনও পর্যন্ত ৪২ লক্ষের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। কাছার, বরপেটা, দু’ জায়গাতেই দু’জন করে ব্যক্তির মৃত্যুর খবর মিলেছে। বাজালি, কামরুপ থেকেও পাওয়া গেছে এক জন করে ব্যক্তির মৃত্যুর খবর । নিখোঁজদের খোঁজে তল্লাশি চালাচ্ছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল এবং পুলিশের দল।লাগাতার ভারী বৃষ্টিতে অসম-সহ উত্তর-পূর্বের ত্রিপুরা, মেঘালয়, অরুণাচলপ্রদেশের মতো রাজ্যে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। ব্রহ্মপুত্র, বেকি, মানস, পাগলাডিয়া, পুঠিমারি, কপিলি, জিয়া-ভরালি নদীর জলস্তর বিপদসীমার উপরে রয়েছে। অসমের বাজালি, বকসা, বিশ্বনাথ, বনগাইগাঁও, কাছার, দারং, ধেমাজি, ধুবরি, ডিব্রুগড়, ডিমা হাসাও, গোয়ালপাড়া, হোজাই, কামরুপ, সাউথ সালমারা, তমুলপুর, তিনসুকিয়া, উদরগুড়ি-সহ ৩৩টি জেলার পরিস্থিতি অত্যন্ত উদ্বেগের।

বৃষ্টির সঙ্গে বাড়ছে ধস । পাহাড়ি এলাকার রাস্তা বন্ধ। শনিবার রাতেও কাছারে ধসে চাপা পড়ে মৃত্যু হয় দু’জনের। বড়খাই চা বাগান এলাকায় মাটির একটি বড় অংশ পাহাড় থেকে খসে পড়ে সমতলে একটি বাড়ির উপর । সেখান থেকেই দু’জনের দেহ উদ্ধার হয়।এমন বেহাল পরিস্থিতিতে বন্যা নিয়ন্ত্রণে বিজেপি কোনও পদক্ষেপ নিচ্ছেনা বলেই অভিযোগ তুলছেন প্রাক্তন সাংসদ রিপুন বোরা তথা অসম তৃণমূলের সভাপতি । তাঁর কথায়, অত্যন্ত খারাপ পরিস্থিতি চতুর্দিকে। কিন্তু, বিজেপি নেতারা অসম ছেড়ে ত্রিপুরাতে এসে উপনির্বাচনের জন্য প্রচার করছেন । অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাও ত্রিপুরাতে প্রচারের কাজে ব্যস্ত । দুর্গতদের পাশে না থেকে কেন মুখ্যমন্ত্রী ত্রিপুরায়, প্রশ্ন তোলেন বোরা । পাশাপাশি তাঁর আরও মন্তব্য, ‘ মুখ্যমন্ত্রী ও তাঁর আমলাদের উচিত দুর্গতদের জন্য কাজ করা । কিন্তু, দুর্গতদের পাশে তাঁদের কাউকে দেখা যায়নি। তাঁরা সকলেই নিজ নিজ প্রচারে ব্যস্ত ।’

রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব ক্ষুদ্ধ হয়ে বলেছেন, মিথ্যা কাজের প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি । কোভিডের সময় হেমন্ত বিশ্ব শর্মা সাধারণ মানুষের পাশে দাঁড়াননি। এখনও তিনি পাশে নেই । বিরোধীদের মন্তব্য, স্মার্ট সিটির প্রতিশ্রুতি কেবল প্রতিশ্রুতি হয়েই রয়ে গেছে। কোটি কোটি টাকা হজম করছে বিজেপি নেতারা । রাস্তার জল ঘরে গিয়ে ঢুকছে । কেন ত্রিপুরার মানুষ এই নেতাদের জন্য ভোট দেবে? ‘ প্রশ্ন তৃণমূল বিধায়কদের । একই পরিস্থিতি বাংলাদেশেও । বন্যা পরিস্থিতির মারাত্মক আকার নিলেও সিলেট ও সুনামগঞ্জের উপদ্রুত এলাকার বেশিরভাগ মন্ত্রী-এমপি এখন পর্যন্ত রাজধানী ঢাকায় রয়েছেন । দুঃসময়ে নির্বাচিত প্রতিনিধিদের কাছে না পেয়ে হতাশা ব্যক্ত করেছেন দুর্গত মানুষ ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল মঙ্গলবার বন্যাপীড়িত সিলেট ও সুনামগঞ্জে যাচ্ছেন। তিনি বন্যাকবলিত অসহায় মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করবেন । আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাও পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী । আগামী দু’দিন এই বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। ব্রহ্মপুত্র, ধরলা নদীর জল বেড়ে যাওয়ার কারণে জলবন্দি কুড়িগ্রামের উলিপুর ফুলবাড়ী, চিলমারী, রাজারহাট এলাকার অন্তত ৪৪ হাজার মানুষ । পটুয়াখালীতে উজানের ঢলের কারণে নদ-নদীতে জলের উচ্চতা স্বাভাবিকের চেয়ে ২-৩ ফুট বেড়েছে। ফলে প্লাবিত অনেক গ্রাম। তলিয়ে গিয়েছে কয়েক হাজার হেক্টর জমি । সেইসঙ্গে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই সিলেট ও সুনামগঞ্জে প্রায় পুরো এলাকা বন্যার জলে ডুবে গিয়েছে। জলবন্দি মানুষকে উদ্ধার করতে নেমেছে সেনাবাহিনী । কিন্তু রেলপথ, রাজপথ জলের তলায় তলিয়ে যাওয়ার উদ্ধারকার্যে সমস্যা হচ্ছে। যোগাযোগ বিচ্ছিন্ন, তার ওপরে বিদ্যুৎ না থাকায় সমস্যা আরও বেড়েছে ।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের কাছাকাছি চলে এসেছে বন্যার জল। এই কারণে সোমবার রাত পর্যন্ত সেখানে ফ্লাইট ওঠা-নামা বন্ধ রাখা হয়েছে। সব শিক্ষা বোর্ডের এসএসসি জেনারেল, এসএসসি ভকেশনাল এবং দাখিল পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ১৯ তারিখ থেকে এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ আধিকারিক এম এ খায়ের জানান, পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে জানানো হবে ।

এখনও পর্যন্ত বন্যায় বাংলাদেশে ২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই মারা গিয়েছেন ২১ জন । জায়গায় জায়গায় ধস নেমেছে । তাতে চাপা পড়ে মৃত্যু হয়েছে চার জনের।
দেশের এই ভয়াবহ ছবি সোশাল মাধ্যমে তুলে ধরে অভিনেত্রী জয়া এহসান লেখেন, ‘দেশের একটি অংশের প্রায় ৮০ শতাংশ ডুবে যাওয়ার মতো এমন বন্যা আগে কখনও হয়নি বাংলাদেশে। সিলেট এবং সুনামগঞ্জের ভয়াবহ বন্যা পরিস্থিতির ছবি দেখে শিউরে উঠছি। ঝুঁকি এড়াতে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে একাধিক এলাকায় । ইন্টারনেট তো বটেই, এক জায়গা থেকে অন্যত্র যোগাযোগও বন্ধ ।’

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!