Advertisement
  • দে । শ
  • অক্টোবর ২৯, ২০২৬

মার্কিন পারমাণবিক গবেষণাগারে অগ্নিকাণ্ড, জারি জরুরি অবস্থা

আরম্ভ ওয়েব ডেস্ক
মার্কিন পারমাণবিক গবেষণাগারে অগ্নিকাণ্ড, জারি জরুরি অবস্থা

অগ্নিকাণ্ড মার্কিন যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যের এক প্রধান পারমাণবিক কেন্দ্রের গবেষণাগারে। আইকেন শহরের কাছে সাভানা রিভার সাইট কমপ্লেক্সের সাভানা রিভার ন্যাশনাল ল্যাবরেটরিতে এই আগুন লাগে। জরুরি ভিত্তিতে আগুন নেভানোর কাজ শুরু হয়। প্রায় দুই ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষতিগ্রস্ত ভবনের বাইরে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ার কোনো খবর পাওয়া যায়নি।

আগুন লাগার পর জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে, কেন্দ্রে প্রবেশের পথ বন্ধ করে দেওয়া হয়েছে এবং বাইরে থেকে যানবাহন প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। গবেষণাগারের আশেপাশে রেল, নদী এবং আকাশপথে চলাচলও সীমিত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকার যে সকল কর্মচারীকে আগুন নেভানো বা স্থাপনাটি বন্ধ করার কাজে প্রয়োজন নেই, তাদের নিজ নিজ স্থানে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রের কর্তারা উদ্ধার কাজ পর্যবেক্ষণ করছেন। সংশ্লিষ্ট রাজ্য ও স্থানীয় সরকারি সংস্থাগুলিকেও এই ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের রেডিও এবং টেলিভিশনের খবরে সর্বশেষ তথ্য জানতে পরামর্শ দেওয়া হয়েছে।

সাভানা রিভার সাইট হল মার্কিন পারমাণবিক অস্ত্র কর্মসূচির সাথে যুক্ত একটা প্রধান কেন্দ্র। এটা ৭৫ বছরেরও বেশি সময় ধরে মার্কিন সামরিক বাহিনীর কৌশলগত নিরাপত্তা মিশনে সহায়তা করে আসছে। মার্কিন জ্বালানি বিভাগ অনুসারে, এই কেন্দ্রটি পারমাণবিক উপকরণ এবং তেজস্ক্রিয় বর্জ্য পরিচালনা করে। পার্শ্ববর্তী পরিবেশ রক্ষার জন্য এখানে পরিচ্ছন্নতা অভিযানও চালানো হয়।

পারমাণবিক কেন্দ্রের ওয়েবসাইট অনুসারে, এর অগ্রাধিকার হল কর্মচারী, জনসাধারণ ও পরিবেশের সুরক্ষার পাশাপাশি দেশের নিরাপত্তা নিশ্চিত করা। কেন্দ্রটি ১৯৫০-এর দশকে নির্মিত হয়েছিল। সেই সময়ে এখানে পাঁচটি পারমাণবিক চুল্লি তৈরি করা হয়েছিল। এগুলি পারমাণবিক অস্ত্রে ব্যবহৃত উপাদান, প্রধানত ট্রিটিয়াম এবং প্লুটোনিয়াম-২৩৯, উৎপাদনের জন্য ব্যবহৃত হত। এখানে দুটি রাসায়নিক পৃথকীকরণ কেন্দ্রও তৈরি করা হয়েছিল। এছাড়াও, আরও বেশ কয়েকটি সহায়ক স্থাপনাও নির্মাণ করা হয়েছিল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!