- এই মুহূর্তে বি। দে । শ
- জানুয়ারি ২৫, ২০২৫
প্রজাতন্ত্র দিবসের দিনেই চিন সফরে যাচ্ছেন বিক্রম মিস্রি । সীমান্ত সহ একাধিক ইস্যুতে আলোচনার সম্ভাবনা
অজিত দোভালের পর এবার বিদেশসচিব বিক্রম মিস্রি। চিনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডংয়ের সাথে বৈঠক করবেন। লাদাখের সীমান্ত সমস্য, দুই দেশের বাণিজ্য সম্পর্কিত জটিলতা, তিব্বত প্রদেশে চিনের জলবিদ্যুত প্রকল্প ও মানস সরোবরের তীর্থ যাত্রা বিষয়ে পুনরায় আলোচনা হবে।
আগামী ২৬ জানুয়ারি চিন সফরে যাচ্ছেন ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রি। বিদেশ মন্ত্রকের তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গত কয়েকমাস আগেই বেজিং সফরে যান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।আগামী ২৬ জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের দিনেই চিন সফরে যাবেন বিক্রম। ২ দিনের সফরে চিনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডংয়ের সাথে বৈঠক করবার কথা রয়েছে। কূটনীতিমহলের মতে বিদেশসচিবের এই সফর ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন এক সূচনা হবার সম্ভাবনা।
২০২০ সালের পরবর্তী সময়ে ভারত-চিন সীমান্ত উত্তেজনা চরমে উঠেছিল। গালওয়ান সংঘাতের পর ধাক্কা খায় কূটনৈতিক সম্পর্ক। নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পূর্ব লাদাখের বিভিন্ন এলাকা চিন দখল করে রেখেছিল। চিনের তরফে বিতর্কিত জায়গাগুলি তাঁদের বলে দাবি করা হলে সীমান্তে যুদ্ধপরিস্থিতি তৈরি হয়। নিহত হয়েছিলেন ২০ জন ভারতীয় জওয়ান, পাল্টা হামলায় কয়েকজন চিনা সেনাকর্মীও নিহত হন। যদিও ভারতের তরফে বলা হয়েছিল যুদ্ধ নয়, আলোচনার মধ্য দিয়েই এই সমস্যার সমাধানের চেষ্টা করতে হবে। শুরু হয় কূটনৈতিক ও সামরিক স্তরে একাধিক বৈঠক। ২০২১ সালের জানুয়ারিতে চুশুল-মলডো পয়েন্টে দুই সেনার কোর কম্যান্ডার স্তরের বৈঠকের পর প্রকৃত নিয়ন্ত্রণরেখার কিছু এলাকা থেকে সেনা সরানো হয়েছিল। সম্প্রতি দীর্ঘ আলোচনা শেষে বিতর্কিত এলাকা থেকে সরে গিয়েছে চিনের সেনাবাহিনী। দুই দেশ যৌথ টহলদারিতে রাজি হয়। অবস্থার উন্নতি করতে চিন সফরে গিয়েছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈদেশিক নীতি নিয়ে বৈঠক করেন, আশাপাশি সীমান্ত ও দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ে আলোচনা হয়েছিল।
দক্ষিণ এশিয়ার রাজনৈতিক পরিস্থিতি এই মুহূর্তে টালমাটাল অবস্থায় দাঁড়িয়ে। আফগানিস্তানে তালিবান সরকারের ক্ষমতা দখলের পর চিন বিপুল পরিমাণে বাণিজ্যিক বিনিয়োগ করেছে সেখানে। অন্যদিকে শ্রীলঙ্কায় গত সেপ্টেম্বরে প্রথমবারের জন্য বামপন্থী আনুরা কুমারা দিসানায়েক রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব নিয়েছেন। শ্রীলঙ্কার সাথে চিনের সম্পর্ক ঘনিষ্ট হয়ে ওঠে। একাধিকবার বৈঠক করতে দেখা যায় শি জিংপিং ও দিশানায়েককে। চিনের তরফে বিপুল বিনিয়োগ করা হচ্ছে ভারতের প্রতিবেশি রাষ্ট্রে। সম্প্রতি চিনের সরকারি তৈল শোধনাগার সংস্থা সিনোপেক শ্রীলঙ্কার দক্ষিণাংশে অবস্থিত হাম্বানটোটা এলাকায় একটি তৈল শোধনাগার নির্মাণ করতে ৩৭০ মার্কিন ডলার বিনিয়োগ করেছে। ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরে চিনের অধিপত্ত্য বিস্তারের চেষ্টা সর্বজনবিদিত। কয়েকদশক ধরে চারদিক থেকে ভারতে কোণঠাসা করবার চেষ্টা করছে বেজিং।
বাংলাদেশে আগষ্ট আন্দোলনের ফলশ্রুতিতে হাসিনা সরকারের পতন ও ড. ইউনূসের অন্তর্বতী সরকার গঠনের পর অবস্থা আরো জটিল হয়ে উঠেছে। দেশের নিরপত্তা সংক্রান্ত বিষয়ে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপে রয়েছে ভারত। সীমান্ত সমস্যা তুঙ্গে রয়েছে। অন্যদিকে ইউনূস সরকারের আমলে বাংলাদেশে পাকিস্তান ও চিনের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। বন্দর, অস্ত্রাগার নির্মাণ সহ নানান প্রকল্পে চিন-পাকিস্তান দুই দেশ বিনিয়োগের রাস্তায় হাঁটছে। চট্টগ্রাম বন্দরে দেখা যাচ্ছে পাকিস্তানি যুদ্ধজাহাজ। আইএসআই এজেন্ট নিযুক্ত করা হয়েছে বাংলাদেশে। পাকিস্তানের তরফে বলা হয়েছে, বাংলাদেশে তাঁরা উন্নত ক্ষেপণাস্ত্র নির্মাণ কারখানা তৈরি করতে চলেছে। যা নিয়ে নয়াদিল্লির পাশাপাশি বেজিংয়ের কপালেও চিন্তার ভাঁজ। ২০-২৬ জানুয়ারি চিন সফরে রয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন। এই অবস্থায় ভারতের বিদেশ সচিবের চিন সফর আরও তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ করবার পরেই বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের উপস্থিতিতে ভারত-প্রশান্ত মহাসাগরে নিজেদের অধিপত্য বজায় রাখতে ‘স্কোয়াড’ গঠন করেছে মার্কিন সরকার। ভারত-জাপান-অস্ট্রেলিয়া-আমেরিকা চার দেশের মিলিত স্কোয়াড সাগরে দেশগুলির বাণিজ্যিক ও নিরাপত্তা বিষয়ক বিষয়ে কাজ করবে। মনে করা হয়েছিল চিনকে কোণঠাসা করতেই তড়িঘড়ি এই পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প। আগামী ফেব্রুয়ারিতে প্যারিসে ট্রাম্প-মোদির দ্বিপাক্ষিক বৈঠক হবার কথা। সেখানে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও নির্বাচন করানোর জন্য পদক্ষেপ গ্রহণ করা হতে পারে। চিনের বাড়াবাড়িতে লাগাম টানতে ভারতকে আরও কাছে পেতে চাইছে ট্রাম্প প্রশাসন।
তবে ভারতের বিদেশ নীতি আমেরিকার থেকে ভিন্ন। আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠতার পাশাপাশি বেজিংয়ের সঙ্গেও সুসম্পর্ক রাখতে চায় মোদি সরকার। বিশেষ করে যখন চিনের অর্থনীতি দ্রুত হারে বিকশিত হচ্ছে, সেখানে ভারত বিবাদে জড়িয়ে নিজেকে দুর্বল করতে চাইছে না। ২০২০ সালে গালওয়ান পরিস্থিতির পর পূর্ব লাদাখের বিভিন্ন অঞ্চলে নিয়ন্ত্রণরেখা ঘিরে দুই দেশের সম্পর্ক ক্রমশই অবনতির পথে চলেছিল। সম্প্রতি বেশ কিছু অঞ্চল থেকে সেনা প্রত্যাহারে ঐক্যমত হলেও ডেপসাং ও ডেমচক নিয়ে উদ্বেগ এখনও পুরোপুরি কাটেনি। দক্ষিণ এশিয়ার সামগ্রিক রাজনৈতিক, অর্থনৈতিক টেনশন কমাতে বিদেশসচিবের এই সফর ট্রাম্পকার্ড হতে পারে।
❤ Support Us








