Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • নভেম্বর ১৩, ২০২৬

‘হানিট্র্যাপ’-এর মধুর ফাঁদ ! জেনসেন হুয়াং থেকে সেনা আধিকারিক, গুপ্তচরবৃত্তির পুরনো অস্ত্রেই কুপোকাত ?

আরম্ভ ওয়েব ডেস্ক
‘হানিট্র্যাপ’-এর মধুর ফাঁদ ! জেনসেন হুয়াং থেকে সেনা আধিকারিক, গুপ্তচরবৃত্তির পুরনো অস্ত্রেই কুপোকাত ?

যুদ্ধের পরিকল্পনা, ড্রোনের ক্ষমতা, সেনা মোতায়েনের অবস্থান থেকে শুরু করে যুদ্ধবিমানের গতিবিধি — দেশের একাধিক স্পর্শকাতর সামরিক তথ্য পাকিস্তানের সন্দেহভাজন গুপ্তচরের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় বায়ুসেনার এক আধিকারিকের বিরুদ্ধে। পাঁচ মাস আগে গ্রেফতার হওয়া ওই আধিকারিকের বিরুদ্ধে দিল্লির আদালতে চার্জশিট পেশ করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, একের পর এক গোপন নথি সরবরাহ করেছিলেন তিনি। ঘটনাটি নতুন করে সামনে এনে দিয়েছে আন্তর্জাতিক গুপ্তচরবৃত্তির দুনিয়ায় দীর্ঘদিনের পরিচিত কৌশল ‘হানিট্র্যাপ’ বা মধুময় প্রেমের ফাঁদের প্রসঙ্গ।

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার ভারতীয় বায়ুসেনার মামলায় তদন্তকারীদের অভিযোগ, এক সন্দেহভাজন পাক গুপ্তচরের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ রেখে দেশের সামরিক বাহিনীর একাধিক গোপন তথ্য পাচার করেছিলেন ওই আধিকারিক। যুদ্ধের পরিকল্পনা সংক্রান্ত নথি, ড্রোনের কার্যক্ষমতা, সামরিক ঘাঁটিতে সেনা মোতায়েনের অবস্থান, যুদ্ধবিমানের গতিবিধি, স্পর্শকাতর সামরিক স্থাপনার অবস্থান — কিছুই বাদ যায়নি সে তালিকা থেকে। এমনকি প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে যুদ্ধের পরিকল্পনার একটি করে নতুন পাতা দেওয়ার প্রস্তাবও দিয়েছিলেন তিনি বলে দাবি পুলিশের।

পাঁচ মাস আগে গ্রেফতার করা হয়েছিল ওই উইং কমান্ডারকে। তাঁর বিরুদ্ধে ‘সরকারি গোপনীয়তা আইন’-এর বিভিন্ন ধারায় মামলা দায়ের হয়েছে। সম্প্রতি দিল্লির একটি আদালতে পেশ করা চার্জশিটে গোটা ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছে পুলিশ। তদন্তকারীদের বক্তব্য, ওই আধিকারিকের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে দেশের গুরুত্বপূর্ণ সামরিক সম্পদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। সামরিক অভিযানের একাধিক দুর্বলতাও প্রকাশ্যে চলে আসতে পারত। ফলে জাতীয় নিরাপত্তার উপর গুরুতর প্রভাব পড়ার সম্ভাবনা ছিল।চার্জশিটে বলা হয়েছে, একটি গোপন ড্রোন ইউনিটের সদস্যসংখ্যা, সাংগঠনিক কাঠামো, ড্রোনের সামরিক কার্যক্ষমতা, পরীক্ষামূলক উড়ান, অস্ত্র ব্যবস্থার কার্যক্ষমতার স্থায়িত্ব এবং লক্ষ্যবস্তুতে আঘাত হানার পদ্ধতি সম্পর্কে তথ্য ওই পাক গুপ্তচরের কাছে পৌঁছে দিয়েছিলেন অভিযুক্ত আধিকারিক। যুদ্ধ পরিস্থিতিতে কোথায় কোথায় ওই ড্রোন ইউনিট মোতায়েন করা হতে পারে, সে তথ্যও ফাঁস করা হয়েছিল বলে অভিযোগ।

পুলিশের দাবি, চলতি বছরের ১২ জানুয়ারি থেকে ১ এপ্রিল পর্যন্ত হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওই সন্দেহভাজন পাক গুপ্তচরের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল উইং কমান্ডারের। অফিসে স্মার্টফোন নিয়ে যাওয়ার সময় তাঁকে আটক করে তল্লাশি চালানো হয়। তার পরেই সামনে আসে একাধিক তথ্য। চার্জশিট অনুযায়ী, ওই পাক গুপ্তচরের কাছ থেকে নগ্ন ছবি পাওয়ার পর ‘গোপন যুদ্ধ পরিকল্পনা’র একটি পাতার ছবি আপলোড করেছিলেন অভিযুক্ত। শুধু তা-ই নয়, প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে যুদ্ধ পরিকল্পনার একটি করে নতুন পাতা সরবরাহ করার কথাও জানিয়েছিলেন তিনি। তদন্তে আরও উঠে এসেছে, ওই সন্দেহভাজন গুপ্তচর অভিযুক্তের কাছে কয়েকটি ম্যালওয়্যার অ্যাপ্লিকেশন পাঠিয়েছিলেন। সেগুলি আধিকারিকের ব্যবহৃত ডিজিটাল যন্ত্রে ইনস্টল করা হলে সেখানে থাকা স্পর্শকাতর তথ্য এবং সামরিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তাঁর যোগাযোগের বিবরণ হাতিয়ে নেওয়া সম্ভব হতো।

পুলিশের অভিযোগ, অভিযুক্ত আধিকারিক নিজের অধীনস্থ ইউনিটে কর্মরত পাঁচ জন কর্মীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংক্রান্ত যন্ত্রেও নির্দিষ্ট ম্যালওয়্যার ও স্পাইওয়্যার ইনস্টল করার কাজ করেছিলেন। চার্জশিটে আরও উল্লেখ রয়েছে, লেহ-তে যুদ্ধবিমান মোতায়েনের তথ্য এবং রাজস্থানের সুরতগড়ের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুষ্ঠিত একটি সামরিক মহড়ার বিবরণও ওই আধিকারিক ফাঁস করেছিলেন। তদন্তকারীদের দাবি, হোয়াটসঅ্যাপে তাঁদের মধ্যে যোগাযোগের পরিমাণও ছিল যথেষ্ট বেশি। তথ্য বিশ্লেষণ করে দেখা গিয়েছে, মোট ৩,০০৮টি টেক্সট মেসেজ, ৬৫টি ছবি, ৬৫টি রিঅ্যাকশন, ৪২টি ভয়েস কল, ৪টি ভিডিয়ো কল এবং ৬ টি ‘ইউআরএল’ আদানপ্রদান হয়েছিল।

বায়ুসেনার ওই আধিকারিকের বিরুদ্ধে ওঠা অভিযোগ নতুন করে সামনে এনেছে গুপ্তচরবৃত্তির দুনিয়ায় বহুল ব্যবহৃত ‘হানিট্র্যাপ’ কৌশলকে। শুধু ভারত-পাকিস্তান নয়, বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা দীর্ঘদিন ধরেই এ পদ্ধতি ব্যবহার করে আসছে। প্রেম, যৌন আকর্ষণ কিংবা ব্যক্তিগত সম্পর্ককে হাতিয়ার করে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়াই এই কৌশলের মূল উদ্দেশ্য। সম্প্রতি আমেরিকার প্রযুক্তি সংস্থা এ’নভিডিয়া’র সিইও জেনসেন হুয়াংয়ের সঙ্গে চিনা মহিলার বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশ্যে আসার পরেও এ নিয়ে জোর আলোচনা হচ্ছে বিশ্বজুড়ে। ওই মহিলা চিনের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করতেন বলে সন্দেহ করা হচ্ছে। তবে ‘হানিট্র্যাপ’-এর ইতিহাস আধুনিক প্রযুক্তির যুগে শুরু হয়নি। এর শিকড় ছড়িয়ে রয়েছে বহু শতাব্দী আগে।

অক্সফোর্ড ইংরেজি অভিধান অনুযায়ী, ‘হানিপট’ শব্দটির প্রাচীনতম ব্যবহার পাওয়া যায় ১৪৭৫ খ্রিস্টাব্দে প্রকাশিত ইংরেজি-লাতিন শব্দকোষ ‘ক্যাথোলিকন অ্যাংলিকাম’-এ। প্রথম দিকে এমন কোনো আকর্ষণীয় বস্তু বা বিষয় বোঝাতে শব্দটি ব্যবহৃত হতো, যা মানুষকে নিজের দিকে টেনে আনে। অন্যদিকে, ‘হানিট্র্যাপ’ শব্দটির আক্ষরিক অর্থ ছিল মধুকে টোপ হিসাবে ব্যবহার করে পোকামাকড় ধরার ফাঁদ। পরে গুপ্তচরবৃত্তির জগতে এই দুটি শব্দের বিশেষ অর্থ তৈরি হয়। বর্তমানে ‘হানিট্র্যাপ’ বলতে এমন এক গুপ্তচরবৃত্তির কৌশলকে বোঝায়, যেখানে কোনো ব্যক্তিকে প্রেমের সম্পর্ক বা যৌনতার প্রলোভন দেখিয়ে এমন কারও কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়, যাঁর হাতে রয়েছে রাষ্ট্রীয় বা সামরিক গোপনীয়তা। কখনো এ পদ্ধতিতে দূতাবাস বা কনস্যুলেটে প্রবেশের সুযোগও তৈরি করা হয়। এক সময়ে সরাসরি শারীরিক সম্পর্কই ছিল এই কৌশলের প্রধান হাতিয়ার। কিন্তু ইন্টারনেটের প্রসারের সঙ্গে সঙ্গে বদলেছে পদ্ধতি। ভুয়ো সমাজমাধ্যমের অ্যাকাউন্ট, ডিজিটাল পরিচয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি ‘ডিপফেক ছবি’ বা ভিডিয়ো ব্যবহার করে এখন ‘সাইবার হানিট্র্যাপ’-এর জাল বিছানো হচ্ছে।

‘হানিট্র্যাপ’-এর প্রাচীনতম উদাহরণ হিসাবে অনেকে বাইবেলের বর্ণিত স্যামসন ও ডেলাইলার কাহিনির উল্লেখ করেন। সেখানে ডেলাইলা নামে এক মহিলাকে ফিলিস্তিনিরা ঘুষ দিয়েছিল স্যামসনের অতিমানবীয় শক্তির রহস্য জানার জন্য। ডেলাইলার প্রেমে পড়ে স্যামসন শেষ পর্যন্ত নিজের গোপন কথা তাঁকে জানিয়ে দেন। পরে সে তথ্য শত্রুপক্ষের হাতে পৌঁছে যায়। তবে পরিকল্পিত ভাবে এই কৌশলের ব্যবহার শুরু হয় বিংশ শতাব্দীতে। প্রথম বিশ্বযুদ্ধের সময় ডাচ নৃত্যশিল্পী মাতাহারির নাম জড়িয়ে পড়েছিল গুপ্তচরবৃত্তির অভিযোগে। তাঁর প্রকৃত নাম মার্গারেথা গিরট্রুইডা ম্যাকলিয়ড। প্যারিসে নৃত্যশিল্পী হিসাবে জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। বিভিন্ন সামরিক আধিকারিকের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সে সম্পর্কের কয়েকটিতে অর্থের লেনদেনও হয়েছিল। পরে এক জার্মান কনসালের কাছ থেকে অর্থ পাওয়ার তথ্য সামনে আসার পর তাঁকে জার্মান গুপ্তচর হিসাবে দোষী সাব্যস্ত করে ফরাসি সামরিক আদালত। ১৯১৭ সালে গুলি করে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। যদিও পরবর্তী সময়ে তাঁর অপরাধ নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকে মনে করেন, ফ্রান্সের যুদ্ধকালীন ব্যর্থতার দায় চাপানোর জন্য তাঁকে ‘বলির পাঁঠা’ করা হয়েছিল।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও এই কৌশলের ব্যবহার হয়েছিল। আমেরিকার অভিজাত মহলে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে ব্রিটিশ স্বার্থের পক্ষে তথ্য সংগ্রহের দায়িত্বে ছিলেন ‘রয়্যাল এয়ার ফোর্স’-এর প্রাক্তন পাইলট রোয়াল্ড ডাল। পরবর্তী সময়ে শিশু-কিশোর সাহিত্যের জনপ্রিয় লেখক হিসাবে পরিচিতি পান তিনি। কিন্তু যুদ্ধের সময়ে আমেরিকার রাজনীতিক, সাংবাদিক, শিল্পপতি এবং প্রভাবশালী মহিলাদের সঙ্গে সম্পর্ক তৈরি করার পিছনে ছিল গোয়েন্দা সংস্থার পরিকল্পনা। একই সময়ে ব্রিটিশ গুপ্তচর বেটি প্যাকও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। এক ফরাসি দূতাবাসের আধিকারিককে প্রলুব্ধ করে ফ্রান্সের নাৎসি-সহযোগী ভিশি সরকারের নৌবাহিনীর সাংকেতিক কোড সংগ্রহ করেছিলেন তিনি। সেই তথ্যের ভিত্তিতেই ১৯৪২ সালের শেষ দিকে উত্তর আফ্রিকার ভিশি-নিয়ন্ত্রিত কয়েকটি অঞ্চলে আমেরিকার সামরিক অভিযান সহজ হয়েছিল।

তবে, ‘হানিট্র্যাপ’-এর ক্ষেত্রে শুধু মহিলাদের ব্যবহার করা হয়, এমনও নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ঠান্ডা যুদ্ধের সময়ে পূর্ব জার্মানির গোয়েন্দা সংস্থা স্টাসি এ কৌশলে পুরুষদেরও নিয়োগ করেছিল। পঞ্চাশের দশকে গোয়েন্দা প্রধান মার্কুস উল্‌ফ ‘রোমিও স্পাই’ নামে বিশেষ দল তৈরি করেন। সুদর্শন ও ভদ্র আচরণের পুরুষ গুপ্তচরদের কাজে লাগানো হতো পশ্চিম জার্মানির প্রভাবশালী মহিলাদের সঙ্গে সম্পর্ক তৈরির জন্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বহু জার্মান পুরুষের মৃত্যু হওয়ায় পশ্চিম জার্মানির অনেক মহিলা সঙ্গীর অভাব অনুভব করছিলেন। সে পরিস্থিতির সুযোগ নিয়েই রোমিও স্পাইরা তাঁদের ঘনিষ্ঠ হয়ে উঠতেন। এর মাধ্যমে পশ্চিম জার্মানির সরকার এবং গুরুত্বপূর্ণ শিল্পক্ষেত্রের গোপন তথ্য সংগ্রহ করা হতো।

ষাটের দশকে স্টাসি মহিলাদেরও এ কাজে ব্যবহার করে। স্টাসি প্রধান এরিখ মিয়েলকের নাম অনুসারে তাঁদের পরিচিতি ছিল ‘মিয়েলকের মেইডেনস’। পশ্চিমি কূটনীতিক এবং ব্যবসায়ীদের প্রেমের ফাঁদে ফেলে গোপন তথ্য সংগ্রহ ও ব্ল্যাকমেল করাই ছিল তাঁদের কাজ। এমনকি সমকামী পুরুষ ও মহিলাদেরও ব্ল্যাকমেলের সম্ভাব্য লক্ষ্য হিসাবে চিহ্নিত করা হতো। রুশ গোয়েন্দা সংস্থা ‘কেজিবি’-র ক্ষেত্রেও যৌন সম্পর্ককে হাতিয়ার করে তথ্য সংগ্রহের পাশাপাশি ব্ল্যাকমেলের ঘটনা ঘটেছে। এ পদ্ধতিকে বলা হত ‘কমপ্রোম্যাট’। অর্থাৎ, কোনো ব্যক্তির বিরুদ্ধে আপত্তিকর বা অপরাধমূলক তথ্য সংগ্রহ করে তাঁকে চাপে রাখা। অবৈধ যৌন সম্পর্কের প্রমাণ ব্যবহার করে সংশ্লিষ্ট ব্যক্তিকে ব্ল্যাকমেল করাই ছিল এর অন্যতম উদ্দেশ্য।

আশির দশকে মস্কোয় আমেরিকার দূতাবাসে কর্মরত মেরিন সেনা ক্লেটন লোনেট্রির ঘটনাও উল্লেখযোগ্য। দূতাবাসের এক মহিলা অনুবাদক তাঁর সঙ্গে সম্পর্ক তৈরি করেন। পরে তাঁকে ‘কেজিবি’-র এক আধিকারিকের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া হয়। ভিয়েনায় বদলি হওয়ার পরেও রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তি চালিয়ে যান লোনেট্রি। পরে আত্মসমর্পণ করেন তিনি। আমেরিকার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত হওয়া প্রথম মেরিন সেনা ছিলেন তিনি। এ ধরনের কৌশল যে শুধু রাশিয়া বা পূর্ব ইউরোপের দেশগুলির মধ্যেই সীমাবদ্ধ ছিল না, তা স্পষ্ট হয়েছিল ১৯৭৫ সালের নভেম্বর মাসে। সে সময় ‘এফবিআই’য়ের প্রাক্তন সহকারী অধিকর্তা উইলিয়াম সুলিভান মার্কিন কংগ্রেসের একটি কমিটির সামনে সাক্ষ্য দিতে গিয়ে জানিয়েছিলেন, বিশ্বের বিভিন্ন গোয়েন্দা সংস্থাই যৌনতাকে হাতিয়ার করে। সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে আমেরিকাও এ কৌশল ব্যবহার করেছে বলে স্বীকার করেছিলেন তিনি।

ভারতেও গত কয়েক দশকে ‘হানিট্র্যাপ’-এর একাধিক ঘটনা সামনে এসেছে। সরকারি আধিকারিক, সামরিক বাহিনীর সদস্য থেকে শুরু করে প্রতিরক্ষা গবেষণার সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিশানা করার অভিযোগ উঠেছে পাকিস্তানি গুপ্তচরদের বিরুদ্ধে। সাম্প্রতিক ঘটনাগুলোর অধিকাংশ ক্ষেত্রেই সমাজমাধ্যমের ভুয়ো পরিচয় ব্যবহার করে যোগাযোগ তৈরি করা হয়েছিল। ২০২৩ সালের মে মাসে মহারাষ্ট্রের সন্ত্রাসদমন শাখা গ্রেফতার করেছিল প্রদীপ কুরুলকরকে। সে সময় তিনি প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (ডিআরডিও) রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট (ইঞ্জিনিয়ার্স) গবেষণাগারের প্রধান ছিলেন। জারা দাশগুপ্ত নামে পরিচয় দেওয়া এক মহিলার কাছে প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রকল্পের তথ্য ফাঁস করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। ওই মহিলা পাকিস্তানের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করতেন বলে সন্দেহ করা হয়। নগ্ন ছবি এবং যৌন বার্তালাপের বিনিময়ে কুরুলকর তথ্য সরবরাহ করেছিলেন বলে অভিযোগ। ২৬ সালের জুলাই মাসে তাঁর মামলার বিচার শুরু হয়েছে।

এর আগে ২০২২ সালের জুলাই মাসে ভারতীয় সেনার শান্তিময় রানা গ্রেফতার হয়েছিলেন। অভিযোগ, সমাজমাধ্যমে মহিলার ভুয়ো পরিচয় তৈরি করে পাকিস্তানি গুপ্তচরেরা তাঁকে প্রেমের ফাঁদে ফেলেছিল। পরে তাঁর কাছ থেকে গোপন সামরিক তথ্য সংগ্রহ করা হয় বলে অভিযোগ ওঠে। পর পর এই ধরনের ঘটনা সামনে আসার পর সেনাবাহিনীর কর্মীদের জন্য সমাজমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সতর্কতামূলক নির্দেশিকা জারি করা হয়েছে। অতিরিক্ত সমাজমাধ্যম ব্যবহারের বিপদ সম্পর্কে তাঁদের সতর্ক করা হয়েছে। পাশাপাশি, প্রতিপক্ষের প্রচার মোকাবিলা এবং তথ্যযুদ্ধের প্রস্তুতি জোরদার করতে ভারতীয় সেনার সদর দফতরে একটি পৃথক তথ্যযুদ্ধ দল গড়ে তোলা হয়েছে। এ বছরের সালের এপ্রিল মাসে তৎকালীন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী জানিয়েছিলেন, ওই ইউনিট কাজ শুরু করেছে। প্রতিপক্ষের বয়ান মোকাবিলা এবং জনমানসে ধারণা নিয়ন্ত্রণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই দল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!