- দে । শ প্রচ্ছদ রচনা
- জানুয়ারি ২১, ২০২৫
গোমূত্রে ঔষধী গুণ ! প্রশংসায় আইআইটি মাদ্রাজের প্রধান, দেশজুড়ে শুরু বিতর্ক
বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে গোমূত্র মানুষের খাওয়ার জন্য নিরাপদ নয়, এ নিয়ে নানান গবেষণাপত্র রয়েছে, সে সম্পর্কে আইআইটি প্রধানের মন্তব্য, তিনি গবেষণায় গোমূত্রে কোনো ক্ষতিকারক উপাদান পাননি
ভারতের অন্যতম সেরা বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিষ্ঠান আইআইটি মাদ্রাজ। বিজ্ঞান চেতনার পীঠস্থানের প্রধানের এহেন গোমূত্রের ওষধি গুণ নিয়ে প্রশংসা করবার কথা সামনে আসতেই দেশজুড়ে হৈচৈ পরে গিয়েছে। শুরু হয়েছে রাজনৈতিক চাপানতোর। সম্প্রতি তামিলনাড়ুতে গো সমরক্ষাশালায় একটি অনুষ্ঠানে আইআইটি মাদ্রাজের প্রধান ভিজিনাথন কামাকোটি বলেছিলেন, ‘‘গোমূত্রের নানাবিধ ওষধি গুণ রয়েছে। এটি ব্যাকটিরিয়া ও ছত্রাকনাশক।’’ সেই অনুষ্ঠানে, তিনি এক সন্নাসীর প্রসঙ্গ এনে বলেছিলেন, গোমুত্র খেয়ে ওই সন্নাসীর জ্বর সেরে গেছিল। পেটের সমস্যা নিরাময়েও বিশেষ উপকারী গোমুত্র। তবে তাঁর আলোচনার বিষয় ছিল কৃষিজমিতে জৈবসারের ব্যবহার নিয়ে।
সোমবার নিজের মন্তব্য সমর্থনে, সংবাদমাধ্যমকে কামাকোটি বলেছেন, “আমার বক্তব্য নিয়ে বিতর্ক শুরু হয়েছে। আমি যা বলেছি তাতে বৈজ্ঞানিক সমর্থন আছে কিনা সে নিয়ে। আমার কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে। আমার কাছে এই মুহুর্তে পাঁচটি গবেষণাপত্র রয়েছে, যার মধ্যে একটি শীর্ষ মার্কিন জার্নালে প্রকাশিত, তাতে বলা হয়েছে, গোমুত্রে আসলেই অ্যান্টি-ফাঙ্গাল, অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে। প্রয়োজনে আমি সেগুলি দেখাতে পারি।”
তিনি আরো বলেছেন, আমার ওই মন্তব্য জৈব চাষের সঙ্গে সম্পর্কিত। দেশীয় গবাদি পশুর সুরক্ষার প্রেক্ষাপটে বলেছিলাম। যা দেশের কৃষি এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ” গোমূত্র নিয়ে আরো গবেষণা হওয়া উচিৎ বলে মনে করেন কামাকোটি। তিনি নিজে গোমূত্র পান করেন কি না ? এই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, “হ্যাঁ আমি পঞ্চগব্য সেবন করি।” বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে গোমূত্র মানুষের খাওয়ার জন্য নিরাপদ নয়, এ নিয়ে নানান গবেষণাপত্র রয়েছে, সে সম্পর্কে আইআইটি প্রধানের মন্তব্য, তিনি গবেষণায় গোমূত্রে কোনো ক্ষতিকারক উপাদান পাননি।
মোদি জমানায় বিজেপি নেতাদের গোমুত্র নিয়ে করা মন্তব্যে একাধিকবার বিতর্কের সৃষ্টি হয়েছে। কামাকোটি নিজের অবস্থানের পক্ষে যুক্তি দেওয়ার পর থেকেই শুরু হয়েছে প্রবল রাজনৈতিক তরজা। সোমরার একটি বিবৃতিতে তামিলনাড়ু প্রদেশ কংগ্রেসের সভাপতি কে সেলভাপেরুনথাগাই সমালোচনা করে বলেছেন, কামাকোটির এই মন্তব্য বৈজ্ঞানিক চিন্তাভাবনাকে দুর্বল করে এবং দেশে কুসংস্কারের যে জোয়ার লেগেছে তাকে বাহবা দেয়। আইআইটি মাদ্রাজের প্রধানের পক্ষে এরকম মন্তব্য ভীষণ অযাচিত।
ডিএমকে নেতা টিকেএস এলানগোভানের তীব্র কটাক্ষ করে বলেছেন, এ ভাবেই বিজেপি দিনে দিনে দেশের বিজ্ঞানমনস্কতা, শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দিচ্ছে। তিনি আরো বলেন, ‘‘আইআইটি তো ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত। উনি আইআইটিতে কী করছেন? ওঁকে বরং আইআইটির বদলে এমসের ডিরেক্টর পদে বসানো হোক ! ওঁরা উত্তরপ্রদেশে বা অন্য কোথাও গিয়ে গোমূত্র নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে মানুষকে ঠকাতে পারেন, এখানে নয়। ওঁর মতো শিক্ষকেরা যদি ক্লাস নেন, সেটা পড়ুয়াদের জন্য দুর্ভাগ্যজনক।’’
স্বাভাবিকভাবেই বিজেপি সমর্থন করেছে কামাকেটির মন্তব্যকে। রাজ্যের বিজেপি নেতা নারায়ণ তিরুপতির মন্তব্য, ‘‘গোমূত্র প্রাচীন কাল থেকেই ভারতে একটি ঐতিহ্যবাহী ওষুধ। অনেক ওষুধেও গোমূত্র মেশানো থাকে। আইআইটির ডিরেক্টরের মতো এক জন উচ্চশিক্ষিত মানুষকে নিয়ে এমন মন্তব্য করা যায় না।’’
সিপিআই, সিপিআইএমের মতো বামপন্থী দলগুলি আইআইটি-এম-এর পরিচালক হিসাবে কামাকোটির অবিলম্বে অপসারণের দাবি জানিয়েছে। তামিলনাড়ুর বিভিন্ন ছাত্রসংগঠন এই মন্তব্যের জন্য আইআইটি প্রধানের কঠোর সমালোচনা করেছে। ‘‘আইআইটির ডিরেক্টর সিউডো-সায়েন্স চর্চা করছেন ! মন্তব্য কংগ্রেস সাংসদ কার্তি চিদম্বরমের।
❤ Support Us





