- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- ডিসেম্বর ২৬, ২০২৩
আজ শুরু ভারত–দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট, বৃষ্টির আশঙ্কা
তিন দশকের বেশি সময় হয়ে গেল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলছে ভারত। ১৯৯২ সালে প্রথমবার মহম্মদ আজহারউদ্দিনের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল ভারত। এখনও দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জিততে পারেনি। ৩১ বছরের খরা কাটিয়ে রোহিত শর্মার নেতৃত্বে এবার সিরিজ জয়ের স্বপ্ন ভারতীয় শিবিরের। সেই লক্ষ্যেই আজ মাঠে নামছেন রোহিতরা। তবে প্রথম টেস্টে ব্যাঘাত ঘটাতে পারে বৃষ্টি। বৃষ্টির জন্য আজ প্রথম দিনের খেলা হওয়ার সম্ভাবনা কম।
সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে অনুষ্ঠিত হচ্ছে প্রথম টেস্ট। কিন্তু শনিবার থেকেই তুমুল বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির জন্য রবিবার কোনও দলই অনুশীলন করতে পারেনি। আজ সকালে শেষ খবর পাওয়া পর্যন্তও বৃষ্টি চলছিল। পরের দিকে যদি আবহাওয়ার উন্নতি হয়, তাহলে খেলা শুরু হতে পারে। তবে আবাহাওয়া দপ্তরের যা পূর্বাভাস, তাতে বৃষ্টি থামার সম্ভাবনা কম।
বৃষ্টি থামার পর খেলা শুরু হলে টস গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। কারণ, এইরকম স্যাঁতসেঁতে পরিবেশে কোনও দলই প্রথমে ব্যাটিং করতে চাইবে না। এমনিতেই সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কের উইকেট দারুণ গতিময়। যথেষ্ট বাউন্স থাকে। তাছাড়া বাইশ গজ ঢাকা থাকায় দুদিন রোল করা সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে জোরে বোলাররা ভয়ঙ্কর হয়ে উঠবে। ফলে টস জিতলে কোনও দলই প্রথমে ব্যাট করতে চাইবে না।
ভারতীয় দল তিন জোরে বোলার যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজের সঙ্গে মুকেশ কুমারকে খেলাতে পারে। চোটের জন্য মহম্মদ সামির না থাকাটা ভারতীয় দলের কাছে বড় ধাক্কা। কারণ সামির অভাব মুকেশ কুমার কিংবা প্রসিদ্ধ কৃষ্ণকে দিয়ে পূরণ হবে না। ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা সেকথা স্বীকারও করে নিয়েছেন। তিনি বলেন, ‘সামির মতো গুরুত্বপূর্ণ বোলারের অভাব সহজে মিটবে না। ওর অভাব বোধ করব।’
চোটের জন্য টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন ঋতুরাজ গায়কোয়াড়। রোহিত শর্মার সঙ্গে যশস্বী জয়সওয়াল ওপেন করবেন। তিন নম্বরে শুভমান গিল। দুই তরুণ ক্রিকেটারের কাছেই বড় চ্যালেঞ্জ গতিময় ও বাউন্সি উইকেটে কাগিসো রাবাডা, লুঙ্গি এনগিডি, মার্কো জানসেন, জেরাল্ড কোয়েৎজেদের সামলানো। বোলিং বিভাগে ভারতের তুলনায় দক্ষিণ আফ্রিকা এগিয়ে থেকেই মাঠে নামবে।
❤ Support Us







