Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ৩, ২০২৬

পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমস ক্রিকেটে সোনা জয় ভারতের

আরম্ভ ওয়েব ডেস্ক
পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমস ক্রিকেটে সোনা জয় ভারতের

দু-দিন আগেই পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসের হকিতে ফাইনালে উঠেছে ভারত। ক্রিকেটেও ভারতের আধিপত্য। পাকিস্তানকে ১৯ রানে হারিয়ে টানা দ্বিতীয়বার সোনা জিতল ভারতীয় পুরুষ দল। এর আগে মহিলা দলও শ্রীলঙ্কাকে উড়িয়ে দেশকে সোনা এনে দিয়েছে। ফলে ক্রিকেট থেকে ভারতের ঘরে এল দুটো সোনা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১১ রান তোলে ভারত। জবাবে পাকিস্তান তোলে ১৯২/‌৬।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। বৈভব সূর্যবংশী এবং অভিষেক শর্মা প্রথম উইকেটে ২৮ রান যোগ করেন। সাইম আয়ুবের বলে বৈভব আউট হন। দু-টি ছক্কার সাহায্যে ৯ বলে ১৫ রান করেন তিনি। দ্রুত ফিরে যান সঞ্জু স্যামসন (‌২)‌। এরপর শ্রেয়স আয়ার এবং অভিষেক শর্মা দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কাঁধে তুলে নেন। ২৪ বলে ৪২ রানের জুটি গড়ে তোলেন আয়ার ও অভিষেক।

রীতিমতো ঝড় তুলে অভিষেক তাঁর ১৩তম টি-টোয়েন্টি আন্তর্জাতিক হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। ৩টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ২৮ বলে ৬১ রান করে আউট হন অভিষেক। এরপর শ্রেয়স আয়ার চতুর্থ উইকেটে ঈশান কিষাণের সঙ্গে ৩৫ রানের জুটি গড়েন। ২৪ বলে ২১ রান করে আউট হন শ্রেয়স। ১৮ বলে ২০ রান করেন ঈশান। তিলক ভার্মা ও শিবম দুবে ঝোড়ো ব্যাটিং করে ৩০ বলে ষষ্ঠ উইকেটে ৬২ রানের জুটি গড়েন। ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৫ বলে ২৭ রান করে আউট হন শিবম দুবে। তিলক ভার্মা ২১ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। শেষ পর্যন্ত ২২ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন তিলক। মারেন ৩টি চার ও ৪টি ছক্কা। ৬ উইকেট হারিয়ে ভারত ২১১ রান করে। পাকিস্তানের বিরুদ্ধে এটাই ভারতের সর্বোচ্চ রান। পাকিস্তানের হয়ে আহমেদ দানিয়াল ও আরাফান মিনহাস ২টি করে উইকেট নেন। সাইম আয়ুব ও আবরার আহমেদ ১টি করে উইকেট পান।

জয়ের জন্য বিশাল রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের শুরুটা ভালো হয়নি। মাত্র ৩৯ রানে ৩ উইকেট হারায়। সাদাকাত (২৩) এবং উসমান খানকে (৩) তুলে নেন অক্ষর প্যাটেল। ওয়াশিংটন সুন্দর ফেরান সাহেবজাদা ফারহানকে (১০)। এরপর হাসান নওয়াজ ও সাইম আয়ুব চতুর্থ উইকেটে ৪৮ বলে ৮৭ রান যোগ করেন। জুটি ভাঙেন শিবম দুবে। তিনি সাইম আয়ুবকে তুলে নেন। ২টি চার ও ১টি ছয়ের সাহায্যে ২২ বলে ২৯ রান করে আউট হন আয়ুব।  ৯ রান করে ডাগ আউটে ফেরেন আব্দুল সামাদ।

১৭ ওভার শেষে পাকিস্তানের রান ছিল ৪ উইকেটে ১৬০ রান। শেষ ১৮ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ৫২ রান।  ক্রিজে ছিলেন হাসান নওয়াজ ও আব্দুল সামাদ। ওয়াশিংটন সুন্দর ১৮তম ওভারে মাত্র ৮ রান দিয়ে আব্দুল সামাদের উইকেট তুলে নেন। শেষ ১৮ বলে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৪ রান। নওয়াজ ৮০ এবং সাদ মাসুদ ৬ রানে ক্রিজে ছিলেন। বুমরা ১৯তম ওভারে মাত্র ১১ রান দেন। ফলে শেষ ৬ বলে পাকিস্তানের প্রয়োজন ছিল ৩৩ রান। শিবম দুবের শেষ ওভারে ১৩ রান তোলে পাকিস্তান। শেষ বলে নওয়াজ আউট হন। মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরি থেকে তিনি বঞ্চিত হন। তিনি ৫১ বলে ৯৬ রান করেন নওয়াজ। মারেন ৫ টি চার ও ৭টি ছয়। সাদ মাসুদ ১২ রান করে অপরাজিত থাকেন। ভারতের হয়ে অক্ষর, সুন্দর ও দুবে প্রত্যেকেই ২টি করে উইকেট নেন। এ নিয়ে ভারতীয় পুরুষ ক্রিকেট দল টানা দ্বিতীয়বার এশিয়ান গেমসে সোনা জিতল। এর আগে ২০২৩ সালের হাংঝৌতে ঋতুরাজ গায়কোয়াডের নেতৃত্বে সোনা জিতেছিল। ২০২৩ সালে মহিলা ক্রিকেট দলও সোনা জিতেছিল। অর্থাৎ ক্রিকেটে আধিপত্য বজায় রাখল ভারত।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!