Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ৪, ২০২৬

ভুটানকে হারিয়ে ৬ বছর পর মহিলাদের সাফ ফুটবলের ফাইনালে ভারত

আরম্ভ ওয়েব ডেস্ক
ভুটানকে হারিয়ে ৬ বছর পর মহিলাদের সাফ ফুটবলের ফাইনালে ভারত

২০১৯ সালে খেতাব জয়। তারপর থেকেই শুধু ব্যর্থতা। এমনকী, ২০২২ ও ২০২৪ সালে সেমিফাইনালেরও ছাড়পত্র পায়নি। ৬ বছর পর মহিলাদের সাফ ফুটবলে আবার খেতাব জয়ের হাতছানি ভারতের সামনে। বুধবার গোয়ার মারগাঁওয়ের পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে ভুটানকে ১–০ ব্যবধানে হারিয়ে সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল ভারত। ভারতের হয়ে একমাত্র গোলটি করেন সানফিদা নংরুম। ফাইনালে ভারতের সামনে বাংলাদেশ।

ভারতের থেকে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে প্রায় ১০০ ধাপ পিছিয়ে ভুটান। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ভারত রয়েছে ৬৯ নম্বরে। অন্যদিকে, ভুটান রয়েছে ১৬১ নম্বরে। তবুও জয় পেতে ভারতকে যথেষ্ট বেগ পেতে হল। প্রথমার্ধে বল দখলের দিক থেকে ভারত আধিপত্য দেখালেও ভুটান গোলমুখ খুলতে দেয়নি। প্রথম ৪৫ মিনিটে বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও স্ট্রাইকারদের ব্যর্থতায় গোল আসেনি।
বিরতির পর আক্রমণভাগে একাধিক পরিবর্তন করে ভারত। আগের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে গোল করা মালবিকা পি, মনীষা কল্যাণ ও সঙ্গীতা বাসফোরদের মাঠে নামান ভারতীয় দলের কোচ ক্রিসপিন ছেত্রী। এই পরিবর্তনগুলি ভারতের আক্রমণে আরও গতি নিয়ে আসে। এর ফলও মেলে। ম্যাচের ৫৯ মিনিটে এগিয়ে যায় ভারত। ভুটানের গোলরক্ষক সঙ্গীতা মোঙ্গর গোললাইন থেকে বেরিয়ে এসে আভেকা সিংয়ের প্রয়াস আংশিক প্রতিহত করলে বল চলে যায় বক্সের প্রান্তে দাঁড়ান সানফিদা নংরুমের কাছে। বল নিয়ন্ত্রণে নিয়ে জোরালো শটে জালে পাঠান নংরুম। ম্যাচের বাকি সময় চাপ রাখলেও গোলসংখ্যা বাড়াতে পারেনি ভারত।

রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত ৬ বছর পর আবার ফাইনালে উঠল। ২০১৯ সালে শেষবার নেপালকে হারিয়ে শিরোপা জিতেছিল। আগের দুটি আসরে সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছিল ভারত। ফাইনালে ভারতের সামনে বাংলাদেশ। অন্য সেমিফাইনালে নেপালকে ২–১ ব্যবধানে হারিয়ে টানা তৃতীয়বার ফাইনালে উঠেছে বাংলাদেশ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!