- মা | ঠে-ম | য় | দা | নে
- সেপ্টেম্বর ১১, ২০২৬
এশিয়া কাপের ফাইনালে ভারত
মহিলাদের এশিয়া কাপে খেতাব জয়ের দিকে আরও একধাপ এগিয়ে গেল ভারত। বাংলাদেশকে ৪০ রানে হারিয়ে আবার ফাইনালে হরমনপ্রীত কাউররা। প্রথমে ব্যাট করে ভারত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশ ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১০৯ রান তুলতে সক্ষম হয়। শেফালি ভার্মার দুরন্ত ব্যাটিং ও দীপ্তি শর্মার উজ্জ্বল পারফরমেন্স ভারতকে ফাইনালে তোলে।
টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। দ্বিতীয় ওভারেই ধাক্কা খায় ভারত। মাত্র ২ রান করে আউট হন ফর্মে থাকা স্মৃতি মান্ধানা। স্মৃতি আউট হওয়ার পর শেফালি ভারতকে এগিয়ে নিয়ে যান। সাতটি চার ও তিনটি ছক্কার সাহায্যে ৪০ বল ৬৪ রান করে ভারতের জয়ের ভিত গড়ে দেন। যদিও ব্যক্তিগত ৬, ১১ এবং ৫৬ রানে তিনবার জীবন পান শেফালি।
বাংলাদেশের ফিল্ডিংয়ের দুর্বলতার সুযোগ নিয়ে এগিয়ে যায় ভারত। মোট চারটি ক্যাচ ফেলে দেন বাংলাদেশ ক্রিকেটাররা। নাহলে ভারতের পক্ষে ১২০ রানের গণ্ডি পার করাও কঠিন হয়ে পড়ত। ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কাউর ২৮ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন। প্রথম ১৬ বলে মাত্র ৪ রান করেন ভারত অধিনায়ক। পাওয়ার প্লে–তে ১ উইকেট হারিয়ে ৪৫ রান করে ভারত ভাল শুরু করলেও, মাঝের ওভারগুলোতে রানের গতি বাড়াতে ব্যর্থ হয়। ভারতের হয়ে রিচা ঘোষ ২১, প্রতিকা রাওয়াল ২০, দীপ্তি শর্মা ১৩ রান করেন। বাংলাদেশের হয়ে সুলতানা খাতুন ২ উইকেট নেন। অন্যদিকে মারুফা আখতার, নাহিদা আখতার এবং রাবিয়া খান ১টি করে উইকেট নেন।
ব্যাট করতে নেমে বাংলাদেশ ভাল শুরু করলেও দীপ্তি শর্মার নেতৃত্বে ভারতীয় বোলাররা ম্যাচে ফিরে আসেন। ভারতীয় স্পিনারদের সামলাতে হিমসিম খেতে হয় বাংলাদেশ ব্যাটারদের। ২০ ওভারে ৭ উইকেটে ১০৯ রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ। বাংলাদেশের হয়ে স্বর্ণা আখতার ২২ রানে অপরাজিত থাকেন। অন্যদিকে, দিলারা আখতার ২১, নিগার সুলতানা ১৯, শোভনা মোস্তারি ১৮, জুয়ারিয়া ফেরদৌস ১৪ এবং ফাহিমা খাতুন ১৪ রান করেন। ভারতের হয়ে দীপ্তি শর্মা ৩টি ও নন্দিনী শর্মা ২ উইকেট নেন। অন্যদিকে শ্রী চরণি ও প্রেমা রাওয়াত ১টি করে উইকেট নেন।
ভারতীয় মহিলা দল এশিয়া কাপে আধিপত্য বিস্তার করে আসছে। টুর্নামেন্টের সব ফরম্যাট মিলিয়ে ভারত সর্বোচ্চ ৭ বার শিরোপা জিতেছে এবং এখন তাদের অষ্টম শিরোপা থেকে মাত্র এক ধাপ দূরে। ভারত একদিনের ফরম্যাটে ২০০৪, ২০০৫, ২০০৬, ২০০৮ সালে এবং টি২০ ফরম্যাটে ২০১২, ২০১৬ ও ২০২২ সালে এশিয়া কাপ জিতেছে। ২০১৮ এবং ২০২৪ সালে রানার্স।
❤ Support Us








