Advertisement
  • দে । শ
  • এপ্রিল ৮, ২০২৫

ওয়াকফ আইনের বিরোধীতায় অশান্ত জঙ্গিপুর, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন পুলিশ। শান্তির বার্তা নিয়ে, বুধবার এলাকাবাসীদের সঙ্গে বৈঠকে বসবেন জাকির হোসেন

আরম্ভ ওয়েব ডেস্ক
ওয়াকফ আইনের বিরোধীতায় অশান্ত জঙ্গিপুর, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন পুলিশ। শান্তির বার্তা নিয়ে, বুধবার এলাকাবাসীদের সঙ্গে বৈঠকে বসবেন জাকির হোসেন

নয়া ওয়াকফ আইনের বিরোধীতায় অগ্নিগর্ভ মুর্শিদাবাদের জঙ্গিপুর । পরিস্থিতি নিয়ন্ত্রণে নামল পুলিশ । বিক্ষোভকারীদের সঙ্গে খন্ডযুদ্ধ । পুড়লো পুলিশের গাড়ি সহ যানবাহন।জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনকে সেখানে যাওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।

সংসদে ওয়াকফ বিল পাশ এবং রাষ্ট্রপতির স্বাক্ষরের পরই দেশের বিভিন্ন জায়গায় নয়া আইনের বিরোধিতায় বিক্ষোভ শুরু হয়েছে । মঙ্গলবার দুপুর থেকে মুর্শিদাবাদের সুতি, সামশেরগঞ্জ, রঘুনাথগঞ্জ, উমরপুরে বিক্ষোভ মিছিল শুরু করে সংখ্যালঘু ছাত্র ও যুব সংগঠন । দফায় দফায় বিভিন্ন জায়গায় চলে বিক্ষোভ । অবরুদ্ধ হয় ১২ নম্বর জাতীয় সড়ক । আটকে পরে উত্তরবঙ্গগামী বহু যানবাহন, অ্যাম্বুলেন্স । পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে যান জঙ্গিপুরের পুলিশ সুপার । ওয়াকফ বিল বিরোধিতার সেই বিক্ষোভ তুলতে গেলেই পুলিশের সঙ্গে খন্ডযুদ্ধে জড়িয়ে পরেন বিক্ষোভকারীরা । পুলিশের অভিযোগ তাদের দিকে ইট ও পাথর ছুঁড়ে মারতে থাকেন বিক্ষোভকারীরা । পরিস্থিতি নিয়ন্ত্র‌ণে বেশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ, শুরু হয় লাঠি চার্জ । আহত হয় আন্দোলনকারী এবং পুলিশ উভয়পক্ষই । একসময় উন্মত্ত জনতা আগুন ধরিয়ে দেয় রাস্তার বেশ কয়েকটি গাড়িতে । বাদ যায় না পুলিশের গাড়িও ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নেওয়ার কথা বলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । এনিয়ে নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্টও করেন তিনি । সেখানে লেখেন বিশৃঙ্খলা রুখতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা দরকার । মুর্শিদাবাদের জেলাশাসক এবং মুখ্যসচিবকে অনুরোধ করেন তিনি লিখেছেন, রাজ্যপাল এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সাহায্য নিয়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক সেখানে । কংগ্রেসের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী সংবাদ মাধ্যমে বলেছেন, পুলিশের হস্তক্ষেপেই অগ্নিগর্ভ হয়েছে পরিস্থিত । শান্তি ফেরাতে তিনিও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কথা বলেন ।

জঙ্গিপুরের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে তৃণমূল বিধায়ক জাকির হোসনেকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এপ্রসঙ্গে জাকির হোসেন সংবাদমাধ্যমে বলেছেন, বাংলার মুখ্যমন্ত্রী শান্তিকামী । শান্তির বার্তা নিয়েই বুধবার এলাকাবাসীর সঙ্গে আলোচনায় বসবেন তৃণমূল বিধায়ক । আগামীকাল এগারোটার মধ্যেই ঘটনস্থলে পৌঁছাবেন তিনি । জঙ্গিপুরের উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতিমধ্যেই সেখানকার মানুষদের সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছেন তিনি । সন্ধ্যার পর থেকে পরিস্থিতি খানিকটা স্থিতিশীল জঙ্গিপুরে । এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!