Advertisement
  • দে । শ
  • আগস্ট ২, ২০২৫

পূর্ব বর্ধমানে বাড়ছে ডেঙ্গি, কালনায় আলাদা ওয়ার্ড

আরম্ভ ওয়েব ডেস্ক
পূর্ব বর্ধমানে বাড়ছে ডেঙ্গি, কালনায় আলাদা ওয়ার্ড

বৃষ্টির বাড়বাড়ন্তর সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে জ্বরে আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা। সামাল দিতে কালনা মহকুমা হাসপাতালে খোলা হল জ্বরের নতুন ওয়ার্ড। কালনা সুপার স্পেশালিটি হাসপাতাল ভবনের দোতলায় খোলা হল পুরুষদের জন্য জ্বরের ওয়ার্ড। আর মহিলা মেডিসিন ওয়ার্ডের ৪ নম্বর ঘরে ফিমেল ফিভার ওয়ার্ড। কালনা মহকুমা হাসপাতালে জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ৩৮ জন। যাদের মধ্যে চারজনের ডেঙ্গু ধরা পড়েছে। আক্রান্ত দীপালি হেমব্রম, দূর্বা মণ্ডলরা বলছিলেন, ‘তীব্র জ্বর। তার সঙ্গে মাথা ঘোরা ও বমির উপসর্গ রয়েছে।’ হাসপাতালের সহকারী সুপার গৌতম বিশ্বাস জানান, ‘জ্বরে আক্রান্তর সংখ্যা ভালই বাড়ছে। সেজন্য আমরা নতুন করে জ্বরের আলাদা ওয়ার্ড খোলার ব্যবস্থা হয়েছে।’
শুধু কালনাই নয়, গোটা পূর্ব বর্ধমান জেলাজুড়ে এ বছর ডেঙ্গির প্রকোপ ভালই বাড়ছে। জুন মাসে গোটা জেলায় ডেঙ্গির শিকার হন ১২ জন। জুলাই মাসে সেই সংখ্যাটা ৫০ ছুঁয়েছে। বিশেষজ্ঞদের বিশ্লেষণ, এই বৃষ্টি, এই রোদ, এমন আবহাওয়া ডেঙ্গির মশার বংশবৃদ্ধির অনুকূল। আবার এই আবহাওয়ার কারণে ভাইরাস ও ব্যাকটিরিয়ার সংক্রমণের গতিও বাড়ছে। তার ফলে এখন ঘরে ঘরে জ্বর-সর্দিকাশির প্রকোপ বাড়ছে। স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, মূলত জুলাইয়ের মাঝামাঝি থেকে ডেঙ্গির প্রকোপ শুরু হয়। এবার আগেভাগে বৃষ্টি নামায় মশাবাহিত রোগের সংক্রমণ তীব্র হয়েছে।
ডেঙ্গির প্রকোপ ঠেকাতে পঞ্চায়েত-পুরসভা-প্রশাসন মাঠে নেমে পড়েছে। জেলা পরিষদের তরফে ব্লক ও পুরসভাগুলির সঙ্গে এ ব্যাপারে বৈঠকের পর শুরু হয়েছে বাড়ি বাড়ি সমীক্ষা। এই কাজে ১,৬৬৬ জন সমীক্ষক ও ১,২৪৫ জন কর্মী নিয়োগ করা হয়েছে। মশার বংশবৃদ্ধির আদর্শ স্থান হিসেবে জেলার ২৩টি ব্লকের ৭,৮৮৪টি স্থান চিহ্নিত হয়েছে। সমীক্ষার প্রথম ধাপে দেখা যাচ্ছে অন্যান্য বছরের মত এবারও ডেঙ্গি আক্রান্তের তালিকায় শীর্ষে রয়েছে পূর্বস্থলীর ২টি ব্লক। এই ২টি ব্লক ছাড়াও গত বছর ডেঙ্গির প্রকোপ যে এলাকাগুলিতে বেশি ছিল, সেই জায়গাগুলিতে বিশেষ নজরদারির ব্যবস্থা হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!