Advertisement
  • দে । শ
  • জানুয়ারি ১৩, ২০২৫

বইয়ের পাতার বাইরে মহাকাশ পাঠ কাটোয়ার বালিকা বিদ্যালয়ে

আরম্ভ ওয়েব ডেস্ক
বইয়ের পাতার বাইরে মহাকাশ পাঠ কাটোয়ার বালিকা বিদ্যালয়ে

রাতের অনন্ত আকাশের প্রকৃতি আর গতিবিধি চেনানোর আয়োজন। ক্লাসঘরের গণ্ডি ছাড়িয়ে বইয়ের পাতার আঁকা ছবি শিকেয় তুলে সত্যিকারের আকাশের নীচে দাঁড়িয়ে  মহাকাশের  সঙ্গে পরিচয় করানো হল ছাত্রীদের। এমনই বাস্তবসম্মত উদ্যোগ কাটোয়া থানা রোড লাগোয়া উচ্চ বালিকা বিদ্যালয়ের।

বিশিষ্ট বিজ্ঞানকর্মী দেবব্রত মুখোপাধ্যায়ের নেতৃত্বে প্রধানশিক্ষিকা মাধুরী দাস মজুমদারের ব্যবস্থাপনায় ঘন্টাখানেকেরও বেশি সময় ধরে টেলিস্কোপের সাহায্যে আকাশের প্রকৃতি চিনল বিদ্যালয়ের অষ্টম থেকে দ্বাদশের একঝাঁক ছাত্রী। জানল গ্রহ ও নক্ষত্রের মধ্যে পার্থক্য। ছাত্রীরা এতদিন যা বইয়ের পাতায় দেখেছিল বা পড়েছিল, তারা টেলিস্কোপের মধ্যে দিয়ে দেখল,চিনল।

বিদ্যালয়ের ছাদে  টেলিস্কোপে চোখ রেখে আকাশে থাকা চাঁদ, চাঁদের গর্ত, বৃহস্পতি, শুক্র, বুধ প্রভৃতি গ্রহ ও সপ্তর্ষিমণ্ডলের অবস্থান পরখ করল। ছাত্রী শ্রেয়া ঘোষচৌধুরি, সাবনূর খাতুনদের উপলব্ধি, ‘এতদিন বইয়ের পাতায় গ্রহ ও নক্ষত্রের পার্থক্য পড়েছি। এবার নিজের চোখে গ্রহ ও নক্ষত্রের অবস্থান দেখলাম। বুঝলাম। এই কর্মসূচি আমাদের খুবই কাজে লাগবে।’ বিদ্যালয় পরিচালন সমিতির সদস্য ও সহশিক্ষিকা বীথিকা মুখোপাধ্যায় বলছিলেন, ‘আমাদের স্কুলের তরফে এরকম হাতেকলমে একাধিক কর্মসূচির পরিকল্পনা রয়েছে। এতে ছাত্রীদের যেমন বাস্তব জ্ঞান বাড়ে, তেমনি পাঠ্য বিষয়ের প্রতি আগ্রহও বাড়ে।’ প্রশিক্ষক দেবব্রতবাবুর মূল্যায়ন, ’আকাশের গতিবিধি খুব মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করেছে ছাত্রীরা। ওদের আগ্রহে আমি মুগ্ধ।’ স্কুলের এমন ‘বাস্তব শিক্ষণের’ পরিকল্পনাকে দু’হাত তুলে প্রশংসা করছেন অভিভাবকরাও।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!