- দে । শ
- এপ্রিল ৩, ২০২৪
১২ বছর ধরে রাজ্য জুড়ে হাতসাফাই। অবশেষে পুলিশের জালে চোর দম্পতি
সিসি ক্যামেরার সূত্র ধরে অভিযান চালিয়ে ১৫ লাখ টাকার চুরি যাওয়া অলঙ্কার-সহ এক দম্পতিকে গ্রেপ্তার করল কাটোয়ার পুলিশ। হুগলী জেলার পোলবা থানার করলা গ্রামে অভিযান চালিয়ে ২০১ গ্রাম সোনার অলঙ্কার , ৯০ হাজার টাকা, একটি স্করপিও গাড়ি উদ্ধার করে নিয়ে আসে কাটোয়ার পুলিশ। কাটোয়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রি বলেন, ‘ধৃত অন্নপূর্ণা হালদার ও তার স্বামী রণজিৎ হালদার জেরায় স্বীকার করেছে গত ১২ বছর ধরে রাজ্যের বিভিন্ন শহরের জনবহুল মেলাতে গিয়ে সাধারণ মানুষের অলঙ্কার, টাকা চুরি করে গা ঢাকা দিত।’ দম্পতিকে কাটোয়া মহকুমা আদালতে পেশ করলে ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
গত মার্চ মাসে শেষ সপ্তাহে পৃথক ৩ দিনে কাটোয়া থানার আখড়া-বিষ্ণুপুর, জগদানন্দপুর, কাটোয়ার শহরের গৌরবাড়ির দোল উৎসবে আসা ভক্তদের অনেকের সোনার অলঙ্কার ও টাকা চুরি যায়। চুরির অভিযোগ পেয়ে কাটোয়া থানার পুলিশ তদন্তে নেমে দেখে প্রত্যেকটি ঘটনাস্থলে একই স্করপিও গাড়ি থেকে একজন মহিলাকে নামতে-উঠতে। স্করপিও -র নম্বরে খোঁজ করে পুলিশ জানতে পারে গাড়ির মালিকের বাড়ি হুগলী জেলার পোলবা থানার করলাগ্রামের পশ্চিমপাড়া। পুলিশ পোলবা থানার করলাগ্রামের অভিযান চালিয়ে অন্নপূর্ণা হালদার ও তার স্বামী রণজিৎ হালদারকে আটক করে বাড়িতে তল্লাশি চালায়। চুরি যাওয়া অলঙ্কারের বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা। পুলিশ সূত্রের খবর, এই চুরি চক্রে আরও অনেকে জড়িত আছে। ধৃতদের নিয়ে তদন্তে বিভিন্ন জেলায় অভিযান চালাবে পুলিশ।
❤ Support Us





