Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • এপ্রিল ৩০, ২০২৬

নির্বাচন মিটতেই রাজনৈতিক হানাহানি শুরু

আরম্ভ ওয়েব ডেস্ক
নির্বাচন মিটতেই রাজনৈতিক হানাহানি শুরু

পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন শেষ হতেই কলকাতার একাধিক এলাকায় রাজনৈতিক সংঘর্ষ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে । দক্ষিণ কলকাতার বেহালার ১২৯ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর রামকৃষ্ণ পল্লিতে তৃণমূল নেতা-কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে । এই ঘটনায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে তৃণমূল । হামলায় প্রাক্তন কাউন্সিলর সহ মোট পাঁচজন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক । পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে ।

বুধবার রাতে ভোটপর্ব শেষ হওয়ার পর স্থানীয় তৃণমূল কর্মীরা দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন । সেই সময় আচমকা কয়েকজন দুষ্কৃতী ইট ও বাঁশ নিয়ে হামলা চালায় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ১২৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা রাজ্য তৃণমূলের সাংগঠনিক সম্পাদক অঞ্জন দাস । তাঁকেও মারধর করা হয়, যার ফলে তাঁর মাথা ফেটে যায় । আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

এই ঘটনার পর বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছে তীব্র ক্ষোভ প্রকাশ করেন । তাঁর দাবি, “বিজেপি পরাজয়ের ভয়ে এই হামলা চালিয়েছে ।” তিনি সতর্ক করে বলেন, সমস্ত দোষীদের গ্রেফতার না করা হলে বৃহত্তর আন্দোলনে নামবে দল । পরিস্থিতি সামাল দিতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ মোতায়েন করা হয়েছে ।

অন্যদিকে, একইদিন সন্ধ্যায় নিউ আলিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠে । তৃণমূলের দাবি, বিজেপির প্ররোচনায় কেন্দ্রীয় বাহিনী স্থানীয় বস্তিতে ঢুকে তাণ্ডব চালায় । অভিযোগ, ঘরে ঘরে ঢুকে মারধর, ভাঙচুরের পাশাপাশি মহিলাদের শ্লীলতাহানি করা হয়েছে। এই ঘটনায় অন্তত ৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর । তাদের টালিগঞ্জের বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

এছাড়াও যোধপুর পার্ক উইমেন পলিটেকনিকের সামনে তৃণমূল কর্মীদের উপর লাঠিচার্জের অভিযোগ উঠেছে সিআরপিএফের বিরুদ্ধে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রাসবিহারীর তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার ও যুব তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাস । হাসপাতালে দাঁড়িয়ে দেবাশিস কুমার অভিযোগ করেন, “বিজেপি হতাশা ও ক্ষমতা প্রদর্শনের জন্য কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে তৃণমূল কর্মীদের উপর এই নৃশংস অত্যাচার চালিয়েছে ।”

এদিকে দ্বিতীয় দফার ভোট শেষ হওয়ার পর পূর্ব মেদিনীপুরের হলদিয়ার চিরঞ্জীবপুরেও তৃণমূলের একটি পার্টি অফিস ভাঙচুরের ঘটনা সামনে এসেছে । এই ঘটনার জন্যও বিজেপি কর্মীদের দায়ী করেছে তৃণমূল, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির । পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!