Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • জানুয়ারি ১২, ২০২৫

নির্ভিক উচ্চারণে রাষ্ট্রের হস্তক্ষেপ বাড়ছে ! মোদি জমানায় খুন দুঃসাহসী ২৮ সাংবাদিক

আরম্ভ ওয়েব ডেস্ক
নির্ভিক উচ্চারণে রাষ্ট্রের হস্তক্ষেপ বাড়ছে ! মোদি জমানায় খুন দুঃসাহসী ২৮ সাংবাদিক

গণতান্ত্রিক ভারতবর্ষে নির্ভিক উচ্চারণে সাংবাদিকতা করতে গিয়ে আক্রান্ত ও খুন হবার তালিকা দীর্ঘ। ১৯৯২ সালে, ৩ জানুয়ারি পাঞ্জাবে ‘আজাদি আওয়াজ’য়ের সাংবাদিক ও মানবাধিকার কর্মী রাম সিং বিলিং পুলিশের হেপাজতে খুন হয়েছিলেন। ওই বছরই পাটিয়ালায় খুন হন এম.এ মানচন্দ। তিনি ছিলেন পাটিয়ালার অল ইন্ডিয়া রেডিওর সম্পাদক। একটি সংগঠনের সদস্যরা নৃশংসভাবে খুন করে তাঁকে। শুধুমাত্র ১৯৯২ থেকে আজ পর্যন্ত ভারতে ৬৩ জন সাংবাদিক খুন হয়েছেন। আক্রান্তের সংখ্যা বিপুল। ভারতে সাংবাদিক খুনের ইতিহাস আরো পুরনো। ১৬ সেপ্টম্বর ১৮৫৭ পরাধীন ভারতবর্ষে স্বাধীনতা সংগ্রামী, সাংবাদিক, চিন্তক মৌলভি মুহম্মদ বাকিকে গ্রেপ্তার করে ইংরেজ পুলিশ। বিনা বিচারে গুলি করে খুন করা হয় তাঁকে।

১ জানুয়ারির রাতে হঠাৎই নিখোঁজ হয়েছিলেন ছত্তিশগড়ের সাংবাদিক মুকেশ চন্দ্রকর। ২ দিন পর তাঁর ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া গেল সেপটিক ট্যাংকে চোবানো অবস্থায়। গোটা দেশ আলগোছে তাকিয়ে দেখলো এক সাংবাদিকের মৃত্যু। ৩২ বছর বয়সি মুকেশ চন্দ্রকর পরিচিত ছিলেন সাহসী সাংবাদিকতা ও নির্ভিক কণ্ঠের জন্য। সে কারণে অন্যের চক্ষুশূলও ছিলেন। তবে ভয়ডর ছিল না তাঁর স্বভাবে, তাই একাধিকবার হামলা হবার পরেও নিজের দায়িত্বে পাহাড়ের মতো অবচল ছিলেন চন্দ্রকর। দেশের কিছু বড়ো সংবাদমাধ্যমের হয়ে প্রতিবেদকের কাজ করেছেন। নিজের ইউটিউবে চ্যানেল ‘বাস্তার জংশনে’ আনকাট খবরে সাধারণ মানুষের দুঃখ-দুর্দশার কথাই উঠে আসত, ছুটে যেতেন মাওবাদী অধ্যুষিত প্রত্যন্ত এলাকায়। এই কাজ তাঁকে স্বাধীন সাংবাদিকতার জন্য প্রয়োজনীয় সাহসের প্রতিমূর্তি করে তুলেছিল। মূল ধারার চ্যানেলগুলি যে খবর দেখায় না, সেইসব মাটির খবর হু হু করে চ্যানেলের খবর ছড়িয়ে পড়ত দেশজুড়ে। সম্প্রতি স্থানীয় নির্মাণকাজে দুর্নীতির অভিযোগ নিয়ে সক্রিয় ছিলেন। নির্মাণকাজের এলাকাতে শুক্রবার মিলল তাঁর দেহ। খুনের খবর সামনে আসতেই চত্তিশগড়ের সাংবাদিকরা প্রতিবাদে রাস্তায় নেমেছেন, প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে।

যে পরিস্থিতির ভিতরে চন্দ্রকরের মৃত্যু ঘটল তাতে ভারতবর্ষে এই মুহুর্তে সাংবাদিকদের সুরক্ষা কতখানি সে প্রশ্ন উঠছে। প্রত্যন্ত সংঘাতপূর্ণ অঞ্চল থেকে যাঁরা নির্ভিকভাবে মানুষের কথা দেশের কাছে তুলে ধরেন, তাঁদের কাছে এ মৃত্যু ভয়ের পরিস্থিতি তৈরি করবে। এই হত্যাকাণ্ডের উদ্দেশ্যও নির্ভিক কণ্ঠগুলিতে ঠাণ্ডা বার্তা দিয়ে স্তব্ধ করে দেওয়া। স্বাধীন সংবাদ মাধ্যমের উপর আক্রমণ ক্রমাগত বাড়ছে। যখন প্রধান ধারার মিডিয়া সরকারের প্রতিনিধিত্ব করছে বলে অভিযোগ ওঠে, তখন আশার আলোর মতো এলাকায় এলাকায় স্বাধীন সংবাদমাধ্যমগুলোই দরিদ্র, বঞ্চিত, অবহেলিত মানুষের হাতিয়ার হয়ে ওঠে।

ছত্তিশগরের বিজাপুর জেলায় বাসাগুদায় গ্রামে জন্ম তাঁর। মাওবাদী ও রাষ্ট্রীয় সশস্ত্র বাহিনীর মধ্যে সংঘাতে তছনছ হয়ে যায় গ্রাম। উদ্বাস্তু হয়ে বিজাপুরের সরকারি আশ্রয়ে চলে আসেন। অল্প বয়সে মাকে হারান মুকেশ। মায়ের মৃত্যুর পর সংসারের হাল ধরেন দুই ভাই। মুকেশের একজন পরিচিতের দাবি, সংসার টানতে গ্যারাজেও কাজ করতে হয়েছে মুকেশকে। খবু কাছ থেকে এলাকার নানা সমস্যাগুলি দেখার পর সে ঘটনাগুলিকে প্রকাশ্যে আনতে সাংবাদিকতার পথ বেছে নেন। শুরু করেন নিজের ইউটিউব খবরের চ্যানেল ‘বাস্তার জংশন’। তাঁর দাদা যুকেশও পেশায় সাংবাদিক।

শুরু থেকেই মানুষের কাছে থেকে তাঁদের খবর তুলে ধরেছেন মুকেশ। কোন নতুন খবর করলেই এলাকার লোকজনদের ডেকে জিজ্ঞাসা করতেন, ঠিক হয়েছে কি না। বিজাপুর এবং বাস্তার চিনতেন হাতের তালুর মতো। বছর দুই-তিনেক আগে রাওঘাট প্রকল্প নিয়ে খবর সংগ্রহ করতে গিয়ে দুষ্কৃতীদের হামলার শিকার হন মুকেশ। টেকালগুদায় মাওবাদীদের কবল থেকে এক কোবরা জওয়ানকে নিরাপদে ফিরিয়ে আনবার ক্ষেত্রে মুকেশের বিশেষ ভূমিকা ছিল। গত ডিসেম্বরে নিউ দিল্লি টেলিভিশনের প্রতিবেদনে মুকেশ বিজাপুরের একটি খারাপ রাস্তার খবর করেন। ১২০ কোতি টাকার প্রকল্পের দুর্নীতি ফাঁস করেন। এরপরেই ছত্রিশগড় সরকার প্রকল্পের দুর্নীতি নিয়ে তদন্ত শুরু করে করে। অভিযুক্তদের মধ্যে মুকেশের এক দূর সম্পর্কের ভাই আছেন বলে দাবি পুলিশ । খুনের মামলার তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দল রবিবার গভীর রাতে মূল অভিযুক্ত সুরেশ চন্দ্রকরকে হায়দরাবাদ থেকে গ্রেফতার করেছে। সুরেশ চন্দ্রকরের ভাই রিতেশ চন্দ্রকর, দীনেশ চন্দ্রকর এবং সুপারভাইজার মহেন্দ্র রামটেককে ইতিমধ্যেই এই মামলায় গ্রেফতার করা হয়েছে বলে পুলিশসূত্রে খবর।

দুর্নীতিফাঁসের ঘটনাকে কেন্দ্র করেই খুন হতে হলো চন্দকরকে? না কি এর পিছনে বৃহৎ কোন কারণ রয়েছে? গত কয়েকমাস ধরে বাস্তারে মাওবাদী দমনে সেনাবাহিনীর ‘ অপারেশন প্রহার’ – এর খবর নিজের ইউটিউবে চ্যানেলে দেখাচ্ছিলেন মুকেশ। ২০২৪ এর লোকসভা নির্বাচনের সময় থেকেই ছত্তিশগড়ের কাঙ্কের মাওবাদী ও নিরাপত্তাবাহিনীর সংঘর্ষে কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হওয়া ভয়াবহ অঞ্চল থেকে কীভাবে খবর দেখাচ্ছিলেন তিনি? উল্লেখ করা দরকার, ‘অপারেশন প্রহার’ ছত্তিশগড়ের জঙ্গল থেকে মাওবাদী ও নকশালপন্থীদের নির্মূল করতে সচ্চেষ্ট। ২৯ জন মাওবাদী নেতাকে খতম করা গেছে বলে বাস্তার পুলিশের দাবি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অভিযানে জড়িত সমস্ত নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়েছিলেন এবং দাবি করেছিলেন যে ভারত শীঘ্রই নকশালমুক্ত দেশে পরিণত হবে। ২০২০ সালের রিপোর্ট অনুসারে, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি বাহিনীর ৩, ২০০ জনেরও বেশি জওয়ান, ২২ জন রাজনীতিবিদ এবং ১,১০০ জন পুলিসের গুপ্তচর নকশালদের হাতে মারা গিয়েছেন। বাস্তারের এইসব স্পর্শকাতর অঞ্চলে চন্দকার ছিলেন পরিচিত নাম। সেনাবাহিনী ও উগ্রপন্থীদের সংঘাতে জঙ্গলের মূল বাসিন্দাদের হাহাকার, যন্ত্রনার কথা তুলে ধরতেন তিনি।

ভারতে মুক্তচিন্তা ও আপোষহীন সাংবাদিকতার মাশুল দিতে হবে চরম, গত কয়েক বছর ধরে এটাই অলিখিত নির্দেশ। লাগাতার ভয়ঙ্কর আক্রমণের শিকার হচ্ছেন লেখক, কবি, শিল্পী, মানবধিকার কর্মী সহ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের কারিগরেরা।

মোদি সরকারের আমলে খুন হয়েছেন ২৮ জন সাংবাদিক, হামলার আশঙ্কা রয়েছে আরো ৩০ জনের উপর। সরকারের সমালোচনা করবার অপরাধে, সত্য ঘটনা তুলে ধরবার অপরাধে গ্রেপ্তার হয়েছেন একাধিক সাংবাদিক। ঝাড়খণ্ডের একজন হিন্দি সাংবাদিক রূপেশ কুমার ঝা, যিনি বর্ধিত শিল্প দূষণ নিয়ে প্রতিবেদন করছিলেন, তার বিরুদ্ধে ২০২২ সালে ভয়ঙ্কর ইউএপি অ্যাক্টের অধীনে অভিযোগ আনা হয়েছিল। সহিংসতার শিকার বেশিরভাগ সাংবাদিকই ভারতীয় ভাষায় দৈনিক ও চ্যানেলের জন্য লিখছেন বা রিপোর্ট করছেন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে প্রবীণ মারাঠি সাংবাদিক নিখিল ওয়াগলের একটি গাড়ি, ডানপন্থী গুন্ডাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল। আক্রান্ত হয়েছিলেন ওড়িয়া সাংবাদিক জ্যোতি রঞ্জন মহাপাত্র। ২০১৮ সালে ইউএপিএ-এর অধীনে কাশ্মীরি সুলতানকে গ্রেপ্তার করা হয়েছিল। ২০১৭ সালে ৫ সেপ্টেম্বর নিজের বাড়ির সামনে ৩ আততায়ীর হাতে খুন হয়েছিলেন ‘হিন্দুত্ববাদী রাজনীতির’ কঠোর সমালোচক সাংবাদিক গৌরী লঙ্কেশ। পুলিশ আততায়ীদের গ্রেপ্তার করলে, তাঁদের কাছ থেকে উদ্ধার হওয়া ডায়েরিতে গৌরী লঙ্কেশ সহ একাধিক সাংবাদিক ও লেখদের হত্যার পরিকল্পনার তালিকা পাওয়া যায়। সে তালিকায় দাভোলকর এবং গোবিন্দ পানসারের পরিবারের লোকজনদেরও নাম পাওয়া যায়। ২০১৩-র ২০ আগষ্ট প্রাতভ্রমণে বেরিয়ে খুন হন মহারাষ্ট্রের কুসংস্কারবিরোধী আন্দোলনের নেতা নরেন্দ্র দাভোলকর। কমিউনিস্ট পার্টির সদস্য, শিবাজির জীবন কাহিনীর রচয়িতা গোবিন্দ পানসারে বন্দুকবাজ আততায়িদের হাতে খুন হন ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি। ভিমা কোরেগাঁও মামলায় ইউএপিএ ধারায় জেল বন্দী হয়েছিলেন দেশের তাবড় তাবড় শিক্ষক, লেখক, কবি, মানবাধিকার কর্মী সাংবাদিক। বিনাবিচারে জেলে অসুস্থ অবস্থায় মৃত্যু ঘটে স্ট্যান স্বামীর। জেল থেকে মুক্তি পাবার পর মারা গেছেন দিল্লির রাম লাল আনন্দ কলেজের প্রাক্তন অধ্যাপক জি.এন সাইবাবা। মাওবাদী সংযোগ থাকবার অপরাধে দীর্ঘদিন জেল খাটবার পরে আদালত তাঁকে নির্দোষ বলে রায় দেয়। প্রবীণ তেগেগু কবি ভারবারা রাও দীর্ঘদিন জেলবন্দি থেকে বর্তমানে জামিন পেয়েছেন। শুধু মোদি জমানায় নয়, ১৯৮৯এ কংগ্রেস আমলে রাজধানির খুব কাছে, সাহিবাবাদে পথনাটক চলাকালীন গুণ্ডাদের হাতে খুন হয়েছিলেন ‘জনম’ নাট্যদলের প্রতিষ্ঠাতা সফদর হাশমি। ১৯৮০ এর গোড়ার দিকে, তরুণ হিন্দি সাংবাদিক উমেশ ডোভাল যিনি স্থানীয় মদ মাফিয়াদের উন্মোচন করেছিলেন, উত্তরাখণ্ডের পাহাড়ে নিখোঁজ হয়েছিলেন। যাঁর সন্ধান এখনো পাওয়া যায় নি।

সমাজের মেরুদণ্ড সাংবাদিক, কবি, শিল্পী, লেখকদের হত্যা, গুম, রাষ্ট্রীয় অত্যাচারের তালিকায় শেষ সংযোজন মুকেশ চন্দ্রকার। এই হত্যাকাণ্ডে যেমন ভয়ের আবহ, তেমনি মেকানিক, মহুয়া ব্যবসায়ী থেকে সাংবাদিকতার জগতে আসা, নিজের ইউটিউবে চ্যানেলে লাখ লাখ দর্শক তৈরি করা, বাস্তারের মাটির কথা বলতে বেপরোয়া আর অভ্যস্ত মুকেশের জীবন পরিক্রমা মানুষের জীবন সংগ্রামের অনন্য কাহিনী।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!