- ক | বি | তা
- মার্চ ২০, ২০২২
গুচ্ছ কবিতা
চিত্র: নীল পবন বরুয়া
মুমুক্ষা
বুলেটে চন্দনগন্ধ মাখিয়ে অনেক রাত
অপেক্ষায় আছি
যাবার সময় যাতে পৃথিবীর কটুগন্ধ ভুলে
যেতে পারি
চারপাশে পাথরের জন্মান্ধ দেয়াল
কোনোক্রমে একবার একটা চিলতে রোদ এ বধ্যভূমিতে যদি এসে পড়ে
এবং তা
প্রজাপতি হয়
আমি তার উড়ানের মায়াপথে উড়ে খুঁজে
নেব গাঢ় নীল ছাদ
যদি একবার অন্তত একটিবার
তারপর সে বুলেট গেঁথে দেব আমারই
ছায়ার বীজে
পোকা
মায়ের গায়ের গন্ধ পেলেই বুঝতে পারি
আজ জন্মদিন
সেই মায়াগন্ধ দিয়ে আমি মস্ত এক
ক্যালেন্ডার বুনি
বর্ণ ও সংখ্যাহীন সেই ক্যালেন্ডারে
শুধু জলে কাটা আঁকিবুকি
একদলা অন্ধকার সারা গায়ে মেখে সেই
অলৌকিক ক্যালেন্ডার ছোটে দুরন্ত চিতার ধুমছুট
নির্দ্দিষ্ট গন্তব্য নেই বলে সেই অন্ধকার
পৃথিবীর আপাদমস্তকে
অর্থাৎ নির্বাচনের সব সম্ভাবনাগুলো দুমড়ে
মুচড়ে ডাস্টবিনে
কীসের যে অপেক্ষায় তবুও পাব্লিক রোজ
তারিখ পাল্টায়
স্মৃতিভ্রষ্ট মগজ তা মনেই রাখে না
অন্ধকারে পা রেখেও ভাবে না সামনে কোনো খাদ আছে কিনা
এভাবেই ব্রহ্মাণ্ডের বুকের ওপর দিয়ে একটা
সামান্য পোকা আজীবন হেঁটেই কাটালো
❤ Support Us








