- মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ১৫, ২০২৫
২০ বছর পর ট্রফি জয়, পাকিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড
ত্রিদেশীয় সিরিজের ফাইনাল দুই দলের কাছেই ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির মহড়া। ১৯ ফেব্রুয়ারি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচেও মুখোমুখি হবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির মহড়ায় বাজিমাত নিউজিল্যান্ডের। পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন। ২০০৫ সালের পর এই প্রথম সাদা বলে ত্রিদেশীয় টুর্নামেন্ট জিতল নিউজিল্যান্ড।
এর আগে পাকিস্তানও রান যা পেয়েছে, মিডল অর্ডারের সৌজন্যেই। বাবর আজম আরও একবার ভালো শুরু করে ইনিংস লম্বা করতে ব্যর্থ। এর আগে ফখর জামান ও সৌদ শাকিলরা ফিরে যাওয়ায় পাকিস্তান তৃতীয় উইকেট হারায় ৫৪ রানে।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। বিপর্যয় সামাল দিতে ব্যাটিং করতে নেমে রিজওয়ান ছিলেন অতি সতর্ক। প্রথম রানে পৌঁছতে খেলেছেন ১৩ বল, সালমান আগাও সতর্ক ছিলেন। চতুর্থ উইকেটে দুজনে যোগ করেন ৮৮ রান। রিজওয়ান ৭৬ বলে ৪৬ রান করে ফেরার পর সালমানও বেশিক্ষণ টেকেননি (৬৫ বলে ৪৫)। শেষ দিকে তাইয়াব তাহিরের ৩৩ বলে ৩৮ ও ফাহিম আশরাফের ২১ বলে ২২ রানের ইনিংসের সুবাদে পাকিস্তান তোলে ২৪২।
পাকিস্তানের দেওয়া ২৪৩ রানের লক্ষ্য কিউইরা টপকে যায় ২৮ বল আর ৫ উইকেট হাতে রেখে। রান তাড়া করতে তেমন বেগই পেতে হয়নি কিউইদের। দ্বিতীয় ওভারে উইল ইয়াংয়ের (নাসিম শাহর বলে এলবিডব্লু) উইকেট হারালেও তিনে নামা কেইন উইলিয়ামসনকে নিয়ে দলকে জয়ের পথে রাখেন ডেভন কনওয়ে।
এই দুজনের দ্বিতীয় উইকেট জুটিতে নিউজিল্যান্ড পায় ৭১ রান। উইলিয়ামসন সালমান আগার বলে ৩৪ রান করে ফিরলেও কনওয়ে টিকেছিলেন দলকে ১০০ পার করানো পর্যন্ত। ৭৪ বলে ৪৮ রান করা কনওয়ে নাসিমের দ্বিতীয় শিকারে পরিণত হওয়ার পর জয় নিশ্চিতে বাকি কাজটি করেন ড্যারিল মিচেল ও টম ল্যাথাম।
চতুর্থ উইকেটে এই দুজন গড়েন ইনিংস সর্বোচ্চ ৮৭ রানের জুটি। মিচেল করেন ৫৮ বলে ৫৭ রান, ল্যাথাম ৬৪ বলে ৫৪। ল্যাথামকে অবশ্য শুরুতেই ফিরিয়ে দিতে পারত পাকিস্তান। বাঁহাতি এই ব্যাটসম্যান ১৫ রানে ফিরতি ক্যাচ দিয়েছিলেন শাহিন শাহ আফ্রিদির হাতে, ১৯ রানে আবরারের বলে সৌদ শাকিলের হাতে। দুবার ‘জীবন’ পাওয়া ল্যাথাম শেষ পর্যন্ত যখন শাহিনের বলে আউট হন, নিউজিল্যান্ডের জয় তখন মাত্র ১১ রান দূরে। শেষ পর্যন্ত ৪৫.২ ওভারে ৫ উইকেটে ২৪৩ রাল তুলে চ্যাম্পিয়ন হয় নিউজিল্যান্ড।
❤ Support Us








