Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ৭, ২০২৫

বাংলাদেশের মধ্য দিয়ে হিলি-মহেন্দ্রগঞ্জ অর্থনৈতিক করিডোর, পরিকল্পনা বাস্তবায়নে জোর মেঘালয় সরকারের

আরম্ভ ওয়েব ডেস্ক
বাংলাদেশের মধ্য দিয়ে হিলি-মহেন্দ্রগঞ্জ অর্থনৈতিক করিডোর,  পরিকল্পনা বাস্তবায়নে জোর মেঘালয় সরকারের

মেঘালয়ের সঙ্গে উত্তর-পূর্ব ভারতের রাজ্য সহ দেশের অনান্য অঞ্চলের সাথে আরো ভালোভাবে যুক্ত করতে, বাংলাদেশের মধ্য দিয়ে হিলি-মহেন্দ্রগঞ্জ অর্থনৈতিক করিডোর পরিকল্পনার বাস্তবাইয়নে জোর দিচ্ছে মেঘালয় সরকার।

মেঘালয়ের সঙ্গে উত্তর-পূর্ব ভারতের রাজ্য সহ দেশের অনান্য অঞ্চলের সাথে আরো ভালোভাবে যুক্ত করতে, বাংলাদেশের মধ্য দিয়ে হিলি-মহেন্দ্রগঞ্জ অর্থনৈতিক করিডোর পরিকল্পনার বাস্তবাইয়নে জোর দিচ্ছে মেঘালয় সরকার। এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের সীমান্ত শহর হিলির সঙ্গে মেঘালয়ের গারো হিলস অঞ্চলের সীমান্ত শহর মহেন্দ্রগঞ্জকে যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। উভয় এলাকাই বাংলাদেশের সীমান্তের কাছাকাছি অবস্থিত, নতুন পথ তৈরি করতে হলে তা বাংলাদেশের ভূখণ্ডের মধ্য দিয়েই নিয়ে যেতে হবে।

সম্ভাবনার বিষয়ে কথা বলতে গিয়ে, মুখ্যমন্ত্রী কনরাড কে.সাংমা বলেছেন, ‘নতুন করিডর তৈরি হলে এই ১০০ কিলোমিটারের পথে কলকাতা থেকে তুরা, বাঘমারা, ডালু আর ডাউকির মতো জায়গা গুলিতে যাতায়াতের সময় কমবে, এছাড়াও যাতায়াতের খরচ কমবে ২৫ থেকে ৬০ শতাংশ।’ তিনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উল্লেখ করে বলেন, ‘সরকারকে এই প্রকল্প নিয়ে প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে, তবে আমরা ইতিমধ্যে আলোচনার মধ্য দিয়ে উল্লেখযোগ্য অগ্রগতি করেছি । বর্তমানে, প্রকল্পটির সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার জন্য ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড বা এনএইচআইডিসিএল এই পথের রাস্তার সারিবদ্ধ বিশ্লেষণ রিপোর্ট তৈরি করেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে তা শেয়ারও করা হয়েছে।’

মেঘালয়ের মুখ্যমন্ত্রী সাংমা বলেছেন, ‘ যদি পশ্চিমবঙ্গের হিলি ও মেঘালয়ের মহেন্দ্রগঞ্জের মধ্যে বাংলাদেশের মাধ্যমে এই সংযোগ স্থাপিত হয়, তবে মেঘালয়, বরাক উপত্যকা এবং ত্রিপুরার সঙ্গে কলকাতার দূরত্ব প্রায় ৬০০-৭০০ কিলোমিটার কমে যাবে। এই পথটি সমান্তরাল অর্থনৈতিক করিডোর হিসেবে কাজ করবে, যা উত্তর-পূর্ব ভারতের অর্থনীতিকে নতুন গতি দেবে।’ তবে তিনি স্বীকার করেছেন যে এই প্রকল্প কবে বাস্তবায়িত হবে, তা এখনই নির্দিষ্ট করে বলা কঠিন, কারণ এই কাজের বাস্তবায়নে বাংলাদেশ সরকারের সহযোগিতা প্রয়োজন। বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও ভারতের সঙ্গে কূটনৈতিক স্তরে সম্পর্কের নিম্নগামিতা আশঙ্কা তৈরি করে। এছাড়াও সীমান্ত সংক্রান্ত একাধিক সমস্যা নিয়ে দ্বন্দ্বের মুখোমুখি হতে হয়েছে প্রতিবেশী দুই দেশকে।

সাংমা আরো বলেন, ‘আমি সাংসদ হওয়ার পর থেকে এই প্রকল্পের কথা বলে আসছি। আমার আগে প্রয়াত পিএ সাংমা এবং অন্যান্য নেতারা এই প্রকল্পের কথা বারবার বলতেন। বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রকল্পটি নিয়ে তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেছিলেন। প্রাথমিক কথাবার্তা ও ঐক্যবদ্ধভাবে কাজ করবার বিষয়ে সম্মত হয়েছিলেন তাঁরা। আমরা আবার নতুন করে বাংলাদেশের উপর এ নিয়ে চাপ সৃষ্টি করব।’ হিলি-মান্দ্রগঞ্জ করিডোর ছাড়াও, মুখ্যমন্ত্রী ডালু থেকে সোনাপুর পর্যন্ত বিস্তৃত সীমান্ত ঘেঁষা অর্থনৈতিক করিডোরের উন্নয়নে তাঁর প্রচেষ্টার কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘আমি ডালু থেকে সোনাপুর পর্যন্ত সীমান্ত ঘেঁষা অর্থনৈতিক করিডোরের উন্নয়নের জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের সঙ্গে কথা বলেছি। ৪৫০ কিমি দীর্ঘ এই করিডোরে ৯ টি কাস্টম স্টেশন ও বালাতে একটি সীমান্ত বাজার রয়েছে। এই করিডোরে ২৫ টি জড়াজীর্ণ সেতু রয়েছে, যার ফলে ভারি পন্যবাহী যানবাহন চলাচল করতে পারে না, আমরা চেষ্টা করছি সেতুগুলির পুনঃনির্মাণ করতে। অন্যান্য পরিকাঠামো উন্নত করা হবে। ‘

উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলি পশ্চিমবঙ্গের ‘চিকেন নেট’ নামে পরিচিত সরু করিডোরের মাধ্যমে দেশের অনান্য অংশের সাথে সম্পর্ক স্থাপন করে। দুর্গম এই পথে, মালপত্র পরিবহণের ক্ষেত্রে সমস্যা হয়। কলকাতা থেকে মেঘালয় বা ত্রিপুরায় যেতে হলে প্রায় ১২০০-১৫০০ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। নতুন করিডোর চালু হলে এই দূরত্ব অনেকটাই কমে যাবে। বাণিজ্য, পরিবহনের পাশাপাশি পর্যটনের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। এই পথটি দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে বাণিজ্যের জন্য একটি গেটওয়ে হিসেবে কাজ করতে পারে। বাংলাদেশের মাধ্যমে এই সংযোগ স্থাপিত হলে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি শুধু কলকাতার সঙ্গে নয়, বাংলাদেশের বাজারের সঙ্গেও সরাসরি যুক্ত হবে। এতে রপ্তানি ও আমদানি উভয়ই বৃদ্ধি পাবে। ফলে বাংলাদেশের জন্যও এই করিডোর লাভজনক হতে পারে। তবে ভারত সরকার দীর্ঘদিন ধরে এটি করতে চাইলেও, বাংলাদেশের ড.ইউনূসের সরকার কি সিদ্ধান্ত নেবে তার উপর অনেককিছু নির্ভর করছে। ফলে এর সফলতা নির্ভর করছে ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সমন্বয়ের উপর। তবে যদি এই করিডোর বাস্তবায়নে ভারত সফল হয়, তাহলে মেঘালয়, আসাম, ত্রিপুরা সহ উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলির অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে নতুন যুগের সূচনা হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!