Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জুলাই ৫, ২০২৩

‌৩ বছর পর প্রিমিয়ার লিগে জয় দিয়ে শুরু মোহনবাগানের

আরম্ভ ওয়েব ডেস্ক
‌৩ বছর পর প্রিমিয়ার লিগে জয় দিয়ে শুরু মোহনবাগানের

গত মাসের শেষ সপ্তাহে শুরু হয়ে গেছে কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ। আজ প্রথম মাঠে নামল বড় ক্লাব। নৈহাটি স্টেডিয়ামে পাঠচক্রর বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের কলকাতা লিগ অভিযান শুরু করল মোহনবাগান সুপার জায়ান্ট। তিনবছর পর কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে খেলতে নেমে প্রথম ম্যাচেই দাপুটে জয়। পাঠচক্রকে ৩–১ ব্যবধানে হারিয়ে লিগ অভিযান শুরু করল সবুজ–মেরুণ ব্রিগেড। মোহনবাগানের হয়ে তিনটি গোল করেন সুমিত রাঠি, ইংসন সিং ও টাইসন সিং।

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সিদ্ধান্তে এবছর কলকাতা লিগ বিদেশিহীন। অর্থাৎ কোনও দলই বিদেশি ফুটবলার মাঠে নামাতে পারবে না। মোহনবাগান সুপার জায়ান্ট সিদ্ধান্ত নিয়েছে অনূর্ধ্ব ২৩ ফুটবলারদের নিয়ে লিগ খেলার। লক্ষ্য আইএসএলের জন্য কলকাতা লিগ থেকে নতুন ফুটবলার তৈরি করা। নিজেদের প্রথম ম্যাচেই নজর কাড়লেন বাস্তব রায়ের তরুণ ফুটবলাররা।

ম্যাচের শুরু থেকেই চূড়ান্ত দাপট ছিল মোহনবাগান ফুটবলারদের। ১২ মিনিটেই গোল তুলে নেয় মোহনবাগান। কর্ণার থেকে বল পেয়ে দলকে এগিয়ে দেন সুমিত রাঠি। ২১ মিনিটে ব্যবধান বাড়ান ইংসন সিং। গোল লক্ষ্য করে জোরালো শট নিয়েছিলেন টাইসন সিং। আংশিক প্রতিহত করেন পাঠচক্র গোলকিপার। ফিরতি বল জালে পাঠান ইংসন। এরপর একের পর এক আক্রমণ তুলে নিয়ে আসে মোহনবাগান। একাধিক সুযোগও তৈরি হয়। ৩৮ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল ইংসনের সামনে। কিন্তু তিনি কাজে লাগেতে পারেননি।

দ্বিতীয়ার্ধেও সবুজ–মেরুণের দাপট অব্যাহত ছিল। বেশ কয়েকটা সুযোগ নষ্ট করেন দিপেন্দু, ফারদিন আলি মোল্লা, শুভ পালরা। অবশেষে ম্যাচের ইনজুরি সময়ে মোহনবাগানের হয়ে ৩–০ করেন টাইসন সিং। আর একেবারে অন্তিম লগ্নে পাঠচক্রর হয়ে ব্যবধান কমান সুরজিৎ ঘোষ। প্রথম ম্যাচে জেতায় খুশি মোহনবাগান সুপার জায়ান্ট কোচ বাস্তব রায়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!