Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • মার্চ ১৩, ২০২৫

দীর্ঘায়িত হল সুনীতা ও বুচের মহাকাশ বাস, প্রযুক্তিগত সমস্যা স্থগিত ফ্যালকন ৯ উৎক্ষেপণ

আরম্ভ ওয়েব ডেস্ক
দীর্ঘায়িত হল সুনীতা ও বুচের মহাকাশ বাস, প্রযুক্তিগত সমস্যা স্থগিত ফ্যালকন ৯ উৎক্ষেপণ

বুধবার ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে ফ্যালকন ৯ উৎক্ষেপণের এক ঘণ্টা আগে প্রযুক্তিগত ত্রুটির কারণে মিশন স্থগিত। আরো দীর্ঘায়িত হল মহাকাশে আটকে থাকা সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোরের প্রতীক্ষা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পেসএক্সের মালিক ইলন মাস্ককে আটকে পড়া মহাকাশচারীদের দ্রুত উদ্ধার করবার অনুরোধ করেছেন।

ফ্লোরিডার কেপ ক্যানাভেরালের উৎক্ষেপণ কেন্দ্র থেকে যখন স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেট উড়ানের শেষ প্রস্তুতি নিচ্ছিল, তখনও পৃথিবী থেকে ৪০০ কিলোমিটার ওপরে মহাকাশে অপেক্ষমাণ সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোরের মনে আশা ছিল—অবশেষে তাঁরা ঘরে ফিরবেন। কিন্তু উড়ানের মাত্র এক ঘণ্টা আগে প্রযুক্তিগত সমস্যার কারণে মিশন স্থগিত করা হলে, তাঁদের সেই আশা আরও কিছুদিনের জন্য মুলতবি হয়ে গেল। নাসা ও স্পেসএক্সের বিবৃতি অনুযায়ী, উৎক্ষেপণ কমপ্লেক্স ৩৯এ-তে ফ্যালকন ৯ রকেটের একটি গ্রাউন্ড সাপোর্ট ক্ল্যাম্প আর্ম-এর হাইড্রোলিক সিস্টেমে সমস্যা ধরা পড়ে। এই ক্ল্যাম্প আর্মটি রকেটটিকে উৎক্ষেপণের আগ পর্যন্ত স্থিতিশীলভাবে ধরে রাখে। সমস্যা ধরা পড়ার পর, নিরাপত্তার স্বার্থে উড়ান বাতিল করা হয়। নাসা জানিয়েছে, ‘ড্রাগনের উড্ডয়নের পথে তীব্র বাতাস ও বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় ১৩ মার্চের উৎক্ষেপণ স্থগিত করা হয়েছে। এখন ১৪ মার্চ শুক্রবার সন্ধ্যা ৭:০৩ [ভারতীয় সময় সকাল ৪:৩৩] পুনরায় উৎক্ষেপণের চেষ্টা করা হবে।’ নাসার এ উৎক্ষেপণের সম্প্রচার স্থানীয় সময় বিকেল ৩:২৫-এ শুরু হবে। শুক্রবার রাত ১১:৩০-এ মহাকাশে ডকিং নির্ধারিত হয়েছে। এই অভিযানে চারজন নভোচারী স্পেসএক্স ফ্যালকন ৯ রকেটে চড়ে আন্তর্জাতিক মহাকাশ ষ্টেশনে-এ ৬ মাসের জন্য থাকবেন। ক্রু-১০ উৎক্ষেপণের পর, পরিস্থিতি অনুকূলে থাকলে পূর্ববর্তী ক্রু-৯ মিশনের নভোচারী –নাসার নিক হেগ, সুনীতা উইলিয়ামস, বুচ উইলমোর এবং আলেকজান্ডার গর্বুনভ, ১৭ মার্চ সকাল ৯:০৫ টায় আইএসএস থেকে যাত্রা করবেন। নাসার তথ্য অনুয়াযী, ক্রু-১০ হল স্পেসএক্সের মহাকাশ পরিবহন ব্যবস্থার ১০তম ‘ক্রু-রোটেশন মিশন’। এরপর নাসার-র অধীনে ১১তম ক্রু-মিশন উৎক্ষেপিত হবে।

সুনীতা উইলিয়ামস ও তাঁর সঙ্গী বুচ গত বছরের জুন মাসে ১০ দিনের জন্য মহাকাশে যাত্রা করেছিলেন। তবে যান্ত্রিক ত্রুটি ও অন্যান্য সমস্যার কারণে তাঁরা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে আটকে পড়েন। দীর্ঘদিন সেখানে থাকার ফলে সুনীতা অসুস্থ হয়ে পড়লেও বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন। মহাকাশে থাকাকালীন, উইলমোর ও সুনীতা মহাকাশ পদচারণাও করেন। তাঁদের নিরাপদে ফিরিয়ে আনার বিষয়ে উদ্যোগী হওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাসার তথ্য অনুযায়ী, মাত্র ১০ দিনের জন্য যাত্রা করলেও সুনীতা উইলিয়ামস ও বুচ প্রায় ৯ মাস মহাকাশে কাটিয়েছেন। বর্তমানে তাঁরা আইএসএস-এ অবস্থান করছেন। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে আগামী ১৬ মার্চ স্পেস এক্স-এর ড্রাগন স্পেসক্রাফটে করে তাঁরা পৃথিবীতে ফিরবেন। ২০২৪ সালের ৫ জুন, স্টারলাইনার স্পেসক্রাফটে করে তাঁরা মহাকাশে পাড়ি জমিয়েছিলেন। কিন্তু মহাকাশযানটিতে একাধিক যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় তাঁদের প্রত্যাবর্তন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। পরে, গত বছরের সেপ্টেম্বরে নাসার স্টারলাইনার স্পেসক্রাফট পৃথিবীতে ফিরে এলেও সুনীতা ও বুচ ফিরে আসতে পারেননি। এরপর ইলন মাস্কের সংস্থা স্পেস এক্স-এর মাধ্যমে তাঁদের ফেরানোর পরিকল্পনা করা হয়। মহাকাশে আটকে থাকা দুই নভোচারীর জন্য স্পেস এক্স-এর নতুন মহাকাশযানে আসন সংরক্ষিত রয়েছে। মূলত ফেব্রুয়ারি মাসেই তাঁদের ফেরার কথা ছিল, তবে তা পিছিয়ে দেওয়া হয়। অবশেষে, পরিকল্পনা অনুযায়ী, আগামী ১৬ মার্চ চারজন নভোচারী একসঙ্গে পৃথিবীতে ফিরে আসবেন। নাসার ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের প্রোগ্রাম ম্যানেজার জানিয়েছেন, তাঁদের ফেরানোর জন্য উপযুক্ত আর নিরাপদ মহাকাশযান পাঠানো হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইলন মাস্ককে অনুরোধ করেছিলেন, যাতে তিনি নাসার নির্ধারিত সময়ের আগেই এই দুই নভোচারীকে ফিরিয়ে আনেন। তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে অভিযোগ করেন যে, তিনি তাদের মহাকাশে ফেলে রেখেছেন। ৭ মার্চ ট্রাম্প বলেছেন, তিনি ইলন মাস্ককে আমেরিকান নভোচারী সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোরকে ফিরিয়ে আনার অনুরোধ জানিয়েছেন, যারা গত বছরের জুন থেকে মহাকাশে-এ আটকে রয়েছেন।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!