- এই মুহূর্তে দে । শ
- সেপ্টেম্বর ৯, ২০২৫
দেশের পঞ্চদশ উপ রাষ্ট্রপতি নির্বাচিত হলেন সিপি রাধাকৃষ্ণন
দেশের পঞ্চদশ উপ রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন এনডিএ জোটের প্রার্থী সিপি রাধাকৃষ্ণন । রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের গুরুত্বপূর্ণ সদস্য এর আগে মহারাষ্ট্র এবং ঝাড়খন্ডের রাজ্যপালের দায়িত্বে ছিলেন । মঙ্গলবার উপরাষ্ট্রপতি নির্বাচনে ৪৫২টি ভোট পেয়েছেন তিনি । বিপক্ষে ইন্ডিয়া জোটের প্রার্থী, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি পেয়েছেন ৩০০টি ভোট । মোট ৭৫৪টি ভোট পড়লেও, তার মধ্যে ১৫টি ভোট বাতিল হয়েছে। বাকি বৈধ ৭৩৯টি ভোটের মধ্যে রাধাকৃষ্ণন পেয়েছেন ৪৫২টি এবং রেড্ডি পেয়েছেন ৩০০টি ভোট, জানিয়েছেন নির্বাচনের রিটার্নিং অফিসার পিভি মোদী।
এই নির্বাচনে এনডিএ প্রার্থীর জয় নিশ্চিত ছিল, তবুও ১৫০ ভোটের ব্যবধান উপরাষ্ট্রপতি নির্বাচনের ইতিহাসে অন্যতম সর্বনিম্ন। ২০২২ সালে জগদীপ ধনখড় বিরোধী প্রার্থী মার্গারেট আলভাকে ৩৪৬ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করেছিলেন।
এই ফলাফলে স্পষ্ট যে, বিরোধী শিবিরে ক্রস ভোটিং হয়েছে। অন্তত ১৫ জন এমপি এনডিএ প্রার্থীকে ভোট দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। যদিও কংগ্রেস দাবি করেছে, তাদের নেতৃত্বাধীন ৩১৫ জন বিরোধী এমপি ঐক্যবদ্ধ ছিলেন, এনডিএ এই ফলাফলকে বিরোধী ঐক্যে ‘গভীর ফাটলের প্রতিফলন’ হিসেবে তুলে ধরছে।
এনডিএর মোট ভোট ছিল ৪২৭, এবং তাদের সমর্থনকারী ওয়াইএসআর কংগ্রেসের ১১ জন এমপি মিলে সর্বোচ্চ ৪৩৮ ভোট হওয়া উচিত ছিল। কিন্তু রাধাকৃষ্ণনের প্রাপ্ত ভোট ৪৫২, অর্থাৎ অতিরিক্ত ১৪ ভোট কোথা থেকে এল তা নিয়ে প্রশ্ন উঠছে। অন্যদিকে, ১৫টি ভোট বাতিল হওয়ায় বিরোধী শিবিরের হিসেবেও গড়মিল দেখা গেছে। কংগ্রেস দাবি করেছিল বিরোধী প্রার্থী রেড্ডির পক্ষে ৩১৫টি ভোট থাকবে, কিন্তু তিনি পেয়েছেন মাত্র ৩০০টি বৈধ ভোট।
নবনির্বাচিত উপরাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে “এক্স”-এ লিখেছেন, “আমরা আশা করি নতুন উপরাষ্ট্রপতি সংসদের সর্বোচ্চ রীতিনীতি বজায় রেখে, বিরোধীদের জন্য সমান সুযোগ ও মর্যাদা নিশ্চিত করবেন এবং শাসক পক্ষের চাপের কাছে মাথানত করবেন না।”
❤ Support Us







