- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ১২, ২০২৬
উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে নতুন মোর্চা ! চন্দ্রশেখর আজাদের সঙ্গে হাত মেলালেন ওয়েইসি, ভোট-অঙ্কে লাভ হবে কার?
উত্তরপ্রদেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরির চেষ্টা। ২০২৭ সালের বিধানসভা নির্বাচনের আগে হাত মেলালেন অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম)-এর প্রধান আসাদউদ্দিন ওয়েইসি এবং আজাদ সমাজ পার্টি (কাঁশিরাম)-এর সভাপতি চন্দ্রশেখর আজাদ। বৃহস্পতিবার লখনৌয়ের যৌথ সাংবাদিক বৈঠকে নতুন রাজনৈতিক জোটের ঘোষণা করলেন দুই নেতা। জোটের নাম ‘সামাজিক পরিবর্তন মোর্চা’। আর সে জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে চন্দ্রশেখর আজাদের নাম ঘোষণা করেছেন আসাদউদ্দিন ওয়েইসি। তাঁদের লক্ষ্য, আগামী বিধানসভা নির্বাচনে বিজেপিকে পর পর তৃতীয় বার উত্তরপ্রদেশের ক্ষমতায় আসতে না দেওয়া।
যৌথ সাংবাদিক বৈঠকে ওয়েইসির দাবি, উত্তরপ্রদেশে বিজেপির বিরুদ্ধে শক্তিশালী বিকল্প হয়ে উঠবে তাঁদের জোট। তিনি বলেন, ‘আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, বিজেপিকে তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসা থেকে আটকাতে উত্তরপ্রদেশে এই জোট একটি শক্তিশালী বিকল্প হয়ে উঠবে।’ তাঁর সংযোজন, ‘চন্দ্রশেখর আজাদ সামাজিক পরিবর্তন মোর্চার প্রধান এবং উত্তরপ্রদেশে জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হবেন, এ ঘোষণা করতে পেরে আমি আনন্দিত।’ জাতপাতের রাজনীতির বাইরে গিয়ে পিছিয়ে পড়া, দলিত এবং সমাজের অন্যান্য নিপীড়িত ও প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যাকে নির্বাচনী প্রচারের কেন্দ্রে রাখার কথা জানিয়েছেন ওয়েইসি। তাঁর অভিযোগ, এত দিন বিভিন্ন রাজনৈতিক দল এই জনগোষ্ঠীগুলিকে শুধুমাত্র ভোটব্যাঙ্ক হিসাবেই ব্যবহার করেছে। শিক্ষা ব্যবস্থার বেহাল দশা, যুব সমাজের বেকারত্ব থেকে কৃষকদের সমস্যা —এই সমস্ত বিষয়কেই বিশেষ গুরুত্ব দিতে চায় নয়া জোট। দুই দলের কর্মী-সমর্থকেরা একসঙ্গে কাজ করে জোটের সাফল্য নিশ্চিত করবেন বলেও জানিয়েছেন তিনি।
আগামী ২৬ নভেম্বর উত্তরপ্রদেশে জনসভারও ডাক দিয়েছেন ওয়েইসি। তাঁর দাবি, সে সভার মধ্য দিয়েই রাজ্যে সামাজিক পরিবর্তনের আন্দোলনের সূচনা হবে। বিজেপি-সহ অন্য রাজনৈতিক দলগুলিকে নিশানা করে তাঁর মন্তব্য, এত দিন যারা রাজনীতি করেছে, তারা অতীতের প্রতিনিধিত্ব করে। ‘সামাজিক পরিবর্তন মোর্চা’ ভবিষ্যতের কথা ভেবে রাজনীতি করতে চায়। উত্তরপ্রদেশের মানুষ চন্দ্রশেখর আজাদের সঙ্গে হাত মিলিয়ে উন্নত ভবিষ্যৎ গড়তে এগিয়ে আসবেন বলেও আশা প্রকাশ করেছেন তিনি। তবে নতুন জোটকে ‘তৃতীয় ফ্রন্ট’ বলে চিহ্নিত করতে নারাজ চন্দ্রশেখর আজাদ। তাঁর বক্তব্য, ‘এটি তৃতীয় ফ্রন্ট নয়, সামাজিক পরিবর্তন মোর্চা। এর গভীরতা বুঝতে পারলে বোঝা যাবে, এটিই প্রথম ফ্রন্ট।’ একই সঙ্গে বিজেপিকে ক্ষমতা থেকে সরাতে সমাজবাদী পার্টি এবং কংগ্রেস-সহ অন্য দলগুলিকেও তাঁদের সঙ্গে আসার আহ্বান জানিয়েছেন আজাদ। তাঁর কথায়, এ জোট ‘উদার মনোভাবাপন্ন’-দের জন্য। বিজেপিকে আটকাতে চাইলে অন্য দলগুলিও তাঁদের সমর্থনে নির্বাচনে লড়তে পারে। আজাদের দাবি, আগামী নির্বাচনে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সরকারকে জবাবদিহি করতে হবে। ভোট চুরি, নোটবন্দির প্রভাব, সরকারি চাকরির সুযোগ ক্রমশ কমে যাওয়ার মতো বিষয়গুলি নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। বিশেষত দলিত ও পিছিয়ে পড়া সম্প্রদায়ের শিক্ষিত তরুণ-তরুণীরা ডিগ্রি অর্জন করেও চাকরি পাচ্ছেন না। এই সমস্যাগুলিই নির্বাচনে বড়ো হয়ে উঠবে বলে মনে করেন তিনি। পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থানকে জোটের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসাবে তুলে ধরেছেন আজাদ। তাঁর প্রতিশ্রুতি, দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা, উন্নত হাসপাতাল এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে।
উত্তরপ্রদেশের রাজনীতিতে নতুন এই জোটের আত্মপ্রকাশ ঘিরে সবচেয়ে বেশি আলোচনা দলিত ও মুসলমান ভোটের সমীকরণ নিয়ে। রাজ্যের জনসংখ্যার প্রায় ১৯-২০ শতাংশ মুসলিম এবং প্রায় ২১ শতাংশ দলিত। অর্থাৎ, দুই জনগোষ্ঠী মিলিয়ে উত্তরপ্রদেশের জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ। রাজনৈতিক ভাবে এই দুই জনগোষ্ঠীর ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজবাদী পার্টি গত লোকসভা নির্বাচনে এ ভোটের বৃহৎ অংশ নিজেদের দিকে টানতে সক্ষম হয়েছিল। ফলে ওয়েইসি-আজাদের জোট সে ভোটে ভাগ বসাতে পারলে অখিলেশ যাদবের নির্বাচনী অঙ্কে প্রভাব পড়তে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের ৮০টি আসনের মধ্যে ৩৭টিতে জিতেছিল সমাজবাদী পার্টি। বিজেপির শক্ত ঘাঁটিতে সে ফল ছিল বিশাল ধাক্কা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যাদব, দলিত, অ-যাদব ওবিসি এবং মুসলমান — এই চারটি জনগোষ্ঠীর ভোট একত্রিত করতে পারাই ছিল সমাজবাদী পার্টির সাফল্যের অন্যতম কারণ।
২০১৯ সালের লোকসভা নির্বাচনের সঙ্গে তুলনা করলে বিষয়টি আরও স্পষ্ট হয়। সে বার মায়াবতীর বহুজন সমাজ পার্টির সঙ্গে জোট করেও দলিত ভোটের উল্লেখযোগ্য সমর্থন পায়নি অখিলেশের দল। ১৭টি তফসিলি জাতি সংরক্ষিত আসনের মধ্যে ১৫টিতেই জিতেছিল বিজেপি। অথচ ২০২৪ সালে ওই ১৭টি আসনের মধ্যে সাতটিতে জয়ী হয় সমাজবাদী পার্টি। ২০১৯ সালে নাগিনা আসনটি ছিল বহুজন সমাজ পার্টির দখলে। পাঁচ বছর পর সেই আসন থেকেই সাংসদ নির্বাচিত হন চন্দ্রশেখর আজাদ। সামগ্রিক ভাবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে সমাজবাদী পার্টির ভোটের হারও ১৫.৪৮ শতাংশ বেড়েছিল। এ পরিস্থিতিতে নতুন জোটের রাজনৈতিক তাৎপর্য যথেষ্ট। একদিকে ওয়েইসির সংখ্যালঘু ভোটের উপর প্রভাব, অন্যদিকে চন্দ্রশেখর আজাদের দলিত রাজনীতিতে ক্রমবর্ধমান পরিচিতি — দুইয়ের সমন্বয়ে উত্তরপ্রদেশে নতুন ভোটের মেরুকরণ হতে পারে। বিশেষত পশ্চিম উত্তরপ্রদেশ এবং রোহিলখণ্ডের মতো এলাকায় এই জোটের প্রভাব কতটা পড়ে, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।
তবে এর আগে বিহারের বিধানসভা নির্বাচনেও একসঙ্গে লড়েছিলেন ওয়েইসি ও চন্দ্রশেখর আজাদ। সে জোট অবশ্য প্রত্যাশা পূরণ করতে পারেনি। দুই দল মিলিয়ে ৪৬টি আসনে প্রার্থী দিয়েও জয় এসেছিল মাত্র পাঁচটিতে। পাঁচ জনই ছিলেন ‘এআইএমআইএম’-এর প্রার্থী। ওই জোটে পশুপতি পারসের রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টিও ছিল। তারা ৩৬টি আসনে লড়েও কোনো আসনে জিততে পারেনি। ফলে উত্তরপ্রদেশে নতুন জোট কতটা প্রভাব ফেলতে পারবে, তা নিয়ে সংশয়ও রয়েছে রাজনৈতিক মহলের একাংশের। ওয়েইসি দীর্ঘদিন ধরেই উত্তরপ্রদেশে বিজেপি-বিরোধী জোটে জায়গা পাওয়ার চেষ্টা করেছেন। সমাজবাদী পার্টি এবং কংগ্রেস-এর সঙ্গে সমঝোতার সম্ভাবনা তৈরির জন্য একাধিক বার উদ্যোগী হয়েছিলেন তিনি। এমনকি দুই দলকে আসন সমঝোতা নিয়ে বার্তাও দিয়েছিলেন। কিন্তু সে প্রস্তাবে বিশেষ সাড়া মেলেনি। বর্তমানে সমাজবাদী পার্টি ও কংগ্রেস-এর মধ্যে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা চলছে। সে পরিস্থিতিতে ‘এআইএমআইএম’-এর সঙ্গে জোটের সম্ভাবনাকে কার্যত গুরুত্ব দিতে নারাজ দুই দলই।
সমাজবাদী পার্টি অবশ্য নয়া জোটকে গুরুত্ব দিতে নারাজ। অযোধ্যার সাংসদ অবধেশ প্রসাসের বক্তব্য, উত্তরপ্রদেশের মানুষ বিজেপি সরকারের উপর আস্থা হারিয়েছেন। ২০২৭ সালে বিজেপিকে ক্ষমতা থেকে সরানোর ক্ষমতা একমাত্র অখিলেশ যাদবেরই রয়েছে। গণতন্ত্রে যে কোনো রাজনৈতিক দল জোট গড়তে পারে, তাতে আপত্তির কিছু নেই বলেও মন্তব্য করেছেন তিনি। কংগ্রেস সাংসদ ইমরান মাসুদও একই সুরে জানিয়েছেন, প্রত্যেক রাজনৈতিক দলেরই জোট গড়ার স্বাধীনতা রয়েছে। তবে কংগ্রেস নিজেদের রাজনৈতিক অবস্থান আর নির্বাচনী কৌশল নিজেরাই ঠিক করবে। তাঁর দাবি, এ মুহূর্তে এ ধরনের জোটের বিশেষ কোনো গুরুত্ব নেই। নির্বাচনের আগে সব দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। বিজেপির তরফেয় নতুন জোটকে কার্যত গুরুত্বহীন বলে দাবি করা হয়েছে। তাদের বক্তব্য, ‘সামাজিক পরিবর্তন মোর্চা’র কোনো নির্দিষ্ট রাজনৈতিক কর্মসূচি নেই। এ জোটের আত্মপ্রকাশে বরং বিজেপিরই সুবিধা হতে পারে।
নতুন জোটের সম্ভাব্য প্রভাব নিয়ে ২০২২ সালের বিধানসভা নির্বাচনের ফলাফলও খতিয়ে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। সে নির্বাচনে ৫৮টি আসনে বিজেপি প্রার্থীরা দ্বিতীয় স্থানে থেকে হেরেছিলেন। কয়েকটি কেন্দ্রে জয়-পরাজয়ের ব্যবধান ছিল অত্যন্ত কম। মুসলমান, দলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভোটের সামান্য রদবদলও সেখানে ফল বদলে দিতে পারত। উদাহরণ হিসাবে সিরাথু কেন্দ্রের কথা বলা যায়। সেখানে বিজেপির প্রার্থী তথা রাজ্যের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যকে ৭,৩৩৭ ভোটে হারিয়েছিলেন পল্লবী পটেল। ইটাওয়ায় সমাজবাদী পার্টির নেতা তথা বিরোধী দলনেতা মাতা প্রসাদ পাণ্ডের কাছে বিজেপি প্রার্থীর পরাজয়ের ব্যবধান ছিল মাত্র ১,৬৬২ ভোট। চাঁদপুর, রামনগর, ইসৌলি, দিবিয়াপুর এবং ডুমরিয়াগঞ্জের মতো কেন্দ্রগুলিতে ব্যবধান আরও কম ছিল। কোথাও ২৩৪, কোথাও ৭৭১ ভোটের ব্যবধানে নির্ধারিত হয়েছিল জয়-পরাজয়। ফলে, ২০২৭ সালের নির্বাচনে এই কেন্দ্রগুলিতে সামাজিক পরিবর্তন মোর্চা প্রার্থী দিলে ভোটের অঙ্কে তার প্রভাব পড়তে পারে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, এ ধরনের আসনে নতুন জোটের প্রার্থীরা যদি পাঁচ হাজার বা তার বেশি ভোট পান, তা হলে জয়ী ও পরাজিত প্রার্থীর ব্যবধান বদলে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। প্রার্থীরা নিজেরা জিততে না পারলেও তাঁদের প্রাপ্ত ভোট অন্য দলের পরাজয়ের কারণ হয়ে উঠতে পারে। অর্থাৎ, নতুন জোটের প্রভাব শুধু আসন জয়ের হিসাবেই সীমাবদ্ধ থাকবে না, বিজেপি-বিরোধী ভোটের বিভাজনও নির্বাচনের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তবে ২০২২ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল দিয়ে ২০২৭ সালের রাজনৈতিক সমীকরণ পুরোপুরি বিচার করা সম্ভব নয়। গত পাঁচ বছরে উত্তরপ্রদেশের রাজনীতিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটেছে। ২০২২ সালের নির্বাচনে জয়ন্ত চৌধুরীর রাষ্ট্রীয় লোক দল এবং ওমপ্রকাশ রাজভরের সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি ছিল সমাজবাদী পার্টির নেতৃত্বাধীন জোটের শরিক। বর্তমানে অবশ্য দুই দলই বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। পশ্চিম উত্তরপ্রদেশে জয়ন্ত চৌধুরীর দলের উল্লেখযোগ্য জনভিত্তি রয়েছে। অন্য দিকে, রাজভরের দল নির্দিষ্ট কিছু অনগ্রসর জনগোষ্ঠীর মধ্যে প্রভাবশালী। বিশেষত ‘রাজভর সম্প্রদায়’-এর ভোটের উপর তাদের প্রভাব রয়েছে বলে মনে করা হয়। ফলে এই দুই দলের রাজনৈতিক অবস্থান বদলে যাওয়ায় আগামী বিধানসভা নির্বাচনের আগে জাতপাতভিত্তিক ভোটের সমীকরণেও পরিবর্তন আসতে পারে।
সে কারণে ২০২২ সালের নির্বাচনে বিজেপি যে ৫৮টি আসনে দ্বিতীয় স্থানে ছিল, সেই কেন্দ্রগুলির হিসাব নতুন করে কষতে হবে। সমাজবাদী পার্টির ‘পিডিএ’ সমীকরণ, বিজেপির নিজস্ব জোট, রাষ্ট্রীয় লোক দল ও সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির অবস্থান এবং নতুন সমাজিক পরিবর্তন মোর্চার প্রভাব — সব মিলিয়েই তৈরি হবে ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের লড়াই। এখন প্রশ্ন একটাই, দলিত ও মুসলমান ভোটের একাংশকে এক ছাতার তলায় এনে ওয়েইসি ও চন্দ্রশেখর আজাদ কি সত্যিই উত্তরপ্রদেশে বিজেপি-বিরোধী রাজনীতির নতুন বিকল্প হয়ে উঠতে পারবেন? না কি বিরোধী ভোটের আরও বিভাজন ঘটিয়ে আখেরে বিজেপির সুবিধা করে দেবে তাঁদের এই জোট? আগামী নির্বাচনের আগে উত্তরপ্রদেশের রাজনীতিতে এখন এই প্রশ্নই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
❤ Support Us






