Advertisement
  • দে । শ
  • অক্টোবর ১, ২০২৬

বিদ্যাসাগরের স্মৃতিভূমি সংস্কারের উদ্দ্যোগ, বীরসিংহে ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরম্ভ ওয়েব ডেস্ক
বিদ্যাসাগরের স্মৃতিভূমি সংস্কারের উদ্দ্যোগ, বীরসিংহে ঘোষণা মুখ্যমন্ত্রীর

শিক্ষা থেকে সংস্কৃতি, সমাজের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার ও উন্নয়নের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বীরসিংহে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভিটে পরিদর্শনে গিয়ে তিনি বলেন, সেই লক্ষ্যেই রাজ্য সরকার কাজ করছে। পাশাপাশি বীরসিংহকে একটি আদর্শ পর্যটন ও সাংস্কৃতিক গন্তব্য হিসেবে গড়ে তুলতে একাধিক পরিকল্পনার কথাও ঘোষণা করেন তিনি।

বীরসিংহে এসে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বিদ্যাসাগর মহোদয়ের এই পুণ্যভূমিতে মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম বার এসেছি। এ আমার কাছে পরম আনন্দ এবং গর্বের। সরকারের পক্ষ থেকে ২৬ সেপ্টেম্বর ওঁর জন্মদিন পালিত হয়। কিন্তু গ্রামবাসীরা বাংলা সন-তারিখ ধরে পালন করেন।’’

এ দিন বাল্যবিবাহ প্রতিরোধে উদ্যোগী তিন ছাত্রী, নূপুর চঙরে, শ্রেয়া অধিকারী এবং তনুশ্রী সামন্তকে সংবর্ধনা দেন শুভেন্দু। তাঁদের প্রশংসা করে তিনি বলেন, ‘‘তিন জন ছাত্রীর সঙ্গে কথা বলেছি। তারা নিজেদের অপ্রাপ্তবয়স্ক হিসেবে বিবাহ দেওয়ার প্রচেষ্টা নিজেরাই রুখে দিয়ে বিদ্যাসাগরের দেখানো পথে আমাদের সামনে উদাহরণ সৃষ্টি করেছে। মাত্র দু’দিনের নোটিসে আমার ইচ্ছা এবং স্বপ্নপূরণ করেছে।’’

বীরসিংহের উন্নয়ন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, এই এলাকাকে একটি আদর্শ পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। তাঁর কথায়, ‘‘এই ভিটাকে আদর্শ গন্তব্য হিসাবে গড়তে চাই। কথায় নয়, কাজে হবে। রাস্তা চওড়া, রাতে থাকার ব্যবস্থা, মিউজিয়াম তৈরি, লাইব্রেরি তৈরি, আলোর ব্যবস্থা… ভারতবর্ষের মানুষের কাছে যাতে আকর্ষণের কেন্দ্র হয়ে ওঠে।’’

তিনি জানান, বীরসিংহে বিদ্যাসাগর শিশু উদ্যান তৈরি করা হবে। পাশাপাশি নতুন রাস্তা ও কমিউনিটি হল নির্মাণের পরিকল্পনাও রয়েছে। পর্যটকদের রাত্রিবাসের জন্য আবাসিক হস্টেল তৈরির ব্যবস্থা করতে পর্যটন দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। গবেষণার কাজে যাঁরা বীরসিংহে আসবেন, তাঁদের থাকার জন্য বিশেষ কটেজ তৈরির উদ্দেশ্যে জমির ব্যবস্থা করতে জেলাশাসককে নির্দেশ দেওয়ার কথাও বলেন মুখ্যমন্ত্রী।

বিদ্যাসাগরের শিক্ষাদর্শ ও সাহিত্যকর্মের প্রসঙ্গ তুলে সরকারি ও স্কুলের পাঠাগারগুলিকে আরও সমৃদ্ধ করার কথাও বলেন শুভেন্দু। তিনি বলেন, ‘‘তাঁর অসীম সম্পদ তিনি দিয়ে গিয়েছেন। তাঁকে অনুসরণ করে চলবে এই সরকার। অসংখ্য বই রয়েছে, আর ‘এপাং ওপাং ঝপাং’ বই কিনবেন না। বিদ্যাসাগরের বই কিনুন, স্কুলের লাইব্রেরিগুলো ভরিয়ে দিন। আগে শুধু ভাষণ হয়েছে, কাজ কিছু হয়নি।’’ এই মন্তব্যের মাধ্যমে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ছড়ার লাইন তুলে রাজনৈতিক কটাক্ষও করেন শুভেন্দু।

এ দিন যক্ষ্মা রোগীদের হাতেও খাদ্যসামগ্রী তুলে দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি চলতি বছরের বন্যা পরিস্থিতি নিয়েও বক্তব্য রাখেন তিনি। ঘাটালের বন্যাকবলিত এলাকা আকাশপথে পরিদর্শনের কথা জানিয়ে শুভেন্দু বলেন, ‘‘মোহনপুর থেকে হেলিকপ্টারে উঠে এখানে এসেছি। আকাশপথে পরিস্থিতি দেখেছি। ঘাটালের বিধায়ক শীতল কপাটকে ধন্যবাদ দিচ্ছি… বন্যাকবলিত এলাকায় কী করা যায়, তার পরিকল্পনা করেছি।’’

ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ১২০০ কোটি টাকা বরাদ্দের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী। বর্ষার আগেই কাজ এগিয়ে নিয়ে যাওয়ার সময়সীমার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘‘পুজোর পর বর্ষা হবে না। জুন মাস পর্যন্ত কাজ এগিয়ে নিয়ে যেতে হবে।’’

বীরসিংহে বিদ্যাসাগরের জন্মভিটেকে কেন্দ্র করে রাস্তা, আলো, মিউজিয়াম, গ্রন্থাগার, শিশু উদ্যান, আবাসন ও পর্যটন পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি ঘাটালের বন্যা মোকাবিলায় মাস্টার প্ল্যান বাস্তবায়নের কথাও এ দিনের কর্মসূচিতে তুলে ধরেন মুখ্যমন্ত্রী।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!