- এই মুহূর্তে দে । শ
- মার্চ ৬, ২০২৫
যাদবপুরকাণ্ডে ব্রাত্য বসু, ওমপ্রকাশ মিশ্রদের বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ
যাদবপুরের ঘটনায় কলকাতা হাইকোর্টের নির্দেশে ব্রাত্য বসু, ওমপ্রকাশ মিশ্র সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের চেষ্টা, শ্লীলতাহানীর মতো একাধিক জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের করল পুলিশ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আহত পড়ুয়া ইন্দ্রানুজ রায়ের অভিযোগ গ্রহণ করা হয়েছে। আগামী বুধবারের মধ্যে আদালতে রিপোর্ট পেশ করতে হবে পুলিশকে।
যাদবপুরের ঘটনায় বিভিন্ন স্তরে আলোচনা সমালোচনার স্রোত বইছে। শনিবারে ব্রাত্য বসুর বিশ্ববিদ্যালয়ে আসাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে ২ ছাত্রের উপর দিয়ে গাড়ি চালানোর অভিযোগ ওঠে। অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রের বিরুদ্ধে ছাত্রীদের মারধোর ও শ্লীলতাহানির অভিযোগ ওঠে। পাল্টা বিক্ষোভ দেখানো পড়ুয়াদের বিরুদ্ধে হেনস্তা, মারধোররের অভিযোগে আইনি পদক্ষেপ নেওয়া হয়। এমনকি আহত ছাত্র ইন্দ্রানুজ রায়ের বিরুদ্ধেও এফআইআর হয়। কিন্তু শিক্ষামন্ত্রী, ওমপ্রকাশ বা ওয়েবকুপার কোনো সদস্যের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ-প্রশাসন। একদিকে যখন যাদবপুর ক্যাম্পাসে শিক্ষামন্ত্রী ও অভিযুক্ত শিক্ষক-শিক্ষাকর্মীদের শাস্তির দাবিতে ও ছাত্রদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের বিরুদ্ধে ধর্নামঞ্চ চালাচ্ছে ছাত্ররা। ওমপ্রকাশ মিশ্রকে সাসপেন্ড করা ও ক্যাম্পাসে ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে পোস্টার মেরেছে ছাত্ররা। এই আবহে বুধবার হাইকোর্ট নির্দেশ দেওয়ার পর নির্দেশে ব্রাত্য বসু, ওমপ্রকাশ মিশ্র সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের চেষ্টা, শ্লীলতাহানীর মতো একাধিক জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, ভারতীয় ন্যায় সংহিতায় ১১৫, ১১৫(২), /৭৪/৩৫১(৩)/১০৯/৩(৫) ধারায় মামলা রুজু হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আহত পড়ুয়া ইন্দ্রানুজ রায়ের অভিযোগ গ্রহণ করা হয়েছে। আগামী বুধবারের মধ্যে আদালতে রিপোর্ট পেশ করতে হবে পুলিশকে। পুলিশের তরফে জানানো হয়েছে, এখন পর্যন্ত ৪৮জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে
বুধবার কলকাতা হাইকোর্টের তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে যাদবপুর নিয়ে মামলার শুনানি ছিল। ছাত্রদের তরফে আইনজীবি বিকাশরঞ্জন ভট্টাচার্য অভিযোগ করেন, ‘শনিবারের ঘটনার ৭ জন ছাত্রের বিরুদ্ধে মিথ্যে অভিযোগে এফআইআর করা হলেও ছাত্রদের কোনো অভিযোগ গ্রহণ করেনি পুলিশ। আহত ছাত্রদের বিরুদ্ধেও এফআইআর করা হয়েছে।’ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান যে ইন্দ্রানুজের অভিযোগের বিষয়ে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে। এরপরই রাজ্যেকে তীব্র ভৎসনা করে বিচারপতি জানতে চান, ‘ছাত্রদের এফআইআর নেওয়া হয় নি কেন ? রাজ্য প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে। একজনের গাড়ির নীচে চাপা পড়ে এক ছাত্র আহত হল অথচ সেই ছাত্রের অভিযোগের ভিত্তিতে পুলিশ এখনো কোনো মামলা করল না কেন? আহত ছাত্র ইন্দ্রানুজ রায় ইমেল মারফত যে অভিযোগপত্র পুলিশকে জমা দিয়েছেন সেটিকে এফআইআর বলে ধরে নিয়ে আজই মামলা করতে হবে।’ এরপর বিচারপতি রাজ্য প্রশাসনের কর্তব্য স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘ যাদবপুরের ঘটনায় পুলিশ একপেশে তদন্ত করেছে। অথচ রাজ্যের উচিত ছিল অভিভাবকের মতো আচরণ করা। দেখবেন যেন আমাদের পরিস্থিতি, প্রতিবেশী দেশের মতো না হয়ে যায়।’
আদালতের নির্দেশে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও তাঁর গাড়ির চালক, অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র সহ সেদিনের ঘটনায় উপস্থিত থাকা বেশ কয়েকজন ব্যাক্তির বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের চেষ্টা, হেনস্তা, শ্লীলতাহানিসহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করছে পুলিশ। ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা বলে অভিযোগ করেছেন ইন্দ্রানুজের বাবা অমিত রায়। মিথ্যা মামলাগুলি প্রত্যাহার করার দাবি তুলেছেন তিনি। অন্যদিকে শনিবারের ঘটনার পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও তৃনমূলপন্থী অধ্যাপক, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওমপ্রকাশ মিশ্রের নিরাপত্তা বাড়ানো হয়েছে। নবান্নের সিদ্ধান্ত অনুযায়ী, ব্রাত্য বসুকে এবার থেকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেয়া হবে। আগে তিনি ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পেতেন।
❤ Support Us






