Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • অক্টোবর ১০, ২০২৬

শক্তিশালী জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত পানামা ! ভাঙল বহু বাড়ি, বিদ্যুৎ বিপর্যয়, আপাতত কাটল সুনামির আশঙ্কা

আরম্ভ ওয়েব ডেস্ক
শক্তিশালী জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত পানামা ! ভাঙল বহু বাড়ি, বিদ্যুৎ বিপর্যয়, আপাতত কাটল সুনামির আশঙ্কা

জোড়া শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মধ্য আমেরিকার দেশ পানামা। প্রথম কম্পনের মাত্রা ৭.৭, তার পরেই ৬.৬ মাত্রার আরও একটি ভূমিকম্প। শুক্রবারের জোড়া কম্পনের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়ি ও ভবন। কোথাও দেওয়ালে ফাটল ধরেছে, কোথাও আবার ভেঙে পড়েছে নির্মাণ। বিপর্যস্ত হয়েছে বিদ্যুৎ সরবরাহ। সাময়িক ভাবে বন্ধ রাখতে হয়েছে বিমানবন্দরের পরিষেবাও। আতঙ্কে ঘরবাড়ি, অফিস ছেড়ে রাস্তায় নেমে আসেন বহু মানুষ। পরবর্তী কয়েক ঘণ্টায় ৪০টিরও বেশি ’আফটার শক’ পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তোলে। যদিও প্রাথমিক খবর অনুযায়ী, এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা আহত হওয়ার ঘটনা জানা যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক সমীক্ষা সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, প্রথম ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল পানামার রাজধানী পানামা সিটি থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে, হেরেরা প্রদেশের একটি তুলনায় কম জনবসতিপূর্ণ এলাকায়। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১২.৬ কিলোমিটার গভীরে কম্পনটি সৃষ্টি হওয়ায় তার অভিঘাত তীব্র হওয়ার আশঙ্কা ছিল। কম্পনের জেরে দেশের বিস্তীর্ণ অংশে ক্ষয়ক্ষতির খবর মিলেছে। প্রতিবেশী কলম্বিয়া এমনকি কোস্টা রিকার রাজধানী সান হোসেতেও কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। প্রাথমিক ভাবে ইউএসজিএস জানিয়েছিল, ভূমিকম্পের জেরে প্রাণহানির আশঙ্কা রয়েছে এবং বিস্তর ক্ষয়ক্ষতি হতে পারে। সংস্থার প্রাথমিক মূল্যায়নে দাবি করা হয়েছে, প্রায় ৪৩ হাজার পানামাবাসী এমন এলাকায় বসবাস করেন, যেখানে ভূমিকম্পের অভিঘাত গুরুতর পর্যায়ের হতে পারে। দেশের বিভিন্ন প্রদেশ থেকে ক্ষয়ক্ষতির খবর আসতে থাকায় পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন।

ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি হেরেরা প্রদেশের গ্রামীণ এলাকায় একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও দেওয়ালে ফাটল ধরেছে, কোথাও আবার বাড়ির কাঠামো দুর্বল হয়ে পড়েছে। হেরেরা প্রদেশের লাস মিনাস এলাকার ক্ষতিগ্রস্ত বাড়িতে বসবাসকারী মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। রাজধানী পানামা সিটির মাঝামাঝি পেনোনোমে শহরেও ক্ষয়ক্ষতির ছবি সামনে এসেছে। একটি গির্জা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি আশপাশের কয়েকটি ভবন ভেঙে পড়ার দৃশ্য দেখা গিয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে যান প্রেসিডেন্ট রাউল মুলিনো। হেরেরা প্রদেশের রাজধানী চিত্রে ও উপকূলবর্তী লস সান্তোস প্রদেশেও ক্ষয়ক্ষতির খবর মিলেছে বলে জানিয়েছেন পানামার নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান ওমর স্মিথ।

রাজধানী পানামা সিটিতেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহুতল ভবনে থাকা মানুষজন দীর্ঘ সময় ধরে কম্পন অনুভব করেন। নিরাপত্তার কথা মাথায় রেখে বিভিন্ন অফিস থেকে কর্মীদের আগেভাগে ছুটি দিয়ে দেওয়া হয়। স্কুলগুলিতেও নির্ধারিত সময়ের আগেই পড়ুয়াদের বাড়ি পাঠানো হয়। পরে গোটা দেশেই স্কুলের পঠনপাঠন স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন। শহরের বাণিজ্যিক এলাকায় একের পর এক ভবন থেকে মানুষকে বাইরে বেরিয়ে আসতে দেখা যায়। অফিস ছুটির সময় একসঙ্গে বহু মানুষ রাস্তায় নেমে আসায় যানজট আরও বেড়ে যায়। বন্ধ রাখা হয় মেট্রো পরিষেবাও। ফলে বাড়ি ফেরার জন্য বাস ও অন্যান্য পরিবহণের অপেক্ষায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় বহু মানুষকে। শহরের একাধিক বহুতল ভবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। ভূমিকম্পের পরে ভবনের কাঠামোয় কোনো ক্ষতি হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসনের তরফে পরিস্থিতি পর্যালোচনার কাজ শুরু হয়েছে। ইউএসজিএসের প্রাথমিক হিসাব অনুযায়ী, এই ভূমিকম্পের ফলে পানামার মোট অভ্যন্তরীণ উৎপাদনের (জিডিপি) ১ থেকে ১০ শতাংশের সমপরিমাণ অর্থনৈতিক ক্ষতি হতে পারে। যদিও এ অনুমান প্রাথমিক,  প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য আরও মূল্যায়ন প্রয়োজন।

ভূমিকম্পের জেরে পানামার ছ–টি প্রদেশে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সংস্থা নাতুরজি। বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হওয়ায় দৈনন্দিন জীবনযাত্রার পাশাপাশি বিভিন্ন পরিষেবা পরিচালনা নিয়েও উদ্বেগ তৈরি হয়। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান পরিবহণ কেন্দ্র টোকুমেন আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িক ভাবে বিমান ওঠানামা বন্ধ রাখা হয়েছিল। নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখার পর অবশ্য পরিষেবা ফের চালু করা হয়। তবে ভূমিকম্পের অভিঘাতে পরিবহণ ব্যবস্থায় যে সাময়িক অচলাবস্থা তৈরি হয়েছিল, তার প্রভাব পড়ে যাত্রীদের উপরেও। পানামার ভূবিজ্ঞান প্রতিষ্ঠানের অধিকর্তা নেস্তর লুকে জানিয়েছেন, এই ভূমিকম্পের নেপথ্যে রয়েছে আজ়ুয়েরো-সোনা চ্যুতি। তাঁর ব্যাখ্যা, ওই অঞ্চলের সক্রিয় চ্যুতিগুলিতে দীর্ঘ সময় ধরে চাপ জমা হচ্ছিল। সে চাপ এক সময় মুক্ত হয়ে বিপুল শক্তির নির্গমন ঘটায়, যার ফলেই এই শক্তিশালী ভূমিকম্প। ভূমিকম্পের কম্পন কেন দেশের বিস্তীর্ণ অংশে অনুভূত হয়েছে, তারও ব্যাখ্যা দিয়েছেন তিনি। লুকের মতে, ‘ভূমিকম্পের কম্পন গোটা দেশের মধ্যে ছড়িয়ে পড়েছিল। সে কারণেই দেশের প্রায় সর্বত্র তা অনুভূত হয়েছে।’

ভূমিকম্পের পরেই সুনামির আশঙ্কা তৈরি হয়েছিল। মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থা প্রথমে জানায়, পানামার উপকূলে তিন মিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে। ভূমিকম্পের কেন্দ্রস্থল প্রশান্ত মহাসাগরের কাছাকাছি হওয়ায় উপকূলবর্তী এলাকার নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ে। পানামার পাশাপাশি কলম্বিয়া, কোস্টা রিকা, ইকুয়েডর, পেরু, নিকারাগুয়া, গুয়াতেমালা, এল সালভাদর এবং মেক্সিকোর উপকূলবর্তী এলাকাতেও সম্ভাব্য সুনামির সতর্কতা জারি করা হয়েছিল। ভূমিকম্পের তিন ঘণ্টার মধ্যে কয়েকটি দেশের উপকূলে বিপজ্জনক ঢেউ পৌঁছতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়। প্রথম দিকের সতর্কতায় সংশ্লিষ্ট দেশগুলিকে উপকূলের পরিস্থিতির উপর নজর রাখার প্রয়োজনীয়তার কথা জানানো হয়েছিল। তবে পরে মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থা জানায়, সুনামির বিপদ কেটে গিয়েছে। নতুন করে বিপজ্জনক ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা নেই বলেও জানানো হয়। ফলে উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে তৈরি হওয়া উদ্বেগ কিছুটা কমে। ভূমিকম্পের পরবর্তী পরিস্থিতি সামাল দিতে পানামার প্রশাসনকে অবশ্য আরও সতর্ক থাকতে হচ্ছে। ক্ষতিগ্রস্ত ভবনগুলির অবস্থা খতিয়ে দেখা, বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা এবং পরিবহণ ব্যবস্থার সম্পূর্ণ পুনরুদ্ধার — এ মুহূর্তে প্রধান চ্যালেঞ্জ।

উল্লেখযোগ্য ভাবে, ভূমিকম্পের কয়েক দিনের মধ্যেই পানামায় দেশজুড়ে বিপর্যয় মোকাবিলার  মহড়া হওয়ার কথা ছিল। আগামী সোমবারের ওই মহড়ায় জরুরি পরিস্থিতিতে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া এবং ভূমিকম্পের মতো প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতি যাচাই করার পরিকল্পনা ছিল। এদিকে, ভূমিকম্পের ক্ষয়ক্ষতি সামাল দিতে পানামাকে আর্থিক সহায়তার প্রস্তাব দিয়েছে লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের উন্নয়ন ব্যাঙ্ক। শুক্রবারের ৭.৭ মাত্রার ভূমিকম্পের পর দেশটির জন্য সর্বোচ্চ ৫ কোটি ডলারের ঋণসুবিধা দেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি। পাশাপাশি আড়াই লক্ষ ডলার অনুদান দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। সমাজমাধ্যমে পোস্টের মাধ্যমে এই সহায়তার কথা জানিয়েছে ব্যাঙ্কটি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!