- বি। দে । শ
- জানুয়ারি ৮, ২০২৫
ট্রুডো পদত্যাগের পরই কানাডা দখলের ইচ্ছা প্রকাশ ডোনাল্ড ট্রাম্পের
দীর্ধদিন ধরেই কানাডার ওপর নজর রয়েছে ডোনাল্ড ট্রাম্পের। বেশ কয়েকবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ‘ট্রুথ’ থেকে কানাডাকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার দাবি জানিয়েছিলেন। কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে জাস্টিন ট্রুডো ইস্তফা দিতেই আবার কানাডা দখলের প্রস্তাব দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টের পদে বসতে চলা ট্রাম্প কানাডাকে মার্কিন যুক্তরাষ্ট্রের ৫১তম প্রদেশ করার প্রস্তাব রেখেছেন।
সোমবারই কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন জাস্টিন ট্রুডো। ঘরে ও বাইরে প্রবল চাপে পড়ে পদত্যাগ করতে বাধ্য হন। গোটা দেশ, দলের অভ্যন্তরেও কোনঠাসা হয়ে পড়েছিলেন ট্রুডো। দলনেতার পাশাপাশি প্রধানমন্ত্রী পদ থেকেও ইস্তফা দেওয়ার ইচ্ছের কথা জানান। সেইমতো, সোমবারই ইস্তফা দেন। যদিও পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করে যাবেন বলে জানিয়েছেন ট্রুডো।
প্রধানমন্ত্রীর বিদায়ী ভাষণে ট্রুডো বলেন, ‘অনেক আক্ষেপের কথা মনে আসছে। তবে সবার আগে বলব, ভোটদান পদ্ধতি নিয়ে। এটা পরিবর্তন করতে পারলাম না। চেয়েছিলাম, একই ব্যালটে ভোটাররা প্রথম পছন্দের সঙ্গে দ্বিতীয় ও তৃতীয় পছন্দের ভোট দিক। সেটা হল না।’ ট্রুডো পদত্যাগ করার পর প্রশ্ন উঠছে, কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী কে। উঠে আসছে, কনজারভেটিভ পার্টির নেতা পিয়ের পলিভের নাম।
জাস্টিন ট্রুডো বরাবরই ডোনাল্ড ট্রাম্পের বিরোধী। ২০১৭ সালে ট্রাম্প যখন প্রথমবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন, তখন থেকেই ট্রুডোর সঙ্গে তাঁর সম্পর্ক খারাপ। ৫ বছরের কার্যকালের মেয়াদেও তিক্ততা মেটেনি। গতবছর নির্বাচনে জেতার পর ট্রুডোর সঙ্গে দেখা করেছিলেন ট্রাম্প। তারপর থেকেই কানাডাকে মার্কিন যুক্তরাষ্ট্রের ৫১তম প্রদেশ হিসেবে অন্তর্ভুক্ত করার হুমকি দিচ্ছেন ট্রাম্প।
নিজের সোশ্যাল হ্যান্ডেল ‘ট্রুথ’–এ ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রের ৫১তম প্রদেশ হিসেবে কানাডাকে অন্তর্ভুক্ত করতে চায় সেদেশের বহু মানুষ। কানাডার বাণিজ্য বাবদ ঘাটতি ও ভর্তুকির যন্ত্রণা আমেরিকা আর সহ্য করবে না। ট্রুডো সেটি ভালমতোই জানেন বলেই পদত্যাগ করেছেন।’ ট্রাম্প আরও লিখেছেন, ‘কানাডা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়, তাহলে অতিরিক্ত শুল্ক থাকবে না। করও কমানো হবে। রাশিয়া ও চীনের জাহাজের নজরদারি ও ভীতিপ্রদর্শন থেকেও কানাডা মুক্তি পাবে।’ ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্যের পর কানাডা সরকারের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
❤ Support Us








