Advertisement
  • দে । শ
  • অক্টোবর ৩, ২০২৬

হরমুজে মার্কিন নৌবহরের তৎপরতা, ফের ঊর্ধ্বমুখী তেলের দাম ! কতটা চাপ বাড়ল ভারতের উপর ?

আরম্ভ ওয়েব ডেস্ক
হরমুজে মার্কিন নৌবহরের তৎপরতা, ফের ঊর্ধ্বমুখী তেলের দাম ! কতটা চাপ বাড়ল ভারতের উপর ?

পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে যুদ্ধের আশঙ্কা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর হুঁশিয়ারি দেওয়ার পর থেকেই ওই অঞ্চলের উত্তপ্ত পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। তার মধ্যেই নতুন স্ট্রাইক গ্রুপ-সহ প্রায় ১০ হাজার মার্কিন সেনা পশ্চিম এশিয়ায় মোতায়েনের খবর ঘিরে হরমুজ় প্রণালীতে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। আর তার সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে আন্তর্জাতিক অপরিশোধিত তেলের বাজারে। শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে প্রতি ব্যারেল ১০২ থেকে ১০৬ ডলারের মধ্যে পৌঁছেছে। একই সময়ে মার্কিন ডব্লিউটিআই ক্রুডের দামও বেড়ে প্রতি ব্যারেল ৯২ থেকে ৯৪ ডলারে দাঁড়িয়েছে। উল্লেখ্য, এক ব্যারেলে প্রায় ১৫৯ লিটার তেল থাকে। সঠিক হিসাবে পরিমাণটি ১৫৮.৯৮৭ লিটার, অর্থাৎ ৪২ মার্কিন গ্যালন।

ভারতের ক্ষেত্রে হরমুজ় প্রণালীর পরিস্থিতি বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ, দেশের মোট প্রয়োজনীয় অপরিশোধিত তেলের প্রায় ৯০ শতাংশই বিদেশ থেকে আমদানি করা হয়। ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে সামান্য ওঠানামাও ভারতের অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। ভারতের জন্য ব্রেন্ট ক্রুড গুরুত্বপূর্ণ হলেও এটিই একমাত্র নির্ধারক নয়। ওমান ও দুবাইয়ের অপরিশোধিত তেলের দামও ভারতীয় বাজারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুই ধরনের ক্রুডের দামের ভিত্তিতেই নির্ধারিত হয় ‘ইন্ডিয়ান বাস্কেট’-এর দাম। সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই সেই ‘ইন্ডিয়ান বাস্কেট’-এর দামও উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। মঙ্গলবার প্রতি ব্যারেল ‘ইন্ডিয়ান বাস্কেট’-এর দাম পৌঁছেছে ১১৭.৮ ডলারে। অথচ এক মাস আগে, সেপ্টেম্বরের গোড়ায়, এই দাম ছিল প্রায় ১০৭ ডলারের আশপাশে। অর্থাৎ মাত্র এক মাসের ব্যবধানে প্রতি ব্যারেলে দাম বেড়েছে প্রায় ১০ ডলার। পশ্চিম এশিয়ায় মার্কিন নৌবাহিনীর তৎপরতাও এই পরিস্থিতিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিমানবাহী রণতরী ইউএসএস থিওডর রুজভেল্টের নেতৃত্বে একাধিক যুদ্ধজাহাজ নিয়ে গঠিত একটি ‘স্ট্রাইক গ্রুপ’ গত রবিবার ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো নৌঘাঁটি ছেড়ে পশ্চিম এশিয়ার উদ্দেশে রওনা হয়েছে। এর পরের দিনই ‘মাকিন আইল্যান্ড মেরিন এক্সপেডিশনারি ইউনিট’ বা এমইইউ-ও পশ্চিম এশিয়ার দিকে যাত্রা করে। এই ইউনিটে রয়েছেন ২ হাজারেরও বেশি মার্কিন মেরিন সেনা। প্রকাশিত খবর অনুযায়ী, ওই স্ট্রাইক গ্রুপ এবং নৌবাহিনীর অন্যান্য ইউনিটের সঙ্গে আরও প্রায় ৯ থেকে ১০ হাজার মার্কিন সেনা যুক্ত হতে পারেন। ফলে পশ্চিম এশিয়ায় মার্কিন সামরিক উপস্থিতি নতুন করে উল্লেখযোগ্য ভাবে বাড়তে চলেছে। বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হল হরমুজ় প্রণালী। ইরান-যুদ্ধ শুরু হওয়ার আগে সমুদ্রপথে পরিবাহিত বিশ্বের প্রায় ২৫ শতাংশ তেল পারস্য উপসাগরের এই সরু জলপথ দিয়ে যাতায়াত করত। ইরাক, কুয়েত, বাহরিন এবং কাতার থেকে তেলবাহী জাহাজের ক্ষেত্রে হরমুজ় প্রণালী কার্যত অপরিহার্য। এই দেশগুলির তেল অন্য কোনও সহজ সমুদ্রপথে বের করে আনার সুযোগ নেই। বর্তমানে হরমুজ় প্রণালী পুরোপুরি বন্ধ হয়নি। কিন্তু এই জলপথকে ঘিরে বাড়তে থাকা সামরিক উত্তেজনা এবং ইরানের তরফে কয়েকটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার খবর বিশ্ববাজারে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। তার জেরেই অপরিশোধিত তেলের দাম আবার ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, হরমুজ় প্রণালী দিয়ে তেল পরিবহণ ব্যাহত হলে পশ্চিম এশিয়া থেকে তেল আনার কোনও বিকল্প পথ রয়েছে কি না। সৌদি আরবের ক্ষেত্রে কিছু বিকল্প পথ রয়েছে। লোহিত সাগরের মাধ্যমে তেল পরিবহণ করা সম্ভব। কিন্তু সেই পথেও রয়েছে বড় ঝুঁকি। লোহিত সাগর থেকে দক্ষিণ-পূর্ব দিকে এগোলে পড়ে বাব আল-মান্দেব প্রণালী। এই অঞ্চলে হুথিদের উপস্থিতি রয়েছে এবং সৌদি আরবের তেলবাহী জাহাজকে এই পথে যেতে দেওয়া হবে না বলে তারা আগেই হুঁশিয়ারি দিয়েছে। ফলে এই পথও সম্পূর্ণ নিরাপদ বিকল্প নয়। সৌদি আরবের তেল ভারতে আনার আরও একটি সম্ভাব্য পথ হল সুয়েজ খাল হয়ে ঘুরপথে আসা। লোহিত সাগর দিয়ে বাব আল-মান্দেবের দিকে না গিয়ে উত্তর-পশ্চিমে এগিয়ে সুয়েজ খাল ব্যবহার করা যেতে পারে। তবে এই পথ অত্যন্ত দীর্ঘ। সুয়েজ খাল পেরিয়ে প্রথমে ভূমধ্যসাগরে যেতে হবে। সেখান থেকে জিব্রাল্টার প্রণালী হয়ে প্রবেশ করতে হবে অতলান্তিক মহাসাগরে। এরপর পুরো আফ্রিকা মহাদেশ ঘুরে উত্তমাশা অন্তরীপ পেরিয়ে ভারত মহাসাগরে পৌঁছতে হবে। সেখান থেকে আরব সাগর হয়ে মুম্বই বা গুজরাতে পৌঁছবে তেলবাহী জাহাজ। এই ঘুরপথে যাত্রার সময় প্রায় ১০ থেকে ১৫ দিন পর্যন্ত বেড়ে যেতে পারে। একই সঙ্গে বাড়বে জাহাজ চলাচলের খরচও।

এই পরিস্থিতিতে পশ্চিম এশিয়ায় মোতায়েন মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম যদি নতুন করে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে, তা হলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে হরমুজ় প্রণালী ঘিরে সামরিক উত্তেজনা আরও বাড়লে আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের সরবরাহ নিয়ে নতুন করে সঙ্কট তৈরি হতে পারে। আর ভারত যেহেতু তার প্রয়োজনীয় অপরিশোধিত তেলের প্রায় ৯০ শতাংশই আমদানি করে, তাই আন্তর্জাতিক বাজারে তেলের দামের এই অস্থিরতার প্রভাব ভারতীয় অর্থনীতিতেও পড়ার সম্ভাবনা রয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!