- দে । শ
- ফেব্রুয়ারি ১৩, ২০২৫
চালের দর নিয়ন্ত্রণে আনতে তৎপর খাদ্য দফতর
চালের দর ঊর্ধ্বমুখী। এর পিছনে সিন্ডিকেটের ‘কালো হাত’ আছে কিনা, তা দেখতে তদন্তে নামল ‘ধানের গোলা’ হিসেবে খ্যাত পূর্ব বর্ধমান জেলা খাদ্য দপ্তর। ঠিক হয়েছে, জেলার বিভিন্ন রাইসমিল ও গুদামগুলিতে লাগাতার অভিযান চালানো হবে। এমনকী খুচরো বিক্রেতাদের দোকানেও ‘হানা’ দেওয়া হচ্ছে। জেলাশাসক আয়েশা রানি এ ‘পরিকল্পনামাফিকভাবে চালের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা’র হুঁশিয়ারি দিয়েছেন।
উল্লেখ্য , গত ১ মাসে সব ধরনের চালের দাম বেড়েছে। তার ফলে মধ্যবিত্ত, নিম্নবিত্তদের হেঁসেলে ছ্যাঁকা লাগছে। বিশেষ করে মিনিকিট চালের দর কেজিতে গড়ে ৮ টাকা করে বেড়ে যাওয়ায় বেশি সমস্যায় পড়েছে মধ্যবিত্ত পরিবারগুলি। মাসখানেক আগে যে মিনিকিটের দাম কেজি প্রতি ৫২ টাকা ছিল, এখন তা বেড়ে ৬০ টাকা হয়েছে। গরিবের সহায় মোটা লালস্বর্ণ চালের দামও বেড়েছে। উচ্চমানের গোবিন্দভোগ, বাঁশকাঠি চালের দরও বাড়ছে। এইসব চালের দর নিয়ন্ত্রণে আনতেই তৎপর খাদ্য দপ্তর। তৎপরতার অঙ্গ হিসেবে জেলার রাইস মিল মালিকদের সঙ্গে কথা বলছেন খাদ্য দপ্তরের আধিকারিকরা।
এমনিতে হঠাৎ করে এই দর বৃদ্ধিতে হতবাক সংশ্লিষ্ট মহল। কারণ গত মরশুমে ধানের ফলন খুবই ভাল হয়েছে। বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার জন্য সে দেশেও চাল কম রফতানি হচ্ছে। তাই দাম বাড়ার কোনও যুক্তিসম্মত কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। এই আবহেই প্রশ্ন উঠছে, তবে কি কোনও সিন্ডিকেট ফড়েদের কাজে লাগিয়ে প্রভাব খাটিয়ে ইচ্ছে করে কৃত্রিম সংকট তৈরি করে চালের দর বাড়িয়ে দিচ্ছে? খোঁজখবর নিয়ে জানা গেল, যে হারে চালের দর বাড়ছে, সেই হারে ধানের দর পাননি কৃষকরা। তা সত্ত্বেও চালের ঊর্ধ্বমুখী দরে অন্যরকম ‘গন্ধের তত্ত্ব’ই ক্রমশ দৃঢ় হচ্ছে।
❤ Support Us






