Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ৯, ২০২৫

পুজোর মুখে বঙ্গজুড়ে বৃষ্টির ভ্রুকুটি ! সপ্তাহভর উত্তর ও দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা

আরম্ভ ওয়েব ডেস্ক
পুজোর মুখে বঙ্গজুড়ে বৃষ্টির ভ্রুকুটি ! সপ্তাহভর উত্তর ও দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা

বঙ্গজুড়ে দুর্গাপুজোর প্রস্তুতি তুঙ্গে। প্যান্ডেলে প্যান্ডেলে চলছে শেষ মুহূর্তের কাঠামোর কাজ, আলোর মালা সাজানোর তোড়জোড়। কিন্তু এর মধ্যেই ফের আশঙ্কার কালো মেঘ ঘনাচ্ছে বাংলার আকাশে! সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ—দুই প্রান্তেই ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

হালফিলে কোনো গভীর নিম্নচাপ নেই বঙ্গোপসাগরে। তবু আবহাওয়ার গতিপ্রকৃতি বড়ো বেশি আনকোরা। সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা। দিঘা থেকে শুরু করে রাজস্থান হয়ে তার বিস্তৃতি উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত। সে অক্ষরেখা বেয়ে বঙ্গোপসাগর থেকে বিপুল জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। ফলে বৃষ্টির পরিস্থিতি এখনো অত্যন্ত অনুকূল বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সপ্তাহের শুরু থেকেই উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং-সহ একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার ও মঙ্গলবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। দুই জেলাতেই জারি হয়েছে কমলা সতর্কতা। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি রয়েছে। বুধ, বৃহস্পতি ও শুক্রবার আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুরে বজায় থাকবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। সপ্তান্তেও বৃষ্টির দাপট অব্যাহত থাকতে পারে।

গত কয়েক দিনে দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা নেই বললেই চলে। খটখটে রোদ আর ভ্যাপসা গরমে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। তবে চলতি সপ্তাহে আবহাওয়ার আমূল বদলের বার্তা মিলেছে। সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় যেমন পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই। তবে বুধবার ও বৃহস্পতিবার আবহাওয়ার আচমকা পরিবর্তন ঘটবে। বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি জোরালো হবে। আবহাওয়া অফিস জারি করেছে হলুদ সতর্কতা। শুক্রবার ও শনিবার বৃষ্টির দাপট কিছুটা কমবে দক্ষিণবঙ্গে। তবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা-সহ প্রায় সব জেলাতেই। কলকাতায় গত কয়েক দিন রোদের দাপটে অস্বস্তির পারদ চড়েছে। সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ ৩৩.৬ ডিগ্রি। মঙ্গলবার ভোরে তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে ১.৮ ডিগ্রি বেশি। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ১.৫ ডিগ্রি বেশি। আগামী কয়েকদিনে আর্দ্রতা বাড়বে, ফলে গরমের সঙ্গে অস্বস্তিও থাকবে তীব্র।

অন্যদিকে, আবহাওয়া দফতরের পরিসংখ্যান বলছে, ১ জুন থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত মৌসুমি বর্ষায় রাজ্যে গড় বৃষ্টিপাত হয়েছে ১১৫৪.৪ মিলিমিটার, যা স্বাভাবিকের তুলনায় ৩ শতাংশ বেশি। এর মধ্যে ১৩টি জেলায় বৃষ্টিপাত স্বাভাবিক, ৫টি জেলায় স্বাভাবিকের চেয়ে বেশি এবং বাকি ৫টি জেলায় ঘাটতি রয়েছে। এমত অবস্থায় পুজোর প্রস্তুতিকে বড়ো ধাক্কা দিতে পারে এই বৃষ্টি। শহরের বড়ো বড়ো পুজো কমিটি যেমন প্রস্তুতিতে গতি আনতে চাইছে, তেমনই ছোটো উদ্যোক্তারাও রয়েছেন দুশ্চিন্তায়। কোথাও প্যান্ডেল কাঠামো, কোথাও আলোর সাজ, বৃষ্টির ছোঁয়ায় থমকে যেতে পারে অনেক পরিকল্পনা। ব্যবসার হালও সুবিধার নয়। গড়িয়াহাট, নিউ মার্কেট, হাতিবাগান—সব বাজারেই ক্রেতার সংখ্যা এখনো স্বাভাবিকের থেকে কম। দোকানদাররা বলছেন, ‘ভিড় যতটা হওয়া উচিত ছিল, তার ধারে-কাছেও নেই। আকস্মিক বৃষ্টি হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!